প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
অর্থনৈতিক সংকট যেন কোনো শিক্ষার্থীর উচ্চশিক্ষার পথে বাধা সৃষ্টি না করে, সেই মানবিক উদ্দেশ্যে আবারও পাশে দাঁড়িয়েছে কুমিল্লার পরিচিত মানবিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘আমেনা-জুনাব আলী ফাউন্ডেশন’। কলেজের ভর্তি ফি ও অন্যান্য খরচের ব্যবস্থা করার পর, এবার একাদশ শ্রেণীতে ভর্তি হওয়া অসচ্ছল শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে সম্পূর্ণ বইয়ের সেট বিতরণ করেছে সংগঠনটি।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে কুমিল্লা নগরীর চর্থা নবাব বাড়ি চৌমুহনীতে অবস্থিত কুমিল্লা বিজ্ঞান কলেজের শিক্ষক মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের হাতে এই বইগুলো তুলে দেওয়া হয়।
জানা গেছে, চলতি বছরে একাদশ শ্রেণির ভর্তি কার্যক্রম চলাকালীন আমেনা-জুনাব আলী ফাউন্ডেশনের পক্ষ থেকে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য ভর্তি ফি, আনুষঙ্গিক খরচ এবং প্রয়োজনীয় বই বিতরণের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এই মানবিক সহায়তার আওতায় কুমিল্লা বিজ্ঞান কলেজের পাঁচজন এবং লালমাই সরকারি কলেজের একজন শিক্ষার্থী সম্পূর্ণ বিনামূল্যে ভর্তির সুযোগ ও শিক্ষা উপকরণ লাভ করেন।
বই বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা বিজ্ঞান কলেজ গভর্নিং বোর্ডের পরিচালক সাইফুল ইসলাম টিপু, কলেজের অধ্যক্ষ আবু জাফর মোহাম্মদ সালমান, আমেনা-জুনাব আলী ফাউন্ডেশনের উপদেষ্টা মোহাম্মদ জাহিদ হোসেন এবং সংগঠনের সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সাংবাদিক সাদিক হোসেন মামুন।
কুমিল্লা বিজ্ঞান কলেজের পরিচালক ও অধ্যক্ষ মন্তব্য করেন, অর্থাভাবে কোনো শিক্ষার্থীর পড়াশোনা বন্ধ হয়ে যাওয়া সমাজের জন্য একটি বড় ক্ষতি। আমেনা-জুনাব আলী ফাউন্ডেশন যেভাবে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে, তা প্রশংসনীয়। এই সহায়তা শিক্ষার্থীদের পড়ালেখায় আরও বেশি উদ্বুদ্ধ করবে।
এদিকে ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. গোলাম সারোয়ার দেশের বাইরে থাকায় অডিও বার্তায় জানান, কেবল কুমিল্লা নগরীতেই নয়, সংগঠনের এই শিক্ষাবৃত্তি ও মানবিক কার্যক্রমের পরিধি দিন দিন আরও বাড়ছে। বর্তমানে কুমিল্লার বুড়িচং এলাকার বিভিন্ন স্কুল ও কলেজে অধ্যয়নরত সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মধ্যে নিয়মিত শিক্ষা বৃত্তি প্রদান করে আসছে আমেনা-জুনাব আলী ফাউন্ডেশন। দানবীর ও শিক্ষানুরাগী মরহুম জুনাব আলীর স্বপ্ন পূরণে আগামীতেও শিক্ষার আলো ছড়াতে এই পথচলা অব্যাহত থাকবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন