প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রংপুরের গঙ্গাচড়া উপজেলায় আমন ধানে কারেন্ট পোকার আক্রমণ বেড়ে যাওয়ায় কৃষকরা চরম বিপদের সম্মুখীন হয়েছেন। ধান কাটার মৌসুমে এসে এই পোকার আক্রমণে তাদের স্বপ্নের ফসল হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে। বিভিন্ন ধরনের কীটনাশক ব্যবহার করেও তারা কাঙ্ক্ষিত ফল পাচ্ছেন না। কোথাও কোথাও পোকায় আক্রান্ত ধানগাছ পুড়িয়ে ফেলতে বাধ্য হচ্ছেন কৃষকরা। এর ফলে শুধু ধানের উৎপাদনই ব্যাহত হচ্ছে না, বরং গবাদিপশুর খাদ্য ধানের খড়ের তীব্র সংকটের আশঙ্কাও দেখা দিচ্ছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রংপুরের গঙ্গাচড়া উপজেলার বিভিন্ন এলাকা পরিদর্শন করে দেখা গেছে, আমন ধানের জমিতে কারেন্ট পোকার আক্রমণ ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। ধান কাটার সময় এসে এমন পরিস্থিতিতে অনেক কৃষকের স্বপ্ন ভেঙে যেতে বসেছে। আক্রান্ত জমিতে ধানের গাছ নষ্ট হয়ে যাচ্ছে। পোকা দমনে কীটনাশক প্রয়োগ করেও কৃষকরা তেমন কোনো সুফল পাচ্ছেন না।
পুটিমারী গ্রামের মতিয়ার রহমান, সয়ড়াবাড়ী গ্রামের আব্দুল জলিল, মেছনীকুন্ডা গ্রামের রাজু মিয়া, কচুয়া গ্রামের সোলায়মান হক, বড়াইবাড়ি গ্রামের জহুরুল হক, বড়বিল মন্থা বাজারের ছালাম, খাপড়িখাল গ্রামের সাহাব উদ্দিন ও আলদাদপুর গ্রামের কৃষ্ণ কান্তসহ স্থানীয় কৃষকরা দৈনিক ইনকিলাবকে জানান, কারেন্ট পোকার আক্রমণে তাদের আমন ধান শেষ হয়ে যাচ্ছে। তারা বিভিন্ন ধরনের কীটনাশক ব্যবহার করেও কোনো লাভ পাচ্ছেন না। ধান কাটার সময় এসে এমন বিপর্যয়ে তারা দিশেহারা হয়ে পড়েছেন।
ক্ষতিগ্রস্ত কৃষকরা আক্ষেপ করে বলেন, "অনেক কষ্ট করে ধারদেনা করে ধান চাষ করেছি। এখন ধান ঘরে তোলার সময় এসে পোকার আক্রমণে সব শেষ হয়ে যাচ্ছে। পরিবারের সদস্যদের মুখে খাবার তুলে দেওয়ার মতো অবস্থাও নেই। ফসল নষ্ট হলে সংসার চালানোর টাকা কোথায় পাব, তা নিয়ে দুশ্চিন্তায় আছি।"
তারা আরও জানান, ধানের পাশাপাশি খড় নিয়েও দুশ্চিন্তা দেখা দিয়েছে। কারণ ধানের খড় গরুর প্রধান খাদ্যগুলোর একটি। আমন ধান নষ্ট হলে খড়ও পাওয়া যাবে না। এতে গরুর খামার পরিচালনা করা কঠিন হয়ে পড়বে। একদিকে পরিবারের খাবার জোগাড়ের চিন্তা, অন্যদিকে গরুর খামার টিকিয়ে রাখার দুশ্চিন্তা—সব মিলিয়ে তারা দিশেহারা হয়ে পড়েছেন।
কৃষকদের অভিযোগ, কারেন্ট পোকার আক্রমণ থেকে ফসল রক্ষায় বারবার কীটনাশক ব্যবহার করেও কার্যকর ফল পাওয়া যাচ্ছে না। ফলে কিছু জমিতে আক্রান্ত ধানগাছ পুড়িয়ে ফেলার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। এতে কৃষকের আর্থিক ক্ষতির পাশাপাশি আগামী দিনের খাদ্য ও পশুখাদ্য সংকটের আশঙ্কা বাড়ছে।
এ বিষয়ে গঙ্গাচড়া উপজেলা কৃষি কর্মকর্তা রুবেল হুসেন জানান, "কৃষকদের পাশে সব সময় আছি। তাদের নিয়মিত পরামর্শ দেওয়া হচ্ছে। ফসলের সমস্যা মোকাবিলায় কৃষকদের প্রয়োজনীয় কৃষি পরামর্শ প্রদান অব্যাহত রয়েছে।"
এদিকে ক্ষতিগ্রস্ত কৃষকরা কারেন্ট পোকার আক্রমণ থেকে আমন ধান রক্ষায় কৃষি বিভাগের আরও কার্যকর ও জরুরি পদক্ষেপ কামনা করেছেন। পাশাপাশি ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা এবং গবাদিপশুর খাদ্যসংকট মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন