প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এবং তার জ্যেষ্ঠ উপদেষ্টাদের উপর ধমক দিয়েছেন এক অজ্ঞাতনামা সেনা, যিনি সমাধিসৌধের দায়িত্বে ছিলেন। ভেটেরানস ডে উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের পর স্মৃতিসৌধের সামনে হাসাহাসি ও কথাবার্তায় মেতে ওঠায় ওই সেনাসদস্য তাদের সতর্ক করেন।
এটি বুধবার (১১ নভেম্বর) যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় অবস্থিত আর্লিংটন জাতীয় সমাধিক্ষেত্রে ঘটে। ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে প্রকাশ্যে এসেছে।
ভিডিওতে দেখা যায়, হেগসেথ এবং তার সঙ্গে থাকা ব্যক্তিরা স্মৃতিসৌধের সামনে ছবি তোলার পর হাসাহাসি ও কথাবার্তা বলছিলেন। এ সময় টহলরত এক সেনাসদস্য তাদের উদ্দেশে উচ্চস্বরে বলেন, ‘সব দর্শনার্থীকে সব সময় নীরবতা ও সম্মানের পরিবেশ বজায় রাখতে হবে।’
হেগসেথের সঙ্গে ছিলেন তার স্ত্রী জেনিফার, চিফ অব স্টাফ রিকি বুরিয়া, ডেপুটি চিফ অব স্টাফ প্যাট্রিক উইভার এবং জ্যেষ্ঠ উপদেষ্টা ও ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ট্যামি রাডাবাও।
ঘটনার বিষয়ে মন্তব্য করতে গিয়ে পেন্টাগনের প্রধান মুখপাত্র শন পারনেল বলেন, সেনাসদস্য যথাযথভাবে ও সম্মানের সঙ্গে সবাইকে শিষ্টাচার বজায় রাখার কথা স্মরণ করিয়ে দিয়েছেন।
তিনি বলেন, ‘দেশকে নিরাপদ রাখতে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সদস্যরা যে আত্মত্যাগ করেছেন, প্রতিরক্ষামন্ত্রী ও পুরো প্রতিরক্ষা বিভাগ সব সময় সেই আত্মত্যাগের প্রতি সম্মান জানিয়েছে এবং ভবিষ্যতেও জানাবে। এই মর্যাদাপূর্ণ দিনটি পালনের সময় একজন সেনাসদস্য যথাযথভাবে সবাইকে শিষ্টাচার বজায় রাখার কথা মনে করিয়ে দিয়েছেন।’
যুক্তরাষ্ট্রের অন্যতম পবিত্র যুদ্ধস্মৃতিসৌধ হিসেবে পরিচিত টম্ব অব দ্য আননোন সোলজার। এটি প্রথম বিশ্বযুদ্ধে নিহত এক অজ্ঞাতনামা মার্কিন সেনার সমাধিকে কেন্দ্র করে নির্মিত। ১৯৪৮ সাল থেকে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর থার্ড ইনফ্যান্ট্রি রেজিমেন্টের সদস্যরা দিন-রাত, বৃষ্টি কিংবা রোদ—সব পরিস্থিতিতে স্মৃতিসৌধটি পাহারা দিয়ে আসছেন।
ভেটেরানস ডে উপলক্ষে আর্লিংটন জাতীয় সমাধিক্ষেত্রে আয়োজিত অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও উপস্থিত ছিলেন।
এদিকে সাম্প্রতিক দিনগুলোতে অভিশংসনের উদ্যোগের কারণে হেগসেথ নতুন করে চাপের মুখে ছিলেন। রিপাবলিকান দলের বিদায়ী কংগ্রেস সদস্য থমাস ম্যাসি তার বিরুদ্ধে অভিশংসনের প্রস্তাব উত্থাপন করেছিলেন। তবে মঙ্গলবার রাতে এক প্রক্রিয়াগত ভোটে রিপাবলিকানরা সেই উদ্যোগ আটকে দেন। এরপর হেগসেথ এবং তার সমর্থকেরা এটিকে নিজেদের অবস্থানের পক্ষে বিজয় হিসেবে তুলে ধরেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন