প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সুনামগঞ্জের তাহিরপুরে টাঙ্গুয়ার হাওরে ঘুরতে গিয়ে নিখোঁজ হওয়া আব্দুল মাজেদ পিকলু (২৪) নামের এক পর্যটকের মরদেহ তিন ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের লামাগাঁও বাজারের পাশে মানাই নদীতে এই দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল মাজেদ পিকলু রাজশাহী সিটি করপোরেশনের ১৭ নম্বর ওয়ার্ডের মধ্যনওদাপাড়া এলাকার বন বিভাগকর্মী নুরুল ইসলাম বাবুর পুত্র। তিনি রাজশাহীর মোহনপুর সরকারি ডিগ্রি কলেজের স্নাতক তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন।
পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা থেকে পিকলুসহ ১০ জন পর্যটক একটি নৌকা ভাড়া করে টাঙ্গুয়ার হাওরে ভ্রমণের উদ্দেশ্যে রওনা হন। যাওয়ার পথে সকাল ১০টার দিকে তাহিরপুর উপজেলার লামাগাঁও বাজারের কাছে মানাই নদীতে নৌকাটি নোঙর করা হয়। নৌকার যাত্রীরা কয়েকজন বাজারে কেনাকাটা করতে যান এবং অন্যরা নদীতে গোসল করতে নামেন। এ সময় পিকলু নৌকা থেকে নদীতে লাফ দেওয়ার পর আর ভেসে ওঠেননি। স্থানীয়রা এবং তার বন্ধুরা প্রায় তিন ঘণ্টা উদ্ধার তৎপরতা চালিয়ে দুপুর ১টার দিকে তার মরদেহ উদ্ধার করেন।
দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আহমেদ মোরাদ জানিয়েছেন, পর্যটকেরা টাঙ্গুয়ার হাওরে পৌঁছানোর আগেই এই মর্মান্তিক দুর্ঘটনার শিকার হন। স্থানীয়দের সহযোগিতায় মরদেহটি উদ্ধার করা সম্ভব হয়েছে।
তাহিরপুর থানার উপপরিদর্শক (এসআই) আবুল হাসনাত চৌধুরী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। মরদেহটি নৌকাসহ তাহিরপুর থানায় নিয়ে আসা হচ্ছে।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন