প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জনপ্রিয় অ্যানিমেশন সিরিজ ‘দ্য সিম্পসনস’ বহু বছর ধরে বাস্তব জীবনের বিভিন্ন ঘটনার পূর্বাভাস দেওয়ার দাবি নিয়ে আলোচনায় রয়েছে। দর্শকেরা সিরিজটির বিভিন্ন পর্বের সঙ্গে পরবর্তী সময়ে ঘটে যাওয়া ঘটনার মধ্যে মিল খুঁজে পেয়েছেন। এবার ১৭ নভেম্বর বিশ্বজুড়ে বিদ্যুৎ বিপর্যয়ের ইঙ্গিত দেওয়ার দাবি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন আলোচনা শুরু হয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্টের প্রতিবেদনের ভিত্তিতে, ২০২৩ সালে প্রচারিত ‘ইটস আ ব্লান্ডারফুল লাইফ’ পর্বের একটি ভিডিও থেকে এই আলোচনা শুরু হয়েছে। ওই পর্বে স্প্রিংফিল্ড শহরকে ৬০ বছর ভবিষ্যতে দেখানো হয়েছে। সেখানে বয়স্ক লিসা সিম্পসনকে তার ডায়েরিতে বিদ্যুৎ বিপর্যয়ের কথা লিখতে দেখা যায়, এবং ডায়েরিতে তারিখ হিসেবে ১৭ নভেম্বর উল্লেখ রয়েছে। এই দৃশ্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর অনেকেই প্রশ্ন তুলেছেন, সিরিজটির আরেকটি ভবিষ্যদ্বাণী কি এবার সত্যি হতে যাচ্ছে?
একজন ব্যবহারকারী এক্সে মন্তব্য করেছেন, ‘সত্যি বলতে, সিম্পসনসকে নিয়ে আর পারছি না! এই সিরিজে কী এমন আছে? এমন ঘটনা বারবার কেন ঘটছে?’ অন্য একজনের দাবি, এসব ঘটনা আগে থেকেই দেখানোর মাধ্যমে ক্ষমতাধর ব্যক্তিরা যেন নিজেদের পরিকল্পনার কথা প্রকাশ করছেন। আরেকজন আবার লিখেছেন, ট্রাম্পের প্রেসিডেন্ট হিসেবে প্রথম দিনের ৬৬৬ দিন পর পড়েছে ১৭ নভেম্বর।
তবে এই দাবির বিরুদ্ধে ভিন্নমতও রয়েছে। অনেকেই বলছেন, লিসার ডায়েরিতে ২০২৬ সালের কোনো উল্লেখ নেই। ফলে নির্দিষ্ট করে ২০২৬ সালের ১৭ নভেম্বর বিশ্বজুড়ে বিদ্যুৎ বিপর্যয়ের ভবিষ্যদ্বাণী করা হয়েছে—এমন দাবির ভিত্তি নেই।
এই বিষয়টি নিয়ে এক্সের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সহকারী গ্রককেও প্রশ্ন করেছেন অনেকে। গ্রকের উত্তর, এটি একটি ভাইরাল গুজব। এতে বাস্তব কিছু ঘটনার সঙ্গে কাল্পনিক বিষয় মিলিয়ে ছড়ানো হচ্ছে। তবে সাম্প্রতিক কয়েকটি ঘটনার কারণে ভিডিওটি আবারও আলোচনায় এসেছে। গত সপ্তাহে মাইক্রোসফটের বিভিন্ন সেবা ব্যাহত হওয়ার ঘটনা এবং ১৭ নভেম্বর যুক্তরাষ্ট্রের জরুরি সতর্কবার্তা ব্যবস্থা পরীক্ষার ঘোষণার পর অনেকে বিষয়টি নিয়ে নতুন করে কথা বলছেন।
যুক্তরাষ্ট্রের এই পরীক্ষা মূলত নিয়মিত সতর্কবার্তা ব্যবস্থার কার্যকারিতা যাচাইয়ের অংশ। এর সঙ্গে বিদ্যুৎ বিপর্যয়ের কোনো সম্পর্ক নেই। পরীক্ষার সময় বেতার, টেলিভিশন, কেবল ও স্যাটেলাইট সেবার মাধ্যমে সাধারণ মানুষের কাছে সতর্কবার্তা পাঠানো হবে। এর আগেও ‘দ্য সিম্পসনস’-এর বিভিন্ন পর্ব নিয়ে এমন আলোচনা হয়েছে। চলতি বছরের শুরুর দিকে সিরিজটির একটি পুরোনো পর্বের সঙ্গে কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইনকে ঘিরে বিতর্কের মিল খুঁজে পান অনেকে।
২০০০ সালে প্রচারিত সিরিজটির ১২তম মৌসুমের ‘দ্য কম্পিউটার ওয়োর মেনেস শুজ’ পর্বে দেখা যায়, হোমার ‘মিস্টার এক্স’ নামে একটি ব্লগ চালু করেছে। সেখানে সে নানা ধরনের গুজব ছড়ায়। ব্লগের একটি লেখায় বলা হয়, ‘একটি দ্বীপে থাকা কিছু অদ্ভুত লোক গোপনে পুরো বিশ্ব চালাচ্ছে।’
এই বক্তব্যের সঙ্গে এপস্টেইনের মালিকানাধীন লিটল সেন্ট জেমস ও গ্রেট সেন্ট জেমস দ্বীপের মিল খুঁজে পান সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহারকারীরা। দ্বীপ দুটি একসঙ্গে ‘এপস্টেইন আইল্যান্ড’ নামেও পরিচিত। এসব দ্বীপে অপ্রাপ্তবয়স্ক মেয়েদের যৌন নির্যাতন ও পাচারের অভিযোগ উঠেছিল এপস্টেইনের বিরুদ্ধে। ২০১৯ সালে বিচার শুরুর অপেক্ষায় থাকার সময় নিউইয়র্কের ম্যানহাটনের একটি কারাগারে মারা যান জেফরি এপস্টেইন।
এভাবে বিভিন্ন সময়ে ‘দ্য সিম্পসনস’-এর পুরোনো দৃশ্যের সঙ্গে বাস্তব ঘটনার মিল খুঁজে পেয়ে নতুন করে আলোচনা শুরু করেন দর্শকেরা। তবে এসব দৃশ্যকে ভবিষ্যদ্বাণী হিসেবে দেখার আগে পর্বের প্রকৃত প্রেক্ষাপট ও তথ্য যাচাই করা জরুরি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন