প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নেত্রকোণার কেন্দুয়ায় গভীর রাতের সময় সড়কের ওপর টায়ার জ্বালিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি এবং নাশকতার চেষ্টা করার অভিযোগে ৫৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২০-২৫ জনের বিরুদ্ধে একটি এজাহার দায়ের করা হয়েছে।
এজাহারটি বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাতে কেন্দুয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. মোশারফ হোসেন কর্তৃক দায়ের করা হয়।
এজাহার সূত্রে জানা যায়, মঙ্গলবার (১০ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার রোয়াইলবাড়ী ইউনিয়নের রোয়াইলবাড়ী-বসুরবাজার সড়কের তাঁতিবাজার ব্রিজসংলগ্ন পশ্চিম পাশে একটি দল জড়ো হয়। অভিযোগ রয়েছে যে, তারা সড়কের ওপর টায়ার জ্বালিয়ে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে এবং জনমনে আতঙ্ক ছড়ায়।
এজাহারে আরও উল্লেখ করা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের সহযোগী সংগঠনের কয়েকজন নেতাকর্মীর তৎপরতার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। পুলিশ সদস্যরা তাদের আটক করার চেষ্টা করলে অভিযুক্তরা দৌড়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজনের জিজ্ঞাসাবাদে অভিযুক্তদের নাম-পরিচয় জানা যায় বলে উল্লেখ করা হয়েছে।
অভিযোগে বলা হয়েছে, অভিযুক্তরা পরস্পর যোগসাজশে বর্তমান সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড নস্যাৎ করা, জননিরাপত্তা বিঘ্নিত করা এবং সম্পদের ক্ষতিসাধনের উদ্দেশ্যে এ ধরনের কর্মকাণ্ডে জড়িত ছিলেন।
এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধনী-২০১৩)-এর ৬(২)-এর (ই)/৬(১)-এর (ই)/১০/১১/১২/১৩ ধারায় শাস্তিযোগ্য অপরাধের অভিযোগ আনা হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা শওকত আলী মাহমুদ মুঠোফোনে নিশ্চিত করেছেন যে ইতোমধ্যে মামলার অন্যতম আসামী মো. আব্দুর রশিদ (৫৫) ও মো. নজরুল ইসলাম (৫০) নামে দুজনকে নিজ নিজ এলাকা থেকে গ্রেফতার করে কোর্টে সোপর্দ করা হয়েছে।
এ বিষয়ে কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ ওসি মুহাম্মদ তরিকুল ইসলাম জানান, পলাতক অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন