প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সাবেক বিশ্ব হেভিওয়েট বক্সিং চ্যাম্পিয়ন মাইক টাইসনের নামের সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বক্তব্য ছড়িয়ে পড়েছে। ওই বক্তব্যে তিনি উল্লেখ করেছেন, এক সময় তিনি ছিলেন অত্যন্ত অহংকারী ও উদ্ধত। তবে ইসলাম তাকে শিখিয়েছে কীভাবে বিনয়ী ও নম্র হতে হয়। "আল্লাহর প্রতি ভয় ও ভালোবাসা তাকে জীবনের সঠিক পথ দেখিয়েছে" বলেও তিনি বক্তব্যে উল্লেখ করেছেন।
ইসলাম গ্রহণের পর থেকে তিনি নিজের মধ্যে বিনয়ী হওয়ার চেষ্টা এবং আল্লাহর ওপর নির্ভরশীলতার কথা বিভিন্ন সাক্ষাৎকারে তুলে ধরেছেন। ২০১০ সালে যুক্তরাষ্ট্রের সাংবাদিক ল্যারি কিংয়ের সঙ্গে সিএনএনের এক সাক্ষাৎকারে টাইসন তার অতীত আচরণ সম্পর্কে আলোচনা করেন।
তিনি জানান, কারাবাসের সময় ইসলাম সম্পর্কে জানার এবং মুসলিম হওয়ার সুযোগ পেয়েছিলেন। তার উপলব্ধি ছিল, "বিনয় মানুষের অন্যতম সেরা গুণ।" অতীতে দাম্ভিক ও আত্মপ্রচারপ্রবণ থাকার কারণে তিনি জীবনে অনেক অপ্রত্যাশিত পরিস্থিতির সম্মুখীন হয়েছেন, যা তিনি চাননি। এখন তিনি একজন বিনয়ী মানুষ হতে চান এবং সহজ-সরল জীবনযাপন করতে আগ্রহী।
২০১৩ সালে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ইসলাম ও আল্লাহর প্রতি নিজের নির্ভরতার কথা তুলে ধরেন সাবেক এই বক্সার। তিনি বলেন, "আমি মুসলিম হতে পেরে অত্যন্ত কৃতজ্ঞ। আল্লাহর আমাকে প্রয়োজন নেই, বরং আমার আল্লাহকে প্রয়োজন।"
একই সাক্ষাৎকারে টাইসন বলেন, নিজেকে কখনোই পুরোপুরি বিনয়ী মনে করতে পারেন না। তবে তিনি বিনয়ী হওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তার মতে, "নিজেকে অতিরিক্ত গুরুত্ব না দেওয়াও বিনয়ী হওয়ার একটি অংশ।"
টাইসনের জীবনে ইসলাম ও আত্মিক পরিবর্তনের প্রসঙ্গ এসেছে ১৯৯৫ সালে কারামুক্তির পর দেওয়া সাক্ষাৎকারেও। সে সময় দ্য গার্ডিয়ান-এর এক প্রতিবেদনে তার ঘনিষ্ঠজনদের বক্তব্য তুলে ধরে বলা হয়, ইসলাম তাকে জীবনের উদ্দেশ্য ও দিকনির্দেশনা দিয়েছে। কারামুক্তির পর মসজিদে গিয়ে নামাজ আদায় করার পরিকল্পনাও ছিল তার।
১৯৯৫ সালের আগস্টে দ্য ওয়াশিংটন পোস্ট-কে দেওয়া সাক্ষাৎকারে টাইসন বলেছিলেন, কারাগারে ইসলাম গ্রহণ তার মধ্যে পরিবর্তন এনেছে। তিনি জানান, আগের তুলনায় তিনি নিজেকে বেশি বিনয়ী মনে করেন এবং আল্লাহর সঙ্গে তার সম্পর্কও গভীর হয়েছে।
তবে টাইসনের ইসলাম গ্রহণের সময় নিয়ে বিভিন্ন প্রতিবেদনে কিছু পার্থক্য রয়েছে। ১৯৯২ সালে কারাগারে থাকার সময় তিনি ইসলাম সম্পর্কে পড়াশোনা করছিলেন বলে জানিয়েছিলেন; সে সময় সংশ্লিষ্ট মুসলিম সংগঠনের পক্ষ থেকেও বলা হয়েছিল, তিনি তখনো আনুষ্ঠানিকভাবে ইসলাম গ্রহণ করেননি।
মাইক টাইসন ১৯৬৬ সালের ৩০ জুন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রুকলিনে জন্মগ্রহণ করেন। মাত্র ২০ বছর বয়সে হেভিওয়েট বক্সিংয়ের বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়েন তিনি। শক্তিশালী ঘুষি ও আক্রমণাত্মক লড়াইয়ের কারণে ‘আয়রন মাইক’ নামে পরিচিতি পান। তবে বক্সিংয়ের সাফল্যের পাশাপাশি ব্যক্তিগত জীবনে নানা বিতর্ক, আইনি জটিলতা ও আসক্তির সঙ্গে লড়াই করতে হয়েছে তাকে।
২০১৪ সালে ইউরোনিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের অতীত ও বর্তমান জীবনের পার্থক্য তুলে ধরে টাইসন বলেছিলেন, জীবনের অভিজ্ঞতা তাকে ধীরে ধীরে পরিণত করেছে। একসময় প্রচুর অর্থ ও খ্যাতি থাকলেও মানসিক শান্তি ছিল না। তার উপলব্ধি, "মানুষ বিনয়ী না হলে জীবনই একসময় তাকে বিনয়ী হতে বাধ্য করে।"
বিনয়, আত্মশুদ্ধি ও আল্লাহর প্রতি নির্ভরতা নিয়ে তার অতীতের একাধিক সাক্ষাৎকারে বক্তব্য পাওয়া যায়।
সূত্র: সিএনএন, ফক্স নিউজ, ইউপিআই আর্কাইভস, দ্য ওয়াশিংটন পোস্ট, দ্য গার্ডিয়ান ও ইউরোনিউজ
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন