প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শহীদ তারেক হুদা হলের ক্যান্টিনে পরিবেশিত খাবারে তেলাপোকা পাওয়ার অভিযোগ উঠেছে।
বুধবার (২৫ নভেম্বর) দুপুরে খাবার খেতে গিয়ে পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জোসেফ আহমেদ খিচুড়ির সঙ্গে দেয়া মুরগির ঝোলে তেলাপোকা দেখতে পান।
তিনি জানান, দুপুরের খাবারের জন্য তিনি খিচুড়ি ও ডিম কারি নিয়েছিলেন। তবে ডিম কারিতে ঝোল না থাকায় ক্যান্টিনের কর্মীরা তাকে মুরগির তরকারি থেকে ঝোল দেন। সেই ঝোলেই একটি মৃত তেলাপোকা দেখতে পান তিনি। বিষয়টি ক্যান্টিনের কর্মী ও বাবুর্চিদের জানালে তারা দাবি করেন, রান্না শেষ হওয়ার পর পোকাটি উড়ে এসে খাবারে পড়েছে।
ওই শিক্ষার্থী আরও বলেন, 'তেলাপোকাটি রান্নার সময়ই খাবারের মধ্যে ছিল। পরে রান্নাঘরে গিয়ে দেখি সেখানকার পরিবেশও অত্যন্ত অপরিচ্ছন্ন। অবশিষ্ট মুরগির মাংস ফেলে দেয়ার অনুরোধ জানালেও ক্যান্টিন কর্তৃপক্ষ তা না ফেলে অন্য শিক্ষার্থীদের কাছে পরিবেশন করছে।'
একই ক্যান্টিনে এর আগেও বেশ কয়েকবার পচা-বাসি খাবার পরিবেশন এবং খাবারে পোকা পাওয়ার অভিযোগ করেন ওই হলের আবাসিক শিক্ষার্থীরা।
এ বিষয়ে জানতে চাইলে শহীদ তারেক হুদা হলের ক্যান্টিন মালিক মো. গফুর বলেন, 'আমরা জেনেশুনে কাউকে খারাপ কিছু খাওয়ানোর পক্ষে নই। পরিষ্কার-পরিচ্ছন্নভাবে খাবার তৈরি ও পরিবেশনের চেষ্টা করি। তবে মাঝেমধ্যে ভুলবশত কিছু ছোটোখাটো ত্রুটি হয়ে যেতে পারে।'
ভবিষ্যতে এ ধরনের বিষয়ে আরও সতর্ক থাকার আশ্বাস দিয়ে তিনি বলেন, ক্যান্টিনের সব কর্মচারীকে ডেকে বিষয়টি জানানো হবে এবং এ বিষয়ে সতর্ক করা হবে।
এ বিষয়ে শহীদ তারেক হুদা হলের সহকারী প্রভোস্ট ফরহাদ হোসেন বলেন, 'খাবারে তেলাপোকা বা নিম্নমানের উপকরণ ব্যবহারের বিষয়ে এটিই তার কাছে প্রথম অভিযোগ। এর আগে ক্যান্টিন মালিকের চাহিদার পরিপ্রেক্ষিতে হল প্রশাসন রান্নাঘর ও ধোয়ামোছার স্থান সম্প্রসারণ করেছে। শিক্ষার্থীদের স্বাস্থ্যকর খাবার নিশ্চিত করতে হল কর্তৃপক্ষ নিয়মিত তদারকি করে থাকে।'
তিনি আরও বলেন, 'শিক্ষার্থীরা এ ধরনের সমস্যার মুখোমুখি হলে তাৎক্ষণিকভাবে হল কর্তৃপক্ষকে জানালে দ্রুত ব্যবস্থা নেয়া সম্ভব হতো। বিষয়টি নিয়ে হল প্রভোস্টের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেয়া হবে। পাশাপাশি ক্যান্টিনের নতুন টেন্ডার প্রক্রিয়াও চলমান রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন