প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চাওয়ার উদ্যোগকে কেন্দ্র করে ঢাকা-নয়াদিল্লি কূটনৈতিক সম্পর্কের মধ্যে নতুন গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠেছে। ভারতে অবস্থানরত শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা বাস্তবায়নের জন্য লন্ডনভিত্তিক আইনি প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের মাধ্যমে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে পাঠানো চিঠি নিয়ে গতকাল সোমবার একাধিক জাতীয় ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
তবে বাংলাদেশের সরকারের অবস্থান স্পষ্ট, শেখ হাসিনাকে দেশে ফেরানোর জন্য পাসপোর্ট বা ভ্রমণ নথি ইস্যু করার পরিবর্তে ভারত-বাংলাদেশের বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির আওতায় তাঁকে ফেরত আনতে চায় ঢাকা। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির শেখ হাসিনার পাসপোর্ট চাওয়ার উদ্যোগকে ‘চরম হাস্যকর’ বলে মন্তব্য করেছেন। তিনি উল্লেখ করেছেন, বাংলাদেশ কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট দেয় না। শেখ হাসিনা যদি সত্যিই দেশে ফিরতে চান, তাহলে তাঁকে ভারতের কাছে থাকা প্রত্যর্পণ চুক্তির আওতায় বাংলাদেশের হাতে হস্তান্তর করতে হবে। আদালতে আত্মসমর্পণ করে তাঁকে সাজা ভোগ করতে হবে। পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বক্তব্যে পরিষ্কার, শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি সাধারণ নাগরিকের ভ্রমণ-সংক্রান্ত প্রশাসনিক প্রক্রিয়া হিসেবে বিবেচনা করছে না সরকার; বরং এটি বিচারিক দায়বদ্ধতা ও দ্বিপক্ষীয় কূটনৈতিক প্রক্রিয়ার অংশ হিসেবে দেখা হচ্ছে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেছেন, পলাতক অপরাধীদের ক্ষেত্রে সাধারণ পাসপোর্টের আবেদন কার্যকর হওয়ার সুযোগ নেই। বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রত্যর্পণ চুক্তি বিদ্যমান এবং সেই চুক্তির আওতায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার উদ্যোগ নেওয়া হবে। এর আগে গত ৫ নভেম্বরও হুমায়ুন কবির বলেছিলেন, শেখ হাসিনাকে দেশে ফেরাতে নতুন পাসপোর্ট বা ট্রাভেল ডকুমেন্ট দেওয়ার প্রয়োজন নেই; সরকারের লক্ষ্য তাঁকে প্রত্যর্পণ প্রক্রিয়ায় ফেরত আনা। আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানও গত ৮ নভেম্বর বলেছেন, শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে।
শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডি চাওয়ার উদ্যোগের বিষয়টি সামনে আসার পর সরকারের পক্ষ থেকে আইনি অবস্থান যাচাইয়ের কথাও বলা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ গতকাল সোমবার জানিয়েছেন, শেখ হাসিনার আবেদন করার খবর তিনি শুনেছেন, তবে এর সত্যতা এখনো যাচাই করা হয়নি। পররাষ্ট্র মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয় বিষয়টি খতিয়ে দেখছে। আবেদনটি যথাযথভাবে করা হয়েছে কি না, এর আইনি ভিত্তি কী এবং আবেদন করার অধিকার রয়েছে কি নাÑএসব বিষয় পর্যালোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি জানান। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ফেরত দিতে ভারত সরকারকে চিঠি দেওয়া হয়েছে।
সরকারের এই অবস্থানের পেছনে শেখ হাসিনার বর্তমান বিচারিক অবস্থান গুরুত্বপূর্ণ। জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ গত বছরের নভেম্বরে তাঁর অনুপস্থিতিতে মৃত্যুদ-ের রায় দেন। ওই মামলায় ছাত্র-জনতার আন্দোলন দমনে প্রাণঘাতী শক্তি প্রয়োগের নির্দেশ দেওয়ার অভিযোগ আনা হয়েছিল। শেখ হাসিনা নির্বাসনে থেকে অভিযোগ অস্বীকার করেছেন। তবে বাংলাদেশের বিচারিক প্রক্রিয়ায় তাঁর বিরুদ্ধে দ-াদেশ বহাল থাকায় দেশে ফেরার প্রশ্নটি পাসপোর্ট পাওয়ার চেয়ে অনেক বেশি জটিল। এ অবস্থায় নতুন পাসপোর্টের মাধ্যমে দেশে ফেরার উদ্যোগকে সরকারের পক্ষ থেকে বিচারিক প্রক্রিয়া এড়িয়ে যাওয়ার সম্ভাব্য পথ হিসেবে দেখা হচ্ছে।
শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডি চাওয়ার বিষয়টি নিয়ে কূটনৈতিক মহলে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠেছেÑএটি কি তাঁর সরাসরি আবেদন, নাকি তাঁর পক্ষে একটি আইনি প্রতিষ্ঠানের পাঠানো অনুরোধপত্র?
দিল্লি হাইকমিশনের সূত্রে জানা যায়, ম্যাট্রিক্স চেম্বার্সের আইনজীবীরা শেখ হাসিনার জন্য নতুন বাংলাদেশি পাসপোর্ট ও এনআইডি ইস্যু করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানিয়েছেন। চিঠিতে তাঁর বাংলাদেশি নাগরিকত্ব এবং আন্তর্জাতিক মানবাধিকারবিষয়ক বিভিন্ন চুক্তির আওতায় বাংলাদেশের বাধ্যবাধকতার বিষয়টি উল্লেখ করা হয়েছে। তবে ঢাকার কূটনৈতিক সূত্রগুলোর বক্তব্য অনুযায়ী, হাইকমিশনে পাঠানো ই-মেইলের সঙ্গে শেখ হাসিনার অনুমোদন বা আইনজীবী প্রতিষ্ঠানকে তাঁর পক্ষে আবেদন করার ক্ষমতা দেওয়ার কোনো প্রমাণপত্র ছিল না। ফলে এটি শেখ হাসিনার নিজস্ব ও যথাযথ আবেদন কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে।
দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার সাইদুর রহমান জানান, নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশন ই-মেইলটি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছে। আবেদনটির সত্যতা ও আইনি ভিত্তি যাচাইয়ের বিষয়টি এখন সরকারের বিবেচনায় রয়েছে।
কূটনৈতিকভাবে বিষয়টি তাৎপর্যপূর্ণ, কারণ কোনো দেশের নাগরিকত্বের ভিত্তিতে পাসপোর্ট পাওয়ার দাবি এবং অন্য দেশে অবস্থানরত একজন দ-প্রাপ্ত আসামিকে প্রত্যর্পণের মাধ্যমে ফিরিয়ে আনার প্রক্রিয়া এক নয়। পাসপোর্ট ইস্যু করা রাষ্ট্রের প্রশাসনিক ও আইনগত সিদ্ধান্ত; অন্যদিকে প্রত্যর্পণ একটি রাষ্ট্রের সঙ্গে আরেকটি রাষ্ট্রের আইনি ও কূটনৈতিক সম্পর্কের বিষয়। শেখ হাসিনার ক্ষেত্রে এই দুই প্রক্রিয়াকে এক করে দেখার সুযোগ নেই। তাঁর নাগরিকত্বের দাবি থাকলেও তা স্বয়ংক্রিয়ভাবে পাসপোর্ট পাওয়ার অধিকার প্রতিষ্ঠা করে নাÑবিশেষ করে যখন তাঁর বিরুদ্ধে দ-াদেশ রয়েছে এবং সরকার তাঁকে দেশে ফিরিয়ে আনার জন্য প্রত্যর্পণ প্রক্রিয়া অনুসরণ করছে।
অভিবাসন বিশেষজ্ঞদের মতে, শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়ার পর থেকেই ঢাকা-নয়াদিল্লি সম্পর্কের অন্যতম প্রধান অমীমাংসিত বিষয় হয়ে উঠেছে তাঁর প্রত্যর্পণ। বাংলাদেশের পক্ষ থেকে তাঁকে ফেরত চাওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে। এখন তাঁর পাসপোর্ট ও এনআইডি চাওয়ার উদ্যোগ সেই প্রশ্নকে নতুন মাত্রা দিয়েছে। বাংলাদেশ সরকারের দৃষ্টিতে, শেখ হাসিনার দেশে ফেরার পথ হওয়া উচিত আদালত ও প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে; নতুন পাসপোর্ট নিয়ে স্বাভাবিক যাত্রীর মতো দেশে প্রবেশের মাধ্যমে নয়।
বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী, দুই দেশের বিচারিক ও আইনি প্রক্রিয়ার আওতায় অভিযুক্ত বা দ-িত ব্যক্তিকে হস্তান্তরের ব্যবস্থা রয়েছে। তবে চুক্তির আওতায় প্রত্যর্পণের ক্ষেত্রে নির্দিষ্ট আইনি শর্ত, ব্যতিক্রম ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিবেচনার বিষয় রয়েছে। ফলে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার প্রশ্নে ভারতের সিদ্ধান্ত কেবল প্রশাসনিক নয়, বরং দুই দেশের সম্পর্ক ও চুক্তির প্রয়োগের ওপরও নির্ভরশীল। এ ক্ষেত্রে ঢাকার প্রত্যাশা, নয়াদিল্লি রাজনৈতিক বিবেচনার ঊর্ধ্বে উঠে চুক্তির আওতায় প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।
শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডি চাওয়ার উদ্যোগ নিয়ে বলা হয়েছে, তিনি আগামী ডিসেম্বরে বাংলাদেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করার পরিকল্পনার কথা জানিয়েছেন। তাঁর সহযোগীরাও বিভিন্ন আনুষ্ঠানিকতা শেষে দেশে ফেরার তারিখ জানানোর কথা বলেছেন। তবে বাংলাদেশের সরকারের অবস্থান বিবেচনায় এই পরিকল্পনা বাস্তবায়নের পথ সহজ নয়।
আইন বিশেষজ্ঞদের মতে, শেখ হাসিনার প্রত্যর্পণ প্রশ্নটি বাংলাদেশের জন্য কেবল একটি বিচারিক বিষয় নয়; এটি ভারতের সঙ্গে সম্পর্কের ভবিষ্যৎ নির্ধারণেও গুরুত্বপূর্ণ। তাঁর ভারতে অবস্থান দুই দেশের সম্পর্কে টানাপোড়েন তৈরি করেছে। বাংলাদেশের পক্ষ থেকে তাঁকে ফেরত চাওয়ার পরও ভারত এখন পর্যন্ত তাঁকে হস্তান্তর করেনি। নতুন পাসপোর্ট ও এনআইডি চাওয়ার ঘটনাকে কেন্দ্র করে ভারতের সামনে আবারও বাংলাদেশের প্রত্যর্পণ-সংক্রান্ত অবস্থান বিবেচনার প্রশ্ন এসেছে।
ঢাকার কূটনৈতিক অবস্থান অনুযায়ী, শেখ হাসিনার দেশে ফেরার জন্য নতুন পাসপোর্ট ইস্যু করা কোনো সমাধান নয়। বরং তাঁর বিরুদ্ধে থাকা দ-াদেশ ও বিচারিক প্রক্রিয়ার আলোকে ভারতকে তাঁকে বাংলাদেশের কাছে হস্তান্তরের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। এই প্রক্রিয়ায় ভারতের সহযোগিতা দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বার্তা দিতে পারে। একই সঙ্গে বাংলাদেশের জনগণের ন্যায়বিচারের প্রত্যাশা এবং রাষ্ট্রীয় সার্বভৌমত্বের প্রশ্নও এর সঙ্গে যুক্ত।
ভূ-রাজনৈতক বিশ্লেষকদের মতে, শেখ হাসিনার নতুন পাসপোর্ট চাওয়ার উদ্যোগ কেবল একটি নথি পাওয়ার আবেদন হিসেবে সীমাবদ্ধ থাকছে না। এটি বাংলাদেশের বিচারিক প্রক্রিয়া, ভারতের প্রত্যর্পণ-সংক্রান্ত অবস্থান এবং দুই দেশের কূটনৈতিক সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ পরীক্ষায় পরিণত হয়েছে। সরকারের অবস্থান স্পষ্ট, পাসপোর্ট দিয়ে নয়, প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আদালতের রায় কার্যকর করার পথেই এগোতে চায় বাংলাদেশ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন