প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পেরু রাষ্ট্রের দক্ষিণাঞ্চলে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। বৃহস্পতিবার দুপুর ১টার সময় স্থানীয় সময় আয়াকুচো অঞ্চলে ভূমিকম্পটি অনুভূত হয়। এতে রাজধানী লিমাসহ দেশের বিভিন্ন এলাকায় কম্পন অনুভূত হয়েছে।
তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির প্রতিবেদনে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস ভূমিকম্পটির মাত্রা ৬.৭ বলে প্রকাশ করেছে। তবে পেরুর ভূ-পদার্থবিজ্ঞান ইনস্টিটুট জানিয়েছে, এর সঠিক মাত্রা ছিল ৭.২।
ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল আয়াকুচো অঞ্চলের পারিনাকোচাস প্রদেশে। কোরাকোরা শহরের প্রায় ৩৫ কিলোমিটার উত্তরে ছিল এর কেন্দ্র। ভূমিকম্পটির গভীরতা ১০৮ কিলোমিটার গভীর।
এটি একটি শক্তিশালী কম্পন হলেও, এখন পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের অবকাঠামোগত ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ভূ-বিজ্ঞানীদের ধারণা, ভূমিকম্পটির উৎপত্তিস্থল গভীরে থাকার কারণে এর শক্তির একটি বড় অংশ ভূগর্ভেই শোষিত হয়েছে। ফলে ভূপৃষ্ঠে কম্পনের প্রভাব তুলনামূলকভাবে কম দেখা গেছে।
সাম্প্রতিক সময়ে পেরুর উত্তর ও দক্ষিণাঞ্চলে বেশ কয়েকটি ভূমিকম্প অনুভূত হওয়ায় দেশটির ভূ-পদার্থবিজ্ঞান ইনস্টিটুট সতর্কতা জারি করেছে। জনগণকে সতর্ক থাকার পাশাপাশি জরুরি পরিস্থিতিতে বাড়ি থেকে বের হওয়ার পরিকল্পনায় পর্যালোচনা এবং প্রয়োজনীয় জরুরি সামগ্রী প্রস্তুত রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’-এর ওপর অবস্থানের কারণে পেরুতে প্রায়ই ভূমিকম্প ঘটে। এর আগে ২০০৭ সালে দেশটির ইকা অঞ্চলে ৭.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে প্রায় ৬০০ মানুষ নিহত হয়েছিল।
সূত্র: আনাদোলু এজেন্সি
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন