প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
হাঁটুর চোটের কারণে আগামী মাসে অনুষ্ঠিতব্য দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেছেন জ্যাকব বেথেল। ইংল্যান্ডের এই তারকা আগামী বছরের আইপিএল থেকেও নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তার প্রধান লক্ষ্য এখন ২০২৭ সালের অ্যাশেজ ও ৫০ ওভারের বিশ্বকাপের আগে পুরোপুরি সুস্থ হয়ে ফেরা।
বেথেল গত জুলাইয়ের পর থেকে হাঁটুর চোটের কারণে আর মাঠে নামতে পারেননি। প্রথমে ধারণা করা হয়েছিল, তাকে প্রায় এক মাস মাঠের বাইরে থাকতে হবে। তবে বিশেষজ্ঞ চিকিৎসকেরা পরীক্ষা করে হাঁটুর কার্টিলেজে (তরুণাস্থি) সমস্যা শনাক্ত করেন। এই কারণে অস্ত্রোপচার করাতে হয়েছে তাকে। চলতি মাসে অস্ট্রেলিয়ায় ইংল্যান্ডের সাদা বলের সফর দিয়ে মাঠে ফেরার পরিকল্পনা থাকলেও হাঁটুতে ব্যথা ও ফোলাভাব দেখা দেওয়ায় সেই প্রত্যাবর্তন পিছিয়ে গেছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দ্য টেলিগ্রাফ জানিয়েছে, বেথেলকে আবারও অস্ত্রোপচার করাতে হবে। ফলে বড়দিনের সময় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ইংল্যান্ডের টেস্ট সিরিজে তার খেলা হচ্ছে না।
বেথেলের অনুপস্থিতিতে সিরিজের শুরুতে এমিলিও গে ও বেন ডাকেটকে ওপেনিংয়ে দেখা যেতে পারে। তিন নম্বরে নিজের জায়গা ধরে রাখার সম্ভাবনা রয়েছে জর্ডান কক্সের।
এদিকে ক্রিকইনফো জানিয়েছে, আগামী বছরের আইপিএলেও খেলবেন না বেথেল। মঙ্গলবার ডেডলাইন ডে'তে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) তাকে ছেড়ে দেওয়ার পর ডিসেম্বরের নিলামে নাম না লেখানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নিয়েছেন বাঁহাতি এই ব্যাটার। সামনে অ্যাশেজ ও বিশ্বকাপসহ ব্যস্ত আন্তর্জাতিক সূচি থাকায় পুরোপুরি সুস্থ হয়ে ফেরার দিকে মনোযোগ দিতে চান তিনি।
আইপিএলের গত দুই মৌসুম নিয়ে ইতিবাচক মন্তব্য করলেও বেথেলের পর্যাপ্ত খেলার সুযোগ না পাওয়া ইংল্যান্ডের ক্রিকেটে নিয়মিত আলোচনার বিষয় ছিল। ২০২৫ সালে প্রথম মৌসুমে মাত্র দুটি ম্যাচ খেলার সুযোগ পান তিনি। এর প্রভাব পড়েছিল জিম্বাবুয়ের বিপক্ষে ইংল্যান্ডের টেস্টে তার অংশগ্রহণের ক্ষেত্রেও। চলতি বছর ভারতে আইপিএল খেলতে গিয়ে রানখরায় ভুগে দেশে ফিরেছিলেন তিনি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন