প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
॥ ফারাজী আহম্মদ রফিক বাবন ॥
নাটোর, ২৫ নভেম্বর ২০২৬ : প্রকৃতিতে শীতের আগমনের সংকেত দিতে শুরু করেছে হেমন্তের দিনগুলো। এই শীতের আগমনের সাথে সাথে চলনবিল পাখির অভয়াশ্রমে পরিণত হয়েছে। দেশীয় এবং পরিযায়ী পাখির কলকাকলিতে মুখরিত হয়ে উঠেছে চারপাশ। সোনালি ফসলের মাঠের পোকা এবং বিস্তীর্ণ জলাভূমির মাছ, কাঁকড়া ও শামুক পাখিদের প্রিয় খাদ্য হিসেবে কাজ করছে। এসব খাবারের সন্ধানে চলনবিল এখন পাখিদের জন্য একটি আদর্শ বিচরণ ভূমি হয়ে উঠেছে।
দেশের সর্ববৃহৎ চলনবিল নাটোর, পাবনা, সিরাজগঞ্জ এবং নওগাঁ জেলার ১২টি উপজেলায় বিস্তৃত, যার আয়তন এক হাজার বর্গ কিলোমিটারের বেশি ছিল। বর্তমানে এই বিলের আয়তন সংকুচিত হয়ে ৩৬০ বর্গকিলোমিটারে দাঁড়িয়েছে। চলনবিলের কেন্দ্রে নাটোরের সিংড়া উপজেলা অবস্থিত।
চলনবিলের দেশীয় পাখির মধ্যে সাদা বক, পানকৌড়ি, ডাহুক, মাছরাঙা এবং ঘুঘু উল্লেখযোগ্য সংখ্যায় দেখা যায়। পরিযায়ী পাখির মধ্যে বালিহাঁস, শামুকখোল, রাজসরালি এবং কাদাখোঁচা রয়েছে।
এখন সোনালি ধানের আবাদি জমি সজীব হয়ে উঠেছে। সোনালি ধানের ক্ষেতে মাজরা পোকা, পাতা মোড়ানো পোকা, শীষকাটা পোকা এবং পোকাদের লার্ভা পাখিদের খাদ্য হিসেবে কাজ করছে। পাশাপাশি বিস্তীর্ণ জলাভূমিতে পানির পরিমাণ কমে যাওয়ায় জলাধারের মাছ, কাঁকড়া এবং শামুক পাখিদের জন্য প্রিয় খাবার হয়ে উঠেছে।
পাখিদের দলবেঁধে উড়তে থাকা, আবাদি জমি কিংবা জলাভূমিতে অবাধ বিচরণ প্রকৃতিকে অপূর্ব এক সৌন্দর্য প্রদান করেছে। পাখিদের এই সহাবস্থান পাখিপ্রেমীদের মনে আনন্দের সঞ্চার করছে। চলনবিলের নৈসর্গিক সৌন্দর্য পাখি ছাড়া যেন অসম্পূর্ণ।
তবে শিকারিদের আক্রমণে পাখিদের মাঝে মাঝে প্রাণ দিতে হচ্ছে। সুযোগ সন্ধানী শিকারিরা পাখিদের গান কেড়ে নিচ্ছে। হঠাৎ পাখির কলতান ভয়ার্ত ধ্বনিতে পরিণত হচ্ছে। পাখি শিকারে ব্যবহৃত হচ্ছে কারেন্ট জাল এবং বিশেষ ফাঁদ ‘কিল্লাঘর’। এয়ার গানও সীমিত পরিমাণে ব্যবহার করা হচ্ছে।
পাখি শিকার রোধে উপজেলা প্রশাসন এবং চলনবিলের জীববৈচিত্র্য রক্ষায় সক্রিয় সংগঠন কাজ করছে। স্থানীয় প্রশাসন ও জীববৈচিত্র্য রক্ষাকারী সংগঠনগুলো বিভিন্ন জনসচেতনতামূলক কার্যক্রম গ্রহণ করেছে। পাখি ও চলনবিলের জীববৈচিত্র্য রক্ষায় সংগঠনগুলো নিয়মিত উঠান বৈঠক, পথসভা, লিফলেট বিতরণ এবং অভিযান পরিচালনা করছে।
সম্প্রতি চলনবিল সংলগ্ন এলাকায় পরিচালিত অভিযানে উদ্ধার করা শত শত পাখি অবমুক্ত করা হয়েছে। শত শত মিটার কারেন্ট জাল এবং কিল্লা ফাঁদ জব্দ করে আগুনে পুড়িয়ে ফেলা হয়েছে। শিকারিদের বিরুদ্ধে কারাদণ্ড ও আর্থিক দণ্ড প্রদান করা হয়েছে। দুইটি এয়ার গানও জব্দ করা হয়েছে।
উপজেলা প্রশাসন তিনজন পাখি শিকারিকে একদিনের কারাদণ্ড ও দুই হাজার টাকা করে জরিমানা করেছে, তিনজনকে দুই মাসের কারাদণ্ড ও দুই হাজার টাকা করে জরিমানা, একজনকে সাত হাজার টাকা জরিমানা এবং অপরজনকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া উত্তরের জেলা থেকে আগত নৃ-জনগোষ্ঠীর শিকার করা পাখিদের খাদ্য হিসেবে ব্যবহৃত তিন টন শামুক ও ঝিনুক জব্দ করে চলনবিলে অবমুক্ত করা হয়েছে। তিন শামুক শিকারিকে সাতদিন করে কারাদণ্ড প্রদান করা হয়েছে।
সিংড়া উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদুল হাসান জানিয়েছেন, চলনবিলের পাখি আবাদি জমি থেকে ক্ষতিকর পোকামাকড় শিকার করে কৃষকের বন্ধু হিসেবে কাজ করে। তাই তাদের হত্যা করা কৃষির জন্য ক্ষতিকর।
চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম বাসস’কে জানিয়েছেন, এক যুগের বেশি সময় ধরে তারা পাখিদের সুরক্ষায় কাজ করছেন। বিলের দুর্গম এলাকায় গিয়ে জনসচেতনতা সৃষ্টি, পাখি শিকারিদের বিরুদ্ধে অভিযান পরিচালনা এবং পাখি শিকারের প্রস্তুতির তথ্য জানালে তথ্যদাতাকে উপহার প্রদান করা হচ্ছে। যাতে সাধারণ মানুষও পাখিদের রক্ষায় অনুপ্রাণিত হয়।
চলনবিলের পাখি রক্ষায় প্রশাসনেরও রয়েছে সক্রিয় অবস্থান এবং সতর্ক দৃষ্টি। প্রশাসনিক কাজের ফাঁকে ফাঁকে পাখি শিকার রোধে উদ্বুদ্ধকরণ কার্যক্রম চলছে। সম্প্রতি গুলতি হাতে মার্বেল দিয়ে পাখি মারতে নিশানা করছিল স্কুলের কয়েকজন শিক্ষার্থী। সহকারী কমিশনার (ভূমি) নিশাত আনজুম শিক্ষার্থীদের বলেন, ‘পাখি আমাদের পরম বন্ধু। তাদের ক্ষতি করলে আমাদেরই ক্ষতি।’ তার এই কথায় উদ্বুদ্ধ হয়ে সব শিক্ষার্থী গুলতি ও মার্বেল জমা দিয়ে আর কখনো পাখি শিকার না করার অঙ্গীকার করেছে।
সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাত বাসস’কে জানিয়েছেন, চলনবিল এখন পাখির কলতানে মুখরিত। এই সৌন্দর্য উপভোগে প্রচুর দর্শনার্থীর আগমন ঘটছে। পাখিদের সুরক্ষায় চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সচেতনতামূলক কার্যক্রম এবং অভিযানে প্রশাসন সহযোগিতা করছে। পাখি শিকারিদের আইনের আওতায় আনা হচ্ছে। চলনবিল পাখিদের খাদ্যের প্রাচুর্যময় একটি এলাকা। তাই এখানে পাখিদের অভয়াশ্রম গড়ে তুলতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করতে যাচ্ছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন