প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জার্মানির নর্ড স্ট্রিম গ্যাস পাইপলাইনে ২০২২ সালে বাল্টিক সাগরের তলদেশে বিস্ফোরণের ঘটনায় একটি ইউক্রেনীয় নাগরিকের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করেছেন জার্মানির রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। এই বহুল আলোচিত নাশকতার ঘটনায় এটিই অন্যতম গুরুত্বপূর্ণ আইনি পদক্ষেপ বলে মনে হচ্ছে।
অভিযোগে অভিযুক্তের পুরো নাম প্রকাশ করা হয়নি, কারণ এটি জার্মানির ব্যক্তিগত তথ্য সুরক্ষা আইন মেনে চলতে হয়। অভিযোগপত্রে তাকে 'সেরহি কে.' নামে উল্লেখ করা হয়েছে। জার্মান গণমাধ্যমের খবরে বলা হয়েছে, অভিযুক্তের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল রাশিয়া থেকে জার্মানিতে প্রাকৃতিক গ্যাস সরবরাহকারী নর্ড স্ট্রিম পাইপলাইনে হামলা পরিকল্পনা, নেতৃত্ব এবং সমন্বয়ে। তবে অভিযুক্ত সেরহি কে. এই অভিযোগ অস্বীকার করেছেন।
অভিযুক্তের আইনজীবী প্রতিষ্ঠান 'মেনাকার বার্লিন' জানিয়েছে, বুধবার তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করা হয়েছে। যদিও অভিযোগের বিস্তারিত এখনো প্রকাশ করা হয়নি।
এদিকে জার্মানির রাষ্ট্রপক্ষের আইনজীবীরাও বার্তা সংস্থা এএফপিকে নিশ্চিত করেছেন যে, নর্ড স্ট্রিম বিস্ফোরণের ঘটনায় একজনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। জার্মানির সরকারি সম্প্রচারমাধ্যম ডিডাব্লিউ দেশটির বিভিন্ন সংবাদমাধ্যমের বরাত দিয়ে জানিয়েছে, এই অভিযুক্ত ব্যক্তি চারটি নর্ড স্ট্রিম পাইপলাইনের মধ্যে তিনটিতে বিস্ফোরণ ঘটানোর অভিযানে সাত সদস্যের একটি দলের নেতৃত্ব দিয়েছিলেন।
অভিযুক্তের বিরুদ্ধে বেসামরিক জ্বালানি অবকাঠামোতে হামলা, বিস্ফোরণ ঘটানো এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংসের অভিযোগ আনা হয়েছে। জার্মান গণমাধ্যমের তথ্য অনুযায়ী, গত গ্রীষ্মে ইতালিতে তাকে গ্রেপ্তার করা হয়েছিল এবং পরে গত নভেম্বরে তাকে জার্মানির কাছে হস্তান্তর করা হয়।
২০২২ সালের ২৬ সেপ্টেম্বর বাল্টিক সাগরের নিচে থাকা নর্ড স্ট্রিম পাইপলাইনে একাধিক বিস্ফোরণ ঘটে, ফলে চারটি পাইপলাইনের মধ্যে তিনটি ক্ষতিগ্রস্ত হয়। এই বিস্ফোরণের কারণে বিপুল পরিমাণ মিথেন গ্যাস বাল্টিক সাগরে ছড়িয়ে পড়ে এবং কয়েক বিলিয়ন ডলার ব্যয়ে নির্মিত নর্ড স্ট্রিম অবকাঠামো কার্যত অচল হয়ে যায়। নর্ড স্ট্রিম–২ পাইপলাইন কখনো চালু না হলেও নর্ড স্ট্রিম–১-এর দুটি পাইপলাইন দীর্ঘদিন ধরে রাশিয়া থেকে জার্মানিতে প্রাকৃতিক গ্যাস সরবরাহ করত। এই পাইপলাইনটি প্রায় ১ হাজার ২০০ কিলোমিটার দীর্ঘ ছিল যা বাল্টিক সাগরের নিচ দিয়ে রাশিয়ার উপকূল থেকে জার্মানির উত্তর-পূর্বাঞ্চল পর্যন্ত বিস্তৃত ছিল। রাশিয়া ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণমাত্রার হামলা শুরুর আগে নর্ড স্ট্রিম–২ প্রকল্পের অনুমোদন প্রক্রিয়া স্থগিত করে জার্মানি। রাশিয়ার রাষ্ট্রায়ত্ত গ্যাস কোম্পানি 'গ্যাজপ্রম' ছিল এই পাইপলাইনের শতভাগ মালিক। এর কয়েক মাস পর প্রযুক্তিগত সমস্যার কারণে রাশিয়া নর্ড স্ট্রিম–১-এর মাধ্যমে গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়। পরে সেপ্টেম্বরে একাধিক পাইপলাইনে বিস্ফোরণের ঘটনাটি ঘটে।
এখন পর্যন্ত এই নাশকতার জন্য কেউ দায় স্বীকার করেনি। ইউক্রেন সরকারও অভিযোগ করেছে তারা এই হামলায় সম্পৃক্ত নয়। তবে এই মামলার বিচার জার্মানি এবং ইউক্রেনের সম্পর্কের উপর প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে কারণ ইউরোপীয় দেশগুলোর মধ্যে জার্মানি ইউক্রেনকে সবচেয়ে বেশি সামরিক সহায়তা প্রদান করে। বিস্ফোরণের ঘটনায় পশ্চিমা দেশগুলো রাশিয়ার দিকে আঙুল তোলে, অন্যদিকে মস্কো যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যকে দায়ী করে। তবে তদন্তে সরাসরি জড়িত থাকা রাষ্ট্রের প্রমাণ এখনো পাওয়া যায়নি।
এদিকে ইউক্রেনের অনেক মানুষের মধ্যে নর্ড স্ট্রিম ধ্বংসের ঘটনাকে ইতিবাচকভাবে দেখার প্রবণতা রয়েছে। তাদের মতানুসারে, এর ফলে রাশিয়ার অতি গুরুত্বপূর্ণ আয়ের একটি উৎস ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই জার্মানির এই মামলার বিচার নিয়ে ইউক্রেনে আলোচনা সমালোচনা চলমান রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন