প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ভোটকোশি নদীর বন্যা এবং রপ্তানি অনুমোদন পেতে বিলম্বের মতো বিভিন্ন প্রতিবন্ধকতা সত্ত্বেও নেপাল চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসে ভারত ও বাংলাদেশে ২০.৪৮ বিলিয়ন নেপালি রুপির বিদ্যুৎ রপ্তানি করেছে। গত অর্থবছরের একই সময়ের তুলনায় এ আয় বৃদ্ধি পেয়েছে।
নেপাল ইলেকট্রিসিটি অথরিটি (এনইএ) জুলাইয়ের মাঝামাঝি থেকে নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত উদ্বৃত্ত বিদ্যুৎ বিক্রি করে ২০.৪৮৩৭ বিলিয়ন রুপি আয় করেছে। আগের অর্থবছরের একই সময়ে এই আয়ের পরিমাণ ছিল ১৭.৯২৫৪ বিলিয়ন রুপি। বর্ষা মৌসুমে নদীগুলোতে পানির প্রবাহ বৃদ্ধি পাওয়ায় জলবিদ্যুৎ উৎপাদন বাড়ে। দেশের অভ্যন্তরীণ চাহিদা মেটানোর পর অতিরিক্ত বিদ্যুৎ রপ্তানি করেই এ আয় অর্জিত হয়েছে। এনইএ 'ইন্ডিয়ান এনার্জি এক্সচেঞ্জ'-এর ডে-অ্যাহেড এবং রিয়েল-টাইম মার্কেটে প্রতিযোগিতামূলক বিডিংয়ের মাধ্যমে ভারতে উদ্বৃত্ত বিদ্যুৎ বিক্রি করে। এছাড়া, মধ্যমেয়াদী দ্বিপাক্ষিক বিদ্যুৎ চুক্তির আওতায় সাধারণত জুন থেকে অক্টোবর মাস পর্যন্ত ভারতের হরিয়ানা ও বিহার রাজ্যে বিদ্যুৎ সরবরাহ করে নেপাল।
বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি নেপাল, ভারত ও বাংলাদেশের বিদ্যুৎ কর্তৃপক্ষের মধ্যে একটি ত্রিপক্ষীয় চুক্তির অধীনে হয়। ভারতের সঞ্চালন লাইন (ট্রান্সমিশন নেটওয়ার্ক) ব্যবহার করে নেপাল প্রতি বছর ১৫ জুন থেকে ১৫ নভেম্বর পর্যন্ত বাংলাদেশে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করে। ভারতে বিক্রি হওয়া বিদ্যুতের মূল্য ভারতীয় রুপিতে পরিশোধ করা হয়, আর বাংলাদেশ অর্থ পরিশোধ করে মার্কিন ডলারে।
তবে, বন্যার কারণে ভোটকোশি করিডোরের জলবিদ্যুৎ কেন্দ্র ও সঞ্চালন অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় এ বছরের রপ্তানি কার্যক্রম বাধাগ্রস্ত হয়েছে। গত ২৬ আগস্ট ভোটকোশি নদীর বন্যায় চিলিমে, ত্রিশূলী এবং দেবীঘাট জলবিদ্যুৎ কেন্দ্রগুলো ক্ষতিগ্রস্ত হয়—যেগুলো ভারত ও বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহের জন্য অনুমোদিত ছিল। এই ক্ষয়ক্ষতির পর বিদ্যুৎ রপ্তানি সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।
বর্ষা মৌসুমে নেপাল প্রায় ১,০০০ মেগাওয়াট বিদ্যুৎ রপ্তানি করছিল, কিন্তু দুর্যোগের পর তা কমে প্রায় ৬৫০ মেগাওয়াটে নেমে আসে। এই বন্যায় অন্যান্য বিদ্যুৎ প্রকল্পও ক্ষতিগ্রস্ত হয় এবং বিদ্যুৎ উৎপাদন ও সঞ্চালন ব্যাহত হয়।
ভারত বিকল্প প্রকল্পগুলোর অনুমোদন দিলে ২৩ অক্টোবর থেকে পুনরায় রপ্তানি শুরু হয়। ক্ষতিগ্রস্ত কেন্দ্রগুলোর পরিবর্তে সোলু, কাবেলি-১ এবং লোয়ার মোদি জলবিদ্যুৎ প্রকল্প থেকে উৎপাদিত বিদ্যুৎ রপ্তানির ছাড়পত্র মেলে। এর ফলে বাংলাদেশ এবং ভারতের হরিয়ানা রাজ্যে পুনরায় বিদ্যুৎ সরবরাহ শুরু করা সম্ভব হয়।
এনইএ-এর নির্বাহী পরিচালক দীর্ঘায়ু কুমার শ্রেষ্ঠ জানান, ত্রিশূলী (২৬ আগস্ট) এবং কালীগণ্ডকী নদীর (১১ অক্টোবর) বন্যায় বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র এবং সঞ্চালন অবকাঠামো—উভয়ই ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে কিছু প্রকল্পে উৎপাদন বন্ধ হয়ে যায় এবং রপ্তানি প্রভাবিত হয়।
শ্রেষ্ঠ বলেন, “রপ্তানির জন্য অনুমোদিত কিছু প্রকল্প ক্ষতিগ্রস্ত হওয়া সত্ত্বেও, দেশের অভ্যন্তরীণ চাহিদা মেটানোর পর উদ্বৃত্ত থাকা উল্লেখযোগ্য পরিমাণ বিদ্যুৎ রপ্তানি করতে কর্তৃপক্ষ সক্ষম হয়েছে।”
বিদ্যুৎ রপ্তানি থেকে নেপালের এই ক্রমবর্ধমান আয় দেশটির একটি মৌসুমি বিদ্যুৎ রপ্তানিকারক হিসেবে উঠে আসার প্রতিফলন। বর্ষাকালে জলবিদ্যুৎ উৎপাদন বাড়ে এবং দেশের অভ্যন্তরীণ চাহিদার তুলনায় সরবরাহ বেশি থাকে। তবে শুষ্ক মৌসুমে নদীতে পানির প্রবাহ কমে যাওয়ায় বিদ্যুৎ উৎপাদন হ্রাস পায় এবং তখন দেশটিকে ভারতের আমদানি কৃত বিদ্যুতের ওপর নির্ভর করতে হয়।
গত অর্থবছরে রাষ্ট্রায়ত্ত এই বিদ্যুৎ সংস্থাটি ভারত ও বাংলাদেশে ২৯.৩১ বিলিয়ন রুপির বিদ্যুৎ রপ্তানি করেছিল এবং ১০.৫৬ বিলিয়ন রুপির বিদ্যুৎ আমদানি করেছিল। এই বাণিজ্য উদ্বৃত্ত বৈদেশিক মুদ্রা অর্জনের উৎস হিসেবে বিদ্যুতের ভূমিকাকে আরও শক্তিশালী করেছে। যদিও নেপালের বিদ্যুৎ বিক্রির সক্ষমতা এখনো ভারতের বাজারে প্রবেশাধিকার এবং প্রকল্প-ভিত্তিক অনুমোদনের ওপর নির্ভরশীল। সূত্রঃ দ্য কাঠমান্ডু পোস্ট
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন