প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
প্রতিবন্ধী ব্যক্তিদের ভোটাধিকার, নির্বাচনী অংশগ্রহণ, প্রবেশগম্যতা ও রাজনৈতিক প্রতিনিধিত্বের বিষয়গুলো গণমাধ্যমে যথাযথভাবে তুলে ধরার উদ্দেশ্যে রাজধানীতে ‘ডিজ্যাবিলিটি ইনক্লুসিভ ইলেকশন রিপোর্টিং’ শীর্ষক একটি দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ সোসাইটি ফর দ্য চেঞ্জ অ্যান্ড অ্যাডভোকেসি নেক্সাস (বি-স্ক্যান) এই কর্মশালার আয়োজন করে।
ইউরোপিয়ান পার্টনারশিপ ফর ডেমোক্রেসির (ইপিডি) সহযোগিতায় ‘প্রোমোটিং ডিজ্যাবিলিটি ইনক্লুসিভ ইলেকশন অবজারভেশন’ (পিডিআইইও) প্রকল্পের আওতায় কর্মশালাটি অনুষ্ঠিত হয়। এতে মূলধারার প্রিন্ট, ইলেকট্রনিক ও ডিজিটাল গণমাধ্যমের ২০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।
কর্মশালায় প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক ও অধিকারভিত্তিক সাংবাদিকতার বিভিন্ন দিক নিয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। এর মূল লক্ষ্য ছিল নির্বাচনী প্রক্রিয়ায় প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও অংশগ্রহণসংক্রান্ত সংবাদযোগ্য বিষয় চিহ্নিত করা এবং তথ্য অনুসন্ধান, যাচাই-বাছাই ও দায়িত্বশীল প্রতিবেদন তৈরিতে সাংবাদিকদের ব্যবহারিক দক্ষতা বৃদ্ধি করা।
জাতিসংঘের প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকারবিষয়ক সনদ (সিআরপিডি)-এর ২৯ নম্বর অনুচ্ছেদ সংক্রান্ত নতুন সাধারণ নির্দেশনার আলোকে কর্মশালায় সংবাদ-ভাবনা নির্বাচন, সংবাদ শিরোনাম সম্পাদনা, অন্তর্ভুক্তিমূলক ছবি নির্বাচন এবং নির্বাচনী প্রবেশগম্যতাবিষয়ক বিভিন্ন কেস স্টাডি বিশ্লেষণ করা হয়।
এছাড়া নির্বাচনী কেন্দ্র ও প্রক্রিয়ার প্রবেশগম্যতাসংক্রান্ত তথ্য-প্রমাণ যাচাই, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ চিহ্নিত করা এবং অধিকার ও জবাবদিহিতার বিষয়গুলো অনুসন্ধানের ব্যবহারিক অনুশীলন করানো হয়। সংবাদে প্রতিবন্ধী ব্যক্তিদের কেবল সাক্ষাৎকারদাতা হিসেবে নয়, বরং নিজেদের অভিজ্ঞতার আলোকে অধিকারধারী ও বিশেষজ্ঞ হিসেবে তুলে ধরার ওপর গুরুত্ব দেওয়া হয়। এ ক্ষেত্রে সাক্ষাৎকার গ্রহণে সম্মতি, ব্যক্তির মর্যাদা রক্ষা, সংবেদনশীলতা এবং যথাযথ শব্দচয়নের বিষয়গুলো বিশেষভাবে আলোচিত হয়।
কর্মশালায় বি-স্ক্যানের পক্ষে উপস্থিত ছিলেন নির্বাহী পরিচালক সালমা মাহবুব, প্রোগ্রাম পরিচালক ইফতেখার মাহমুদ, প্রোগ্রাম কোঅর্ডিনেটর মাহফুজুর রহমান রাকীব, প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট কোঅর্ডিনেটর উপমা সাহা এবং অ্যাডমিন অফিসার রুমা আক্তার। ইপিডির পক্ষে প্রকল্প পরিচালক আনাস্তাসিয়া এস উইবাওয়া ও প্রোগ্রাম ম্যানেজার রোকসানা হক কর্মশালায় গুরুত্বপূর্ণ অবদান রাখেন।
কর্মশালাটি পরিচালনা করেন মিডিয়া অ্যানালিস্ট ও গবেষক নাজিয়া আফরিন মোনামী এবং দৈনিক ইত্তেফাকের স্টাফ রিপোর্টার ও মহিলা অঙ্গনের সম্পাদক রাবেয়া বেবি। সমাপনী বক্তব্য দেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ডেলিগেট সিমোনা কামোলিনি।
কর্মশালায় বি-স্ক্যানের পক্ষ থেকে বলা হয়, প্রতিবন্ধী ব্যক্তিদের নির্বাচনী অংশগ্রহণ ও অধিকার নিয়ে গণমাধ্যমে দয়া বা সহানুভূতিনির্ভর উপস্থাপনার পরিবর্তে মানবাধিকার, সমতা ও নাগরিক অধিকারের দৃষ্টিভঙ্গি প্রতিষ্ঠা করা জরুরি। প্রতিবন্ধী ব্যক্তিদের নির্বাচনী প্রক্রিয়ায় কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে তাদের অধিকার, অভিজ্ঞতা ও প্রতিবন্ধকতাগুলো গণমাধ্যমে যথাযথ গুরুত্বের সঙ্গে তুলে ধরতে হবে।
আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে সাংবাদিকদের মধ্যে প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক সংবাদ পরিবেশনের চর্চা আরো জোরদার হবে। একই সঙ্গে দায়িত্বশীল ও অধিকারভিত্তিক সাংবাদিকতা নির্বাচনী গণতন্ত্রে প্রতিবন্ধী ব্যক্তিদের কার্যকর অংশগ্রহণ এবং গণমাধ্যমে তাঁদের মর্যাদাপূর্ণ উপস্থাপনা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন