প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কুকিদের সঙ্গে সংঘর্ষবিরতি চুক্তি বাতিল, সংঘাতের অবসান এবং বাস্তুচ্যুতদের পুনর্বাসনের দাবিতে সরকারের ওপর চাপ বাড়িয়ে আগামীকাল ৩১ অক্টোবর মনিপুরের রাজধানী ইম্ফলে একটি মহাসমাবেশের ডাক দিয়েছে একাধিক সংগঠন।
কোঅর্ডিনেটিং কমিটি অন মণিপুর ইন্টেগ্রিটি (কোকোমি), জয়েন্ট ট্রাইব কাউন্সিল, নাগা হিউম্যানিটারিয়ান এড কমিটি, ফুটহিলস্ নাগা কোঅর্ডিনেশন কমিটি এবং নাগা পিপলস ইউনিয়ন এই মহামিছিলের ডাক দিয়েছে। ইউনাইটেড নাগা কাউন্সিলও এই কর্মসূচিকে সমর্থন জানিয়ে আসাম রাইফেলসের পরিবর্তে অন্য কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি তুলেছে।
অন্যদিকে, কাংপোকপির সিংদাই এলাকার শতাধিক বাস্তুচ্যুত ব্যক্তি এবং কুকি-জো নারীরা গ্রেফতার হওয়া তিন কুকির নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভে অংশ নেন। খোংবাল ঘটনায় তিন মেইতেই কাঠুরিয়ার মৃত্যুর পর ওই তিনজনকে গ্রেফতার করা হয়।
এদিকে কুকি-জো কাউন্সিল পৃথক প্রশাসনের দাবি আরও জোরালো করেছে। সংগঠনটির দাবি, ২০২৩ সালের মে মাস থেকে আড়াইশোর বেশি কুকি-জো নিহত এবং ৪০ হাজারেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। তারা সরকারের বিরুদ্ধে বৈষম্যমূলক আচরণের অভিযোগ তুলে জানিয়েছে, কুকিদের নিরাপত্তা নিশ্চিত করা ও রাজনৈতিক সংলাপে অগ্রগতি না হলে কুকি-জো বিধায়কদের সরকার থেকে সরে আসতে বলা হতে পারে।
রাজনৈতিক বিতর্ক আরও তীব্র হয়েছে নাগা উপ-মুখ্যমন্ত্রী লোসি দিখোর মন্তব্যে। তিনি অভিযোগ করেছেন, সহ-উপ-মুখ্যমন্ত্রী নেমচা কিপগেনের স্বামীর নেতৃত্বাধীন কুকি ন্যাশনাল ফ্রন্ট ছয় নাগা ব্যক্তির হত্যাকাণ্ডে জড়িত ছিল। দিখো জানান, আটজন নাগা বিধায়ক ইতোমধ্যেই নেমচা কিপগেনের বিরুদ্ধে পদক্ষেপ এবং কুকি জঙ্গিদের সঙ্গে থাকা সংঘর্ষবিরতি চুক্তি বাতিলের দাবি তুলেছেন।
তিনি আরও বলেন, এমন হিংসা অব্যাহত থাকলে আগামী বছরের বিধানসভা নির্বাচন আয়োজন কঠিন হয়ে পড়তে পারে।
এদিকে রাজ্যের নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনায় ইম্ফল সফর করেন সিআরপিএফের ডিজি জ্ঞানেন্দ্র প্রতাপ সিংহ। তিনি বরিষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে শান্তি ও নিরাপত্তা জোরদারের নির্দেশ দেন। পরে তার সঙ্গে বৈঠক করেন আসাম রাইফেলসের ডিজি লেফটেন্যান্ট জেনারেল বিকাশ লাখেরা। দুই বাহিনীর মধ্যে সমন্বয় ও যৌথ অভিযানের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়। তেংনৌপাল জেলার মোরে ও চংজাং এলাকা পরিদর্শন করে ভারত-মায়ানমার সীমান্তে কাঁটাতার নির্মাণ এবং নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখেন লাখেরা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন