প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চট্টগ্রামের সাতকানিয়ায় গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের পাশাপাশি নেপথ্যে অর্থ জোগানদাতাদের শনাক্ত করে আইনের মুখোমুখি করার হুঁশিয়ারি দিয়েছেন চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী।
তিনি উল্লেখ করেন, গ্রামীণ ব্যাংকে হামলা চালিয়ে অগ্নিসংযোগ করা শুধুমাত্র সাহসের বিষয় নয়, বরং এটি চরম দুঃসাহস। যারা এ ঘটনার সঙ্গে জড়িত এবং যারা পেছন থেকে অর্থের জোগান দিচ্ছে, তাদের প্রত্যেককে শনাক্ত করে আইনের মুখোমুখি করা হবে।
শুক্রবার দুপুরে সাতকানিয়া পৌর সদরে দুর্বৃত্তদের অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত গ্রামীণ ব্যাংকের কার্যালয় পরিদর্শনকালে তিনি এসব মন্তব্য করেন।
শাহজাহান চৌধুরী আরও বলেন, গ্রামীণ ব্যাংক শুধুমাত্র নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের ব্যাংক নয়, বরং এর সঙ্গে জাতিসংঘও জড়িত। তিনি বলেন, "আমি বেঁচে থাকতে যারা এ ধরনের দুঃসাহস দেখিয়েছে, তারা আইনের হাত থেকে রেহাই পাবে না।"
তিনি এ ঘটনার পর স্বরাষ্ট্রমন্ত্রী ও চট্টগ্রামের পুলিশ সুপারের (এসপি) সঙ্গে কথা বলেছেন এবং আশা প্রকাশ করেন, খুব দ্রুত সময়ের মধ্যে অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
পরিদর্শনকালে গ্রামীণ ব্যাংকের সাতকানিয়া এরিয়া ম্যানেজার মাহবুবুর রহমান ও ঢেমশা শাখার ব্যবস্থাপক মীর লায়েক আলী সংসদ সদস্যকে অগ্নিসংযোগের পুরো ঘটনা ও ক্ষয়ক্ষতির বিবরণ দেন। এ সময় তিনি তাঁদের কথা শোনেন এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
এ সময় সাতকানিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. জসিম উদ্দিন, সাতকানিয়া পৌরসভা জামায়াতের আমির অধ্যক্ষ হামিদ উদ্দিন আজাদ ও অ্যাডভোকেট জমির উদ্দিনসহ স্থানীয় জামায়াতের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ১৭ নভেম্বর দিবাগত রাতে সাতকানিয়া পৌর সদরে অবস্থিত গ্রামীণ ব্যাংকের কার্যালয়ের প্রধান ফটকে দুর্বৃত্তরা পেট্রোল বোমা নিক্ষেপ করে অগ্নিসংযোগ করে। ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের তাৎক্ষণিক তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন