প্রিন্ট এর তারিখঃ ২২শে অক্টোবর, ২০২৬ইং; ১১:৪২ এম || প্রকাশের তারিখঃ ৭ই সেপ্টেম্বর, ২০২৬ইং; ০৬:২৮ পি.এম
মশারির জাল দিয়ে মাছ ধরতে গিয়ে পুকুরে ডুবে খালাতো ভাইবোনের মৃত্যু
কুড়িগ্রামের কচাকাটা থানার কেদার ইউনিয়নে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (০৭ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ঢলুয়াবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত দুই শিশু সম্পর্কে খালাতো ভাইবোন।
নিহতরা হলো- চর বিষ্ণুপুর গ্রামের মমিনুর ইসলামের ছেলে সিয়াম (৮) এবং খামার গ্রামের দুলালের মেয়ে মোফাসসিরা (৭)। তারা পরিবারের সঙ্গে ঢলুয়াবাড়ী গ্রামের নানির বাড়িতে বেড়াতে এসেছিল।
স্বজন আবু বক্কর সিদ্দিক জানান, বেলা ১১টার দিকে সিয়াম ও মোফাসসিরাসহ প্রতিবেশী আরেক শিশু বাড়ির পাশের পুকুরে মাছ ধরতে নামে। তারা ছেঁড়া মশারি দিয়ে জাল তৈরি করে মাছ ধরছিল। একপর্যায়ে সিয়াম ও মোফাসসিরা পানিতে ডুবে যায়। সঙ্গে থাকা প্রতিবেশী শিশুটি বিষয়টি কাউকে না জানিয়ে বাড়িতে চলে যায়।
পরে দুপুর একটার দিকে স্থানীয় কয়েকজন পুকুরে সিয়ামের মরদেহ ভাসতে দেখেন। খবর পেয়ে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন সেখানে গিয়ে প্রথমে সিয়ামের মরদেহ উদ্ধার করেন। পরে পানির নিচ থেকে মোফাসসিরার মরদেহ উদ্ধার করা হয়।
কচাকাটা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অর্পণ কুমার দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন
কপিরাইট © ২০২৪-২৫ তালাশ বিডি.কম সর্বস্বত্ব সংরক্ষিত। || Design & Developed By "Talash BD Media Limited"