প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চট্টগ্রাম নগরীর কদমতলী এলাকায় একটি অবৈধ তেলের (মবিল) গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় নগরের কদমতলী পোড়া মসজিদ এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুনে মোবিলের পাঁচটি গুদাম পুরোপুরি পুড়ে গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎ করেই ওই মবিল গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়। ভেতরে প্রচুর দাহ্য পদার্থ থাকায় মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে এবং চারপাশ ধোঁয়ার কুণ্ডলীতে ঢেকে যায়। এতে আশপাশের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রথমে এলাকাবাসী পাশের ভবনের ছাদ থেকে পানি ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা চালান। পরে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নির্বাপণের কাজ শুরু করে ফায়ার সার্ভিস।
এলাকাবাসীর অভিযোগ, ঘনবসতিপূর্ণ এ এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে তেলের গুদাম গড়ে তুলে ব্যবসা চালানো হচ্ছিল। গুদামে অবৈধভাবে তেল মজুতের পাশাপাশি বিভিন্ন ব্র্যান্ডের কনটেইনারে নকল ও নিম্নমানের মবিল ভরে বাজারজাত করত একটি চক্র।
চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণকক্ষ জানায়, অগ্নিকাণ্ডের খবর পেয়ে আগ্রাবাদ ও নন্দনকানন ফায়ার স্টেশনের মোট পাঁচটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আলমগীর হোসেন বলেন, ‘শুরুতে তেলের দোকানে আগুন লেগেছে শুনে আমরা ঘটনাস্থলে আসি। এসে দেখতে পাই এটি বড় তেলের গুদাম। পরে বিশেষ ফোম এনে প্রায় এক ঘণ্টার চেষ্টায় পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এতে কেউ হতাহত হননি।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন