প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ বিশ্ববিদ্যালয়ে অর্জিত জ্ঞানকে শিক্ষার্থীদের কর্মজীবন এবং বাস্তব জীবনের সঙ্গে আরও বেশি প্রাসঙ্গিক করার গুরুত্ব তুলে ধরেছেন।
তিনি সোমবার কক্সবাজারের ওশান প্যারাডাইস হোটেল অ্যান্ড রিসোর্টসে চার দিনব্যাপী ‘ট্রেনিং অব ট্রেইনার্স’ (টিওটি) কার্যক্রমের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
অধ্যাপক মামুন আহমেদ বলেন, "পড়াশোনা শেষে চাকরি, উদ্যোক্তা হিসেবে কাজ কিংবা বুদ্ধিবৃত্তিক চর্চার ক্ষেত্রে অনেক শিক্ষার্থী তাঁদের অর্জিত শিক্ষার যথাযথ প্রয়োগ করতে পারছেন না।" তিনি উল্লেখ করেন যে, এই অবস্থার পরিবর্তনে উচ্চশিক্ষার মান বাড়ানোর পাশাপাশি শিক্ষার সঙ্গে জীবনের সংযোগ আরও সুদৃঢ় করা আবশ্যক।
তিনি জানান, উচ্চশিক্ষা খাতের রূপান্তরে ইউজিসি একটি কৌশলগত পরিকল্পনা তৈরি করেছে এবং শিগগিরই তা বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করা হবে। এই পরিকল্পনার সফল বাস্তবায়নে শিক্ষকদের মূল ভূমিকা পালন করতে হবে, তাই তাঁদের পেশাগত দক্ষতা উন্নয়নের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
অধ্যাপক মামুন আহমেদ আরও জানান, দেশের পাঁচ হাজার বিশ্ববিদ্যালয় শিক্ষককে প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর জন্য মাস্টার ট্রেইনার ও ন্যাশনাল ট্রেইনার তৈরি করা হচ্ছে এবং পর্যায়ক্রমে তাঁদের সংখ্যা বাড়ানোর পরিকল্পনা রয়েছে। এই প্রশিক্ষকদের মাধ্যমে পরবর্তীতে জাতীয় পর্যায়ে শিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হবে।
তিনি প্রশিক্ষণ সক্ষমতা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে বলেন, বিশ্ববিদ্যালয় শিক্ষকদের মানসম্মত প্রশিক্ষণ দেশেই আয়োজন করা সম্ভব। এজন্য প্রয়োজনীয় প্রশিক্ষক তৈরি এবং বিদ্যমান সুযোগ-সুবিধার যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে। ইউজিসি দেশের শিক্ষকদের কার্যকর প্রশিক্ষণ দেওয়ার টেকসই সক্ষমতা প্রতিষ্ঠা করতে চায়।
প্রশিক্ষণে অংশগ্রহণকারী অধ্যাপকদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, "উচ্চশিক্ষাকে আরও কার্যকর ও যুগোপযোগী করার এই উদ্যোগে নবপ্রশিক্ষিত ন্যাশনাল ট্রেইনারদের অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হবে।"
উল্লেখ্য, ইউজিসির হায়ার এডুকেশন অ্যাক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্পের আওতায় ব্রিটিশ কাউন্সিলের সহযোগিতায় জুনিয়র ফ্যাকাল্টি প্রফেশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রামের আওতায় এই প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করা হয়। গত ১৬ অক্টোবর শুরু হওয়া এই প্রশিক্ষণে দেশের বিভিন্ন পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ২১ জন অধ্যাপক অংশগ্রহণ করেন। নির্বাচিত এই ন্যাশনাল ট্রেইনারগণ বিশ্ববিদ্যালয় শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়নে বিশেষ ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।
অনুষ্ঠানে ইউজিসির সদস্য অধ্যাপক ড. মাছুমা হাবিব, ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর স্টিফেন ফোর্বস, অ্যাডভান্স এইচইর সিনিয়র অ্যাসোসিয়েট বেন ব্রাবন এবং হিট প্রকল্পের ফ্যাকাল্টি প্রফেশনাল ডেভেলপমেন্ট স্পেশালিস্ট অধ্যাপক ড. মো. আব্দুস সালাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও সংশ্লিষ্ট ন্যাশনাল ট্রেইনার, প্রশিক্ষণে অংশগ্রহণকারী অধ্যাপকবৃন্দ এবং ইউজিসি, হিট প্রকল্প ও ব্রিটিশ কাউন্সিলের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে যোগদান করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন