প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
॥ ওমর ফারুক ॥
রাজশাহী, ২১ নভেম্বর ২০২৬ : তানোর উপজেলার ময়েনপুর গ্রামে অবস্থিত প্রায় ৪০০ বছর বয়সি যুগলবন্দি বট ও পাকুড় গাছ বর্তমানে পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় স্থান হয়ে উঠেছে। এই যুগলবন্দি গাছকে কেন্দ্র করে এলাকায় বিভিন্ন রহস্য ও লোককথার প্রচলন রয়েছে। প্রকৃতির এই বিস্ময়কর যুগল এখন প্রকৃতিপ্রেমীদের মনোযোগ আকর্ষণ করছে।
মুন্ডুমালা পৌর এলাকার ময়েনপুর গ্রামের প্রাচীন বট ও পাকুড় গাছ রাস্তার দুই পাশে বিস্তৃত। বিশাল শাখা-প্রশাখা এবং মাটি স্পর্শকারী ঝুড়ি-শিকড়ের জাল যেন এই স্থানটিকে স্নেহের ছায়ায় আবৃত করে রেখেছে। বাতাসে পাতার মর্মর ধ্বনি এবং শান্ত গ্রামীণ পরিবেশ এক মায়াময় আবহ তৈরি করছে।
স্থানীয়দের মতে, প্রায় ৪০০ বছর পুরোনো এই যুগল বৃক্ষ একসময় রহস্যময় স্থান হিসেবে পরিচিত ছিল, তবে এখন এটি স্থানীয় দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হচ্ছে।
ময়েনপুর গ্রামে ঘুরে দেখা যায়, এটি কেবল একটি বটগাছ নয়, বরং বট ও পাকুড় গাছের একটি বিরল যুগলবন্দি। গ্রামের প্রবীণ ও মধ্যবয়সী বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, এই গাছ দুটিকে ঘিরে প্রজন্মের পর প্রজন্ম ধরে নানা লোককথা ও জনশ্রুতি প্রচলিত রয়েছে।
গ্রামের প্রবীণ বাসিন্দা সাবের হোসেন বাসস’কে জানান, ‘ছোটোবেলায় এই পাকুড় গাছকে ঘিরে আমরা নানা ভীতিকর কথা শুনেছি। অনেক মা-বাবা বা মুরুব্বি এই গাছের ভয় দেখিয়ে শিশুদের ঘুম পাড়াতেন। প্রায় ৩০ বছর আগে, দিনের বেলাতেও অনেকে এই পাকুড় গাছের পাশে একা যেতে ভয় পেতেন।’
তিনি আরও বলেন, সময়ের সাথে সাথে মানুষের ধারণা পরিবর্তিত হয়েছে। কুসংস্কার ও ভয়ের জায়গাটি এখন কৌতূহল ও প্রকৃতির প্রতি ভালোবাসায় পরিণত হয়েছে। বর্তমানে আশপাশের এলাকা থেকে মানুষ গাছ দুটি দেখতে আসেন। প্রকৃতির শীতল ছায়ায় প্রাণ জুড়ান এবং মুঠোফোন বা ক্যামেরায় ছবি তোলেন। জনসমাগম বেড়ে যাওয়ায় এলাকায় বেশ কয়েকটি দোকানও গড়ে উঠেছে। গ্রামবাসী ও দর্শনার্থীরা সেখানে চা খান, যা কিছু মানুষের কর্মসংস্থান সৃষ্টি করেছে।
গাছ দুটির প্রকৃত বয়স সম্পর্কে সুনির্দিষ্ট কোনো দালিলিক প্রমাণ বা জরিপ নেই। স্থানীয় বেশিরভাগ প্রবীণদের মতে, গাছ দুটির বয়স আনুমানিক ৪০০ বছর। কিছু লোকের মতে, এর বয়স আরও বেশি।
স্থানীয় বাসিন্দা সুমন আলী জানান, ‘আমরা ছোটোবেলা থেকেই গাছগুলোকে এমন বিশাল আকারে দেখে আসছি। সঠিক বয়স কেউ নিশ্চিত করে বলতে পারেন না। তবে অনেকের মতে, এই পাকুড় ও বট গাছের বয়স ৫০০ বছরও হতে পারে। আমাদের এলাকায় এত পুরোনো গাছ আর নেই।’
প্রত্নতত্ত্ব ও ইতিহাস গবেষকদের মতে, প্রাচীন বট বা পাকুড় গাছ প্রায়ই কোনো পুরোনো জনপদ, বাণিজ্যপথ বা গ্রামীণ স্মৃতির নীরব সাক্ষী হিসেবে টিকে থাকে।
স্থানীয় বাসিন্দা শামিম বলেন, প্রায়ই দূর-দূরান্ত থেকে লোকজন গাছটি দেখতে আসে এবং ছবি তোলে। পরিবেশটি খুব সুন্দর ও শান্ত। যাতায়াত ব্যবস্থার উন্নয়ন, পর্যটকদের বিশ্রামের ব্যবস্থা এবং সঠিক রক্ষণাবেক্ষণ করা গেলে এটি সহজেই আশপাশের মানুষের জন্য একটি জনপ্রিয় অবকাশকেন্দ্রে পরিণত হতে পারে।
ময়েনপুর গ্রামের এই প্রাচীন বট ও পাকুড় গাছ এখন আর কেবল ভয়ের বা লোককথার অংশ নয়। বরং এটি প্রকৃতি, ঐতিহ্য এবং গ্রামীণ সম্ভাবনার একটি জীবন্ত নিদর্শন হয়ে উঠেছে।
প্রত্নতত্ত্ব অধিদপ্তরের রাজশাহী ও রংপুর আঞ্চলিক কার্যালয়ের পরিচালক একেএম সাইফুর রহমান মন্তব্য করেন, কোনো গাছের বয়স ৪০০ বা ৫০০ বছর কি না, তা কেবল লোককথায় নির্ধারণ করা সম্ভব নয়। বৈজ্ঞানিক পদ্ধতি, উদ্ভিদবিজ্ঞানীদের পর্যবেক্ষণ এবং সংশ্লিষ্ট এলাকার ইতিহাস বিশ্লেষণের মাধ্যমে যাচাই করা সম্ভব। তবে এত প্রাচীন বৃক্ষ প্রাকৃতিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ। এটি উদ্ভিদ বিজ্ঞানীরা ভালো বলতে পারবেন। এটি সরাসরি আমরা দেখিনি। দেখার পর মন্তব্য করতে পারবো।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন