প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা, ২৬ নভেম্বর, ২০২৬ : রাজধানীর ডেমরায় মাইক্রোবাসচালক হারুনর রশিদ হাওলাদারকে (৪৫) অপহরণের পর হত্যার ঘটনায় দায়ের করা মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ডের নির্দেশ দিয়েছেন আদালত।
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- লিপি আক্তার, মাহবুব খান ও রাজন হাওলাদার।
আজ ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত-১৬-এর বিচারক নাজমুন নাহার নিপু এই রায় ঘোষণা করেন। আদালতে উপস্থিত ছিলেন লিপি ও মাহবুব। তাদের সাজা পরোয়ানাসহ কারাগারে পাঠানো হয়েছে। অন্যদিকে, রাজন হাওলাদার পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
এছাড়া, হারুনর রশিদ হাওলাদারকে অপহরণের দায়ে আসামিদের সাত বছর কারাদণ্ডের আদেশও দেওয়া হয়েছে।
আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর খন্দকার শফি নেওয়াজ নাছির বাসসকে বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার অভিযোগ অনুযায়ী, নিহত হারুনর রশিদ হাওলাদার পেশায় হাইয়েস মাইক্রোবাসচালক ছিলেন। তিনি স্ত্রী ও সন্তানদের নিয়ে ঢাকার শ্যামপুরের জুরাইন এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। ২০২০ সালের ২৩ নভেম্বর রাতে বাসা থেকে বের হওয়ার পর তিনি আর ফিরে আসেননি। পরদিন ২৪ নভেম্বর দুপুরে, তিনি নিজের মোবাইল ফোন থেকে স্ত্রীর বোনের স্বামী কলিম শিকদারকে ফোন করে বিপদের কথা জানান এবং বিকাশে টাকা পাঠাতে বলেন। তার নির্দেশ অনুযায়ী প্রথমে ৩০ হাজার এবং পরে আরও ১৫ হাজার টাকা পাঠানো হয়। দুইটি লেনদেনের পর তার মোবাইল ফোন বন্ধ হয়ে যায়।
এরপর ২৫ নভেম্বর রাতে, ডেমরা থানাধীন বামৈল বাঁশেরপুল এলাকার গোলাম মোস্তফা স্কুল অ্যান্ড কলেজের পাশে ডিএনডি খাল থেকে হারুনের মরদেহ উদ্ধার করে পুলিশ। তার মরদেহ একটি খয়েরি রঙের ট্রলি ব্যাগের ভেতরে ছিল। এই ঘটনায় নিহতের স্ত্রী লিলি বেগম ২০২০ সালের ২৬ নভেম্বর ডেমরা থানায় হত্যা মামলা দায়ের করেন।
মামলাটি তদন্ত শেষে ২০২২ সালের ৩১ মে তিন আসামির বিরুদ্ধে চার্জশিট দাখিল করে পুলিশ। ২০২৩ সালের ২৭ আগস্ট আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। মামলাটির বিচারকালে ১৬ জন সাক্ষী আদালতে সাক্ষ্য প্রদান করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন