প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কুষ্টিয়ার গড়াই নদীর ওপর নির্মাণ হতে চলেছে দীর্ঘদিনের প্রতীক্ষিত ‘শহীদ আবরার ফাহাদ সেতু’। কুমারখালী উপজেলার পাঁচটি ইউনিয়নের লক্ষাধিক মানুষ নদী পারাপারের দুর্ভোগ থেকে মুক্তি পেতে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর নির্দেশনায় সেতু নির্মাণের উদ্যোগ নেয়ায় স্থানীয়দের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে।
বর্ষাকালে নৌকায় এবং গ্রীষ্মকালে ধুধু বালুচর পায়ে হেঁটে কুষ্টিয়া শহরে আসতে হয় স্থানীয়দের। ব্যবসা-বাণিজ্য, চাকরি, শিক্ষা, চিকিৎসা সহ নানা প্রয়োজনে প্রতিদিন তাদের চরম ভোগান্তির শিকার হতে হয়। বিশেষ করে নদীতে পানি বাড়লে নৌকায় ঝুঁকি নিয়ে পারাপার হতে হয়, যা মাঝে মাঝে নৌকাডুবির ঘটনাও ঘটায়।
অন্যদিকে, শুষ্ক মৌসুমে নদীর পানি কমে গেলে দীর্ঘ বালুচর পায়ে হেঁটে পার হতে হয় স্থানীয়দের।
স্থানীয়দের মতে, কুষ্টিয়া শহরে প্রতিদিন যাতায়াতকারী মানুষের একটি উল্লেখযোগ্য অংশ কয়া, শিলাইদহ, সাদিপুর, নন্দলালপুর ও হরিপুর ইউনিয়ন থেকে আসেন। শহরের নিকটবর্তী বসবাস করেও গড়াই নদীর কারণে স্থানীয়রা নাগরিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হয়ে আসছেন।
এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি ছিল কুষ্টিয়ার বড়বাজার থেকে ঘোড়াঘাট পর্যন্ত গড়াই নদীর ওপর একটি সংযোগ সেতু নির্মাণের। প্রায় ৫০ বছর ধরে এ দাবিতে আন্দোলন-সংগ্রাম করে আসছেন স্থানীয়রা। অবশেষে শহীদ আবরার ফাহাদের নামে সেতু নির্মাণের উদ্যোগ তাদের সেই প্রত্যাশাকে নতুন করে জাগিয়ে তুলেছে।
গত ৭ অক্টোবর শহীদ আবরার ফাহাদের বাবা মো. বরকত উল্লাহ প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে এলাকাবাসীর দীর্ঘদিনের দাবির কথা তুলে ধরেন। এ সময় গড়াই নদীর ওপর সেতু নির্মাণের আবেদন জানালে প্রধানমন্ত্রী তারেক রহমান সেতুটি নির্মাণ এবং শহীদ আবরার ফাহাদের নামে নামকরণের আশ্বাস দেন। পরে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় সরকার বিভাগকে নির্দেশনা দেয়া হয়।
একইসঙ্গে এ বিষয়ে অগ্রগতি প্রতিবেদন পাঠানোর অনুরোধ জানানো হয়।
শহীদ আবরার ফাহাদের বাবা মো. বরকত উল্লাহ বলেন, গড়াই নদীর ওপর একটি সেতু নির্মাণ এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি। প্রধানমন্ত্রীর কাছে বিষয়টি তুলে ধরার পর তিনি সেতু নির্মাণের উদ্যোগ নিয়েছেন।
সেতুটি নির্মিত হলে কুমারখালীর নদী তীরবর্তী ইউনিয়নগুলোর সঙ্গে কুষ্টিয়া শহরের যোগাযোগ ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আসবে বলে আশা করছেন স্থানীয়রা। ব্যবসা-বাণিজ্যের প্রসার, শিক্ষা ও স্বাস্থ্যসেবা গ্রহণ, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে সেতুটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শিলাইদহের কুঠিবাড়ির সঙ্গে কুষ্টিয়া শহরের যোগাযোগ আরো সহজ হবে। একই সঙ্গে পাবনা জেলার সঙ্গেও যোগাযোগ ব্যবস্থার উন্নতি হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন