প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সুনামগঞ্জ, ১০ নভেম্বর, ২০২৬ : সুনামগঞ্জ জেলা সাংস্কৃতিক ক্ষেত্রে দেশের মধ্যে সুপরিচিত। এই জেলা সাংস্কৃতির রাজধানী হিসেবে পরিচিত। মরমী কবি ও সাহিত্যিকদের জন্য এটি বিখ্যাত। এর মধ্যে অন্যতম রাধারমণ দত্ত, যিনি অসংখ্য গানের রচয়িতা। ‘ভ্রমর কইও গিয়া, শ্রীকৃষ্ণ বিচ্ছেদে রাধার অঙ্গ যায় জ্বলিয়া’, ‘জবা কুসুম সন্ধ্যামালী আনরে তুলিয়া মনোরঙ্গে সাজাও কুঞ্জ সব সখি মিলিয়া’, ‘মুর্শিদ বলি নৌকা ছাড়ো তুফান দেখি ভয় করিও না, মুর্শিদ নামে ভাসালে তরী অকূলে ডুবিবে না’, ‘দেখলাম দেশের এই দুর্দশা, ঘরে ঘরে চোরের বাসা’ এই ধরনের কালজয়ী গান শুনলেই রাধারমণ দত্তের সংগীতের বৈচিত্র্য বোঝা যায়।
রাজবৈদ্য চক্রপাণি দত্তের অধস্তন পুরুষরা শ্রীহট্টের প্রাচীন সামন্ত বংশের সদস্য। ১৮৩৩ সালে এই বংশের প্রভাকর দত্তের দ্বাদশ পুরুষ সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার কেশবপুর গ্রামে দেশের লোক সংস্কৃতির উজ্জ্বল নক্ষত্র গীতি কবি রাধারমণ দত্ত জন্মগ্রহণ করেন।
রাধারমণের পিতা রাধামাধব ছিলেন একজন পরম পন্ডিত এবং অসংখ্য গুণের অধিকারী। পিতার সংগীত ও সাহিত্য সাধনা রাধারমণকে গভীরভাবে প্রভাবিত করে। সময়ের সাথে সাথে তিনি একজন স্বভাব কবি হিসেবে আত্মপ্রকাশ করেন। সর্বজনীন গানের এই স্রষ্টা ১৯১৫ সালের ১০ নভেম্বর শুক্রবার পরলোকগমন করেন। সুমন কুমার দাস সম্পাদিত ‘অগ্রন্থিত রাধারমণ’ গ্রন্থসহ অন্যান্য প্রকাশিত লেখকদের গ্রন্থ থেকে জানা যায়, কবি রাধারমণ দত্ত একাধারে গীতিকার, সুরকার এবং শিল্পী ছিলেন। বিভিন্ন সংগ্রাহকের মতে, রাধারমণের গানের সংখ্যা তিন হাজারেরও বেশি। সাধক রাধারমণের গানের বেশ কিছু বই প্রকাশিত হয়েছে।
অধ্যাপক যতীন্দ্র মোহন ভট্টাচার্য প্রথমে রাধারমণ দত্তের গান সংগ্রহের উদ্যোগ নেন। কলকাতা থেকে ‘বাউল কবি রাধারমণ’ নামে ৮৯৮টি গান নিয়ে একটি গ্রন্থ প্রকাশিত হয়। মোহাম্মদ মনসুর উদ্দীন তার হারামনি গ্রন্থের সপ্তম খণ্ডে রাধারমণের ৫১টি গান অন্তর্ভুক্ত করেন।
এছাড়াও রাধারমণ সংগীত, সম্পাদক মোহাম্মদ আশরাফ হোসেন, সাহিত্য রত্ন, ভানুগাছ, শ্রীহট্ট, (দ্বিতীয় সংস্করণ), ‘ভাইকে রাধারমণ বলে’ সম্পাদনা মুহম্মদ আবদুল হাই, সুনামগঞ্জ, শ্রীহট্ট, সিলেটের মোদনমোহন কলেজের সাহিত্য পরিষদ থেকে ‘রাধারমণ সঙ্গীত’ নামে চৌধুরী গোলাম আকবর সাহিত্য ভূষনের সংগৃহীত একটি গ্রন্থ ১৯৮১ খ্রিস্টাব্দে প্রকাশিত হয়।
অধ্যাপক নন্দলাল শর্মা ‘রাধারমণের হাজার কবিতা’ নামে একটি সংকলন প্রকাশ করেছেন। আরও অনেক বিদগ্ধজন রাধারমণ দত্তের গান সংগ্রহ করেছেন। সুমন কুমার দাস সম্পাদিত ‘অগ্রন্থিত রাধারমণ’ আরও অনেক বিদগ্ধজন রাধারমণ দত্তের গান সংগ্রহ করেছেন।
ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলার কবি বিজন কৃষ্ণ চৌধুরী সম্পাদিত ‘বাউল কবি রাধারমণ গীতি সংগ্রহ’ গ্রন্থে ‘রাধারমণের জীবনী’ বিষয়ক আলোচনা করা হয়েছে। যদিও রাধারমণের স্বগৃহে আমরা খুব বেশি সংখ্যক গান পাইনি, তবুও কেশবপুর গ্রামেই এখনো প্রচুর অসংগৃহীত গান ছড়িয়ে আছে। নানা কারণে আমরা মাত্র তার কিছু অংশ সংগ্রহ করতে পেরেছি। এমন অভিজ্ঞতা আমাদের অন্যত্রও হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, দেশ বিভাজনের পর তার ভক্তরা অনেকেই আসাম, মেঘালয়, ত্রিপুরা, পশ্চিমবঙ্গসহ অন্যান্য স্থানে সরে এসেছেন।
সুনামগঞ্জের জামাইপাড়ার জনৈক শ্রীযুক্ত সতীশ রায়ের সংগ্রহে একসময় সহস্রাধিক গান ছিল। জানা গেছে, শ্রীযুক্ত সতীশ রায় কাছাড়ের শিলচরে এসে কিছুকাল বসবাসের পরই লোকান্তরিত হন এবং তার আত্মীয় স্বজনরা কেউ সেই সংগৃহীত গীতরাশির কোনো খোঁজ দিতে পারেননি।
তার গানে প্রার্থনা, আত্মতত্ত্ব, দেহতত্ত্ব এবং পরমাত্মা বিষয়ক সঙ্গীত ছাড়াও তার স্বদেশ প্রেমের অনেক গান রয়েছে। তবে সবচেয়ে আকর্ষণীয় এবং ব্যতিক্রম হচ্ছে ধামাইল গান। রাধারমণের গানে শব্দ প্রয়োগের ক্ষেত্রে সাম্প্রদায়িকতা ছিল না। আল্লাহ্-ঈশ্বরে যেমন তিনি পার্থক্য দেখেননি, গুরু এবং মুর্শিদ শব্দের পার্থক্যও দেখাননি। তার গানের সুরে ভূবন মাতোয়ারা হলেও রাধারমণ দত্তের নিজের ভূ-সম্পতি অর্পিত হওয়ায় রাধারমণ গবেষক ও ভক্তদের মধ্যে ক্ষোভ রয়েছে।
সুনামগঞ্জে স্থানীয় শিল্পীরা বাসস’কে জানিয়েছেন, রাধারমণ দত্তের গানের চর্চা বাড়াতে রাধারমণের জন্ম ভিটায় রাধারমণ কমপ্লেক্স দ্রুত নির্মাণ করা অত্যন্ত জরুরি। তার জন্ম ভিটায় রাধারমণ কমপ্লেক্স নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছিল বাংলাদেশ শিল্পকলা একাডেমি। কিন্তু তা আজও বাস্তবায়ন হয়নি। তবে, রাধারমণের ১ হাজার ৫০টি গান ডিজিটাল পদ্ধতিতে সংরক্ষণ করা হয়েছে।
জেলা শিল্পকলা একাডেমি’র কালচারাল অফিসার আহমেদ মঞ্জুরুল হক চৌধুরী বাসস’কে বলেন, রাধারমণ দত্তের অমূল্য সৃষ্টিকর্ম আমাদের লোক সাহিত্যের অমূল্য রত্ন। তার সৃষ্টিতে রয়েছে জীবনবোধের অন্য এক মায়াবী আধার। এর সংস্পর্শে এলেও আনন্দ লাগে। তার গানের ওপর ইউরোপের নামিদামি বিশ্ববিদ্যালয়ে থিসিস হচ্ছে।
কিন্তু দুঃখের বিষয় গানের কথা ও সুর বিকৃত করা হচ্ছে। এজন্যই হয়তো জীবনের শেষ পর্যায়ে এসে তিনি লিখেছিলেন, ‘আমার সাধনার ধন হইল চুরি, আমি কার পানে চাইরে।’ তাই সাংস্কৃতিক কর্মীদের উদ্যোগ নিতে হবে, যাতে রাধারমণ দত্তের গানের সঠিক চর্চা হয়। জেলা শিল্পকলা একাডেমিসহ সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে মঙ্গলবার উদযাপিত হবে ধামাইল উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন