প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশের মানচিত্রের দক্ষিণ প্রান্তে বঙ্গোপসাগরের কোলঘেঁষে অবস্থিত ভোলা দেশের একমাত্র দ্বীপ জেলা। মেঘনা ও তেঁতুলিয়া নদীর বিশাল মোহনায় পলি জমে গঠিত এই দ্বীপটি প্রকৃতির এক অপার সুষমামণ্ডিত ক্যানভাসের মতো। চারপাশে পানির খেলা, অন্তহীন আকাশ এবং সবুজ ম্যানগ্রোভ বনের মিতালি ভোলা উপকূলকে রূপের এক অভয়ারণ্যে পরিণত করেছে।
ভোলার উপকূলীয় অঞ্চল মানেই পানি ও স্থলের অন্তহীন মিতালি। উত্তাল মেঘনা এবং প্রমত্তা তেঁতুলিয়া নদী এই জেলাকে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন করে রেখেছে, কিন্তু এর বুক চিরে বয়ে চলা ছোট-বড় শাখা নদী ও জালের মতো ছড়িয়ে থাকা আঁকা বাঁকা খালের সৌন্দর্য একে জাদুকরী রূপে রূপান্তরিত করেছে। এখানকার জোয়ার-ভাটার, নদী পাড়ের মানুষের জীবনযাত্রা এবং লবণাক্ত বাতাসের গন্ধ এক ভিন্ন পরিবেশের সৃষ্টি করে।
উপকূলীয় ভোলার সবচেয়ে বড় আকর্ষণ হলো সবুজ বনায়ন। প্রাকৃতিক দুর্যোগ থেকে দ্বীপটিকে রক্ষা করতে গড়ে ওঠা এই বনাঞ্চল আজ নিজেই একটি স্বতন্ত্র বাস্তুতন্ত্র হিসেবে পরিচিত। চর কুকরি-মুকরি, ভোলার মুকুটহীন রত্ন বলা চলে এই চরটিকে। এখানকার বালিয়াচ্ছাদিত সৈকত এবং বনের ছায়ায় গড়ে উঠেছে বিশাল বন্যপ্রাণীর অভয়ারণ্য, যেখানে জীববৈচিত্র্য, হরিণ, বানর, উদবিড়াল এবং নাম না জানা শত প্রজাতির পাখির কলকাকলীতে মুখরিত থাকে চারপাশ। শীতের মৌসুমে সাইবেরিয়া ও অন্যান্য শীতল অঞ্চল থেকে আসা হাজার হাজার অতিথি পাখির ডানার ঝাপটায় উপকূলের আকাশ মুখরিত হয়।
বালুর চরে ঝাঁকে ঝাঁকে লাল কাঁকড়ার দল ঘুরে বেড়ানো এবং বালুর ওপর চমৎকার আলপনা তৈরি করা প্রকৃতির এক অপূর্ব দৃশ্য, কেওড়া ও গেওয়া বন, সবুজ পাতার অরণ্য এবং গাছের শ্বাসমূলের অদ্ভুত গঠন প্রকৃতির রূপকে আরো রহস্যময় করে তোলে। মনপুরা দ্বীপ, যা মূল ভোলা থেকে আরো গভীরে অবস্থিত, যেন রূপকথার কোনো দ্বীপ। এখানকার সবুজ মাঠ, নদীর চরে ছুটে চলা মহিষের পাল এবং গোধূলি বেলার আকাশ পর্যটকদের মন কেড়ে নেয়।
তজুমদ্দিন ও চর নিজাম, এখানকার নিরিবিল সৈকত এবং সূর্যাস্তের দৃশ্য যেকোনো ভ্রমণপিপাসুর ক্লান্তি দূর করতে সক্ষম। জেলেরা নদীর বুকে রঙবেরঙের পালতোলা নৌকা নিয়ে মাছ ধরার দৃশ্য উপকূলীয় সংস্কৃতির এক জীবন্ত দলিল। প্রকৃতির এই অপার সৌন্দর্যের আড়ালে লুকিয়ে আছে এখানকার মানুষের নিরন্তর জীবনসংগ্রাম। নদীভাঙন, জলোচ্ছ্বাস এবং সাইক্লোনের মতো প্রাকৃতিক দুর্যোগকে নিত্যদিনের সঙ্গী করেই ভোলা উপকূলের মানুষ বেঁচে থাকে। তবুও তাদের মন বড় উদার। অতিথিপরায়ণতা, সুস্বাদু ইলিশ মাছের ঘ্রাণ এবং স্থানীয় সংস্কৃতির সরলতা এই অঞ্চলের সামাজিক রূপকে সমৃদ্ধ করেছে।
ভোলার উপকূল কেবল একটি ভৌগোলিক ভূখণ্ড নয়, এটি বাংলা মায়ের এমন এক রূপ, যা একাধারে স্নিগ্ধ ও রুদ্র, শান্ত ও উত্তাল। প্রাকৃতিকভাবে সুরক্ষাবলয় তৈরি করা এই উপকূলীয় অরণ্য আমাদের জাতীয় সম্পদ। যথাযথ সংরক্ষণ এবং টেকসই পর্যটন ব্যবস্থার মাধ্যমে এই রূপের অভয়ারণ্য টিকে থাকুক যুগ যুগ ধরে— এটাই উপকূলবাসীর প্রাণের দাবি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন