প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
অম্লীয় মাটি, হাওর ও লবণাক্ত উপকূলীয় জমিতে চাষের জন্য উপযুক্ত নতুন সরিষার জাত ‘সিকৃবি সরিষা-১’ উদ্ভাবন করা হয়েছে। গবেষকদের দাবি, এই জাতের হেক্টরপ্রতি গড় ফলন ৭ দশমিক ৫ টন। কৃষকদের কাছে এই জাতটি পৌঁছালে দেশের তেলবীজ উৎপাদন বৃদ্ধি এবং আমদানিনির্ভরতা হ্রাসের নতুন সম্ভাবনা সৃষ্টি হবে।
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) গবেষকদের উদ্ভাবিত ‘সিকৃবি সরিষা-১’ জাতটি জাতীয় বীজ বোর্ডের অনুমোদন ও নিবন্ধন লাভ করেছে ৮ অক্টোবর। এই নিবন্ধিত জাতটি ব্রাসিকা ন্যাপাস প্রজাতির অন্তর্ভুক্ত। অধ্যাপক ড. দিলারা আক্তারের নেতৃত্বে চার মৌসুমের গবেষণার ফলস্বরূপ এই জাতটি উদ্ভাবিত হয়েছে।
গবেষকদের তথ্য অনুযায়ী, জাতটির হেক্টরপ্রতি গড় ফলন ৭ দশমিক ৫ টন এবং আয়-ব্যয়ের অনুপাত (বিসিআর) ৫ দশমিক ১। তেলের পরিমাণ ৪২ থেকে ৪৪ শতাংশ এবং ক্ষতিকর ইরুসিক অ্যাসিডের মাত্রাও কম। অম্লীয় মাটি, হাওরাঞ্চল এবং ৭-৮ ডেসিসিমেন্স/মিটার পর্যন্ত লবণাক্ততা সহ্য করার ক্ষমতা রয়েছে এই জাতের। অল্টারনারিয়া রোগের বিরুদ্ধে মাঝারি প্রতিরোধ ক্ষমতা এবং জাবপোকার তুলনামূলক কম আক্রমণও এর বিশেষ বৈশিষ্ট্য।
২০২২-২৩ মৌসুমে চীন থেকে সংগৃহীত জার্মপ্লাজম থেকে L-8 লাইনটি নির্বাচন করে গবেষণা কার্যক্রম শুরু হয়। পরবর্তীতে দেশের পাঁচটি কৃষি-পরিবেশ অঞ্চলে পরীক্ষামূলকভাবে জাতটি চাষ করা হয়। ২০২৫-২৬ মৌসুমে সিলেট, জগন্নাথপুর, হালুয়াঘাট, উল্লাপাড়া ও কয়রায় অগ্রবর্তী ট্রায়ালে জাতটির ফলন ও অভিযোজন ক্ষমতা যাচাই করা হয়। পরীক্ষায় প্রচলিত বিনাসরিষা-৪ ও বিনাসরিষা-৯-এর তুলনায় অধিক ফলন পাওয়া গেছে বলে জানাচ্ছেন গবেষকরা।
অধ্যাপক ড. দিলারা আক্তার মন্তব্য করেন, সিলেট, হাওর ও উপকূলীয় অঞ্চলের অনাবাদি ও প্রতিকূল জমিতে এই জাতের চাষ সম্প্রসারণ করা গেলে দেশে তেলবীজের উৎপাদন বৃদ্ধি পাবে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এই উদ্ভাবনকে সিকৃবির গবেষণার একটি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে উল্লেখ করে বলেন, পতিত ও প্রতিকূল জমিকে উৎপাদনের আওতায় আনতে এই জাতটি ভূমিকা রাখতে সক্ষম হবে।
রবি মৌসুমে মধ্য অক্টোবর থেকে মধ্য ফেব্রুয়ারি পর্যন্ত জাতটি চাষ করা সম্ভব। ফসল সংগ্রহের জন্য সময় লাগে ১১৫-১২৫ দিন। গাছের উচ্চতা ২০০-২৩০ সেন্টিমিটার এবং ফুলের রঙ উজ্জ্বল হলুদ। গবেষকদের সুপারিশ অনুযায়ী, প্রতি হেক্টরে ১ দশমিক ৮ কেজি বীজ বপন করতে হবে। সারিতে বপনের ক্ষেত্রে গাছ থেকে গাছ এবং সারি থেকে সারির দূরত্ব ২৫ সেন্টিমিটার রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন