প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কুড়িগ্রামের নাগেশ্বরীতে ১০২ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোটরসাইকেলসহ মো. আদম আলী (৩৬) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মো. আপেল (৩৯) নামের অপর এক মাদক কারবারি পালিয়ে যায়।
রোববার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার নেওয়াশী ইউনিয়নের উত্তর সুখাতী গ্রামের হাসেন আলীর মুদি দোকানসংলগ্ন ফুলবাড়ী-নাগেশ্বরী পাকা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃত মো. আদম আলী নাগেশ্বরী উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের মমিনগঞ্জ গ্রামের মৃত আজিজার রহমানের ছেলে। তিনি স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষক বলে জানা গেছে। পলাতক মো. আপেল একই উপজেলার নেওয়াশী ইউনিয়নের সাতকুড়াপাড় (পান্তাবাড়ী) এলাকার মৃত রহমত উল্লাহর ছেলে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদক ও অন্যান্য অপরাধে সাতটি মামলা রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, কুড়িগ্রাম সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিদর্শক আবু নায়েম মো. কাজী নুরন্নবীর নেতৃত্বে একটি রেইডিং টিম ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন একটি অ্যাপাচি মোটরসাইকেলের গতিরোধ করা হলে আদম আলীকে আটক করা হয়। অপর আসামি আপেল দৌড়ে পালিয়ে যাওয়ার সময় ইয়াবা ভর্তি একটি পলিথিনের প্যাকেট ও মোবাইল ফোন ফেলে যায়।
পরে উপস্থিত সাক্ষীদের সামনে তল্লাশি চালিয়ে আদম আলীর পকেট থেকে ৪০ পিস এবং পলাতক আপেলের ফেলে যাওয়া প্যাকেট থেকে ৬২ পিসসহ মোট ১০২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মোট ওজন ১০ দশমিক ২ গ্রাম। এ ছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত একটি অ্যাপাচি ১২৫ সিসি মোটরসাইকেল ও একটি স্মার্টফোন জব্দ করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, উদ্ধারকৃত আলামতের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৪০ হাজার ৬০০ টাকা।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, কুড়িগ্রামের পরিদর্শক আবু নায়েম মো. কাজী নুরন্নবী বাদী হয়ে নাগেশ্বরী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ জানান, গ্রেফতারকৃত আসামিকে বিধি মোতাবেক আদালতে সোপর্দ করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন