প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রংপুর জেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক আল মামুন মন্তব্য করেছেন যে, সরকারের পতন আগামী ছয় মাসের মধ্যে ঘটতে পারে যদি সরকার জনগণের আস্থা ও বিশ্বাস ধরে রাখতে ব্যর্থ হয় এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি অব্যাহত থাকে।
তিনি উল্লেখ করেন, সারের সিন্ডিকেটের কারণে সাধারণ কৃষকরা প্রয়োজনীয় সার সময়মতো পাচ্ছেন না। প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আহ্বান জানিয়ে আল মামুন বলেন, "কৃষকদের স্বার্থে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে।" তিনি আরও বলেন, "কৃষকদের কাছে সার পৌঁছে দিতে ব্যর্থ হলে কৃষিমন্ত্রীর পদত্যাগ নিশ্চিত করতে হবে।"
মঙ্গলবার রাতে বদরগঞ্জ উপজেলায় আওয়ামী লীগের ফ্যাসিবাদী কর্মকাণ্ড, উৎখাতের দাবি এবং ককটেল ও বোমা হামলার প্রতিবাদে এনসিপির বিক্ষোভ ও মশাল মিছিল শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।
মশাল মিছিলটি বদরগঞ্জ মডেল বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে আল মামুন আরও বলেন, বদরগঞ্জ উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। অভিযোগ রয়েছে, প্রশাসনের কিছু অসাধু ব্যক্তি আওয়ামী লীগের সঙ্গে যোগসাজশ করে বিভিন্ন সময় টাকা-পয়সা নিয়ে এলাকায় ঘুরে বেড়াচ্ছেন। তিনি বলেন, "তারা বালু সিন্ডিকেটের সঙ্গে জড়িত থেকে বালু উত্তোলনের টাকা ভাগ-বাটোয়ারা করছেন।" এসব অনিয়মের জবাব প্রশাসনকে দিতে হবে এবং বদরগঞ্জবাসীকে বালু উত্তোলনের টাকার হিসাব দিতে হবে।
তিনি আরও জানান, "ফ্যাসিস্টদের সঙ্গে আঁতাত এবং বালু সিন্ডিকেটের মাধ্যমে যারা চাঁদাবাজি করছেন, তাঁদের ধরে পুলিশের হাতে তুলে দিতে হবে।" আল মামুন পুলিশকে সতর্ক করে বলেন, "যদি পুলিশ চাঁদাবাজদের গ্রেপ্তার না করে, তবে থানার ওসিকেও সরিয়ে দেওয়ার হুঁশিয়ারি দেন।"
আল মামুন বলেন, পলাতক শেখ হাসিনা দিল্লির সঙ্গে যোগসাজশ করে বাংলাদেশকে স্বাধীনতা ও সার্বভৌমত্বহীন একটি রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্র করেছিলেন। তিনি অভিযোগ করেন, "বাংলাদেশের স্বার্থ ও জনগণের আকাঙ্ক্ষাকে উপেক্ষা করে দেশকে দিল্লির প্রভাবাধীন একটি প্রদেশে পরিণত করার অপচেষ্টা চালিয়েছিলেন।"
মানবতাবিরোধী অপরাধের মামলায় বরখাস্ত মেজর জেনারেল জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ তুলে তিনি বলেন, "জিয়াউল আহসান একাই শতাধিক নিরীহ মানুষকে গুলি করে হত্যা করেছেন।" হত্যার পর লাশ নদীতে ফেলে দেওয়ার অভিযোগও করেন তিনি।
সরকারের সমালোচনা করে আল মামুন বলেন, বিএনপির সরকার তারেক রহমানকে লন্ডন থেকে দেশে এনে প্রধানমন্ত্রী করেছে। অথচ যাঁকে স্বরাষ্ট্রমন্ত্রী বানানো হয়েছে, তিনি দেশের মাটিতে ছিলেন না; তিনি শিলংয়ের একটি হোটেলে ছিলেন। সেখানে পালিয়ে থাকা ব্যক্তিকে দেশে এনে স্বরাষ্ট্রমন্ত্রী বানানো হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন রংপুর জেলা এনসিপির সদস্য সচিব আবু রেজা, যুগ্ম সদস্য সচিব মোহসীন আলী বকসি, সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম সুমন, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মাহফুজ, উপজেলা এনসিপির আহ্বায়ক রুহুল আমিন, সদস্য সচিব সেতু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রামাণিক, পৌর এনসিপির আহ্বায়ক মনোয়ারা বেগম ও সদস্য সচিব মোস্তাফিজার রহমান প্রমুখ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন