প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
উত্তরাঞ্চলের সড়ক যোগাযোগব্যবস্থায় আসছে একটি উল্লেখযোগ্য পরিবর্তন। বগুড়ার মোকামতলা থেকে কালাই, জয়পুরহাট হয়ে হিলি পর্যন্ত মহাসড়ক সার্ভিস রোড ছয় লেনে উন্নীত করার প্রকল্পটি অনুমোদন পেয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায়। এই প্রকল্পটি বাস্তবায়নের জন্য প্রাক্কলিত ব্যয় প্রায় ১ হাজার ৯০০ কোটি টাকা হবে এবং এর আওতায় চারটি গুরুত্বপূর্ণ স্থানে নির্মাণ করা হবে ওভারপাস। উল্লেখযোগ্য স্থানের মধ্যে রয়েছে আমতলী, কিচক, কালাই ও বটতলী।
প্রকল্পটি বাস্তবায়িত হলে বগুড়া, জয়পুরহাট এবং দিনাজপুরের হিলি স্থলবন্দরের মধ্যে সড়ক যোগাযোগের গতি বৃদ্ধি পাবে, যা নিরাপদ এবং নির্বিঘ্ন হবে। এ ছাড়া, উত্তরাঞ্চলের ব্যবসা-বাণিজ্য, কৃষিপণ্য পরিবহন এবং আমদানি-রপ্তানি কার্যক্রমে নতুন গতি সঞ্চার হবে বলে আশা করা হচ্ছে।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বুধবার (১৮ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় মোকামতলা-কালাই-জয়পুরহাট-হিলি মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণ প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়েছে। প্রকল্পটির ব্যয় প্রায় ১ হাজার ৯০০ কোটি টাকা হবে এবং মহাসড়কের গুরুত্বপূর্ণ কয়েকটি স্থানে যানজট ও দুর্ঘটনার ঝুঁকি কমাতে চারটি ওভারপাস নির্মাণ করা হবে।
জানা গেছে, দীর্ঘদিন ধরে এই মহাসড়ক দিয়ে চলাচলকারী যাত্রী ও পণ্যবাহী যানবাহন বিভিন্ন স্থানে যানজটের মুখে পড়তে হয়। বিশেষ করে গুরুত্বপূর্ণ মোড় ও বাজারকেন্দ্রিক এলাকায় যানবাহনের চাপ বৃদ্ধি পায়, ফলে যাতায়াতে সময় বেশি লাগে। সড়ক দুর্ঘটনার ঘটনাও ঘটে অহরহ। সার্ভিস রোডসহ ৬ লেনে উন্নীতকরণের ফলে এসব ভোগান্তি অনেকটাই কমবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
এছাড়া, হিলি স্থলবন্দরের সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলের পণ্য পরিবহনে এই মহাসড়ক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সড়কটির সক্ষমতা বৃদ্ধি পেলে স্থলবন্দরকেন্দ্রিক আমদানি-রপ্তানি বাণিজ্য আরো গতিশীল হবে। পাশাপাশি জয়পুরহাটের কৃষিপণ্য ও শিল্পপণ্য পরিবহন সহজ হবে এবং আঞ্চলিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে।
বগুড়ার মোকামতলা থেকে শুরু হয়ে কালাই ও জয়পুরহাট হয়ে হিলি পর্যন্ত বিস্তৃত এই মহাসড়ক উত্তরাঞ্চলের সড়ক যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ করিডর। প্রকল্পটি বাস্তবায়িত হলে শুধু সড়কের অবকাঠামোগত উন্নয়নই নয়, বরং উত্তরাঞ্চলের অর্থনৈতিক সম্ভাবনা সম্প্রসারণেও নতুন দিগন্ত উন্মোচিত হবে।
প্রকল্পটি অনুমোদন পাওয়ায় জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এলাকাবাসীর পক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন