প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সিলেটের জৈন্তাপুর উপজেলায় জঙ্গলের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি দোনলা বন্দুক, পুলিশের মালখানা থেকে লুট হওয়া চার রাউন্ড তাজা কার্তুজ ও দুই রাউন্ড তাজা রাইফেলের গুলি উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুর থানার হরিপুর বাজারের হাউদপাড়া সংলগ্ন সিলেট-জাফলং মহাসড়কের পশ্চিম পাশে জঙ্গলে অভিযান চালিয়ে এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।
শনিবার (২৬ সেপ্টেম্বর) গণমাধ্যম কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসআরবি-৯ এই তথ্য জানায়।
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, অভিযানের সময় জঙ্গলের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি দোনলা বন্দুক উদ্ধার করা হয়েছে। একই স্থান থেকে জৈন্তাপুর থানার মালখানা থেকে লুট হওয়া চার রাউন্ড তাজা কার্তুজ এবং দুই রাউন্ড তাজা রাইফেলের গুলিও উদ্ধার করা হয়েছে। তবে এসব অস্ত্র ও গোলাবারুদ সেখানে কারা রেখে গেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, হরিপুর এলাকায় সক্রিয় চোরাকারবারি ও সংঘবদ্ধ চোরাচালানকারীদের বিভিন্ন ধরনের অবৈধ অস্ত্র ও গোলাবারুদ ব্যবহারের বিষয়ে আগে থেকেই তথ্য ছিল। উদ্ধার হওয়া অস্ত্র ও গোলাবারুদ ওই চক্রের সঙ্গে সংশ্লিষ্ট কি না, তা যাচাই করা হচ্ছে।
এসআরবি জানায়, উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদ পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার জন্য জৈন্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে। চোরাকারবারি চক্রের কাছে থাকা অন্য অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে অভিযান অব্যাহত থাকবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন