প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইন অনুযায়ী কোতোয়ালি থানায় দায়ের হওয়া মামলায় শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি স্থগিত করা হয়েছে। নতুন শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে ১০ ডিসেম্বর।
ঢাকার মহানগর দায়রা জজ মো. শাহজাহান কবিরের আদালত বৃহস্পতিবার এই আদেশ দেন। আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
শুনানির জন্য এদিন দুই আসামিকে আদালতে হাজির করা হয়, যাদের মধ্যে একজন কারাবন্দি। সকাল সাড়ে ১০টায় রাষ্ট্রপক্ষ অভিযোগ গঠনের পক্ষে যুক্তি উপস্থাপন করে। তবে আসামিদের পক্ষের সিনিয়র আইনজীবী আদালতে উপস্থিত না থাকায় আসামিপক্ষ সময় চেয়ে আবেদন করে। আংশিক শুনানি শেষে বিচারক ১০ ডিসেম্বর পরবর্তী শুনানির দিন নির্ধারণ করেন।
মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ১৩ আগস্ট সন্ধ্যায় বাংলাদেশ ব্যাংকের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ গোপন সূত্রে জানতে পারে, নিউমার্কেট থানার একটি হত্যা মামলার আসামিরা সদরঘাটের ২ নম্বর মসজিদের কাছে অবৈধভাবে বিভিন্ন দেশের মুদ্রা নিয়ে অবস্থান করছেন। পুলিশ সেখানে অভিযান চালালে আসামিরা পালানোর চেষ্টা করে, কিন্তু তারা হাতেনাতে ধরা পড়ে।
আটকের পর আনিসুল হকের ব্যাগ থেকে ১৭ হাজার ৫৯২ মার্কিন ডলার ও ৭২৬ সিঙ্গাপুর ডলার জব্দ করা হয়। সালমান এফ রহমানের কাছ থেকে পাওয়া যায় ১২ হাজার ৬২৪ মার্কিন ডলার, ৬২০ সুইস ফ্রাঙ্ক, সাড়ে ৮ হাজার দিরহাম, ১৩ লাখ উজবেক সোম, ১১ হাজার ৬৫০ সৌদি রিয়াল, ৭৭৯ সিঙ্গাপুর ডলার, ১৫০ পাউন্ড, ১ হাজার ৩২১ ইউরো, ৬ হাজার ২৩০ ভুটানি গুলট্রাম, ৩ হাজার ৩২০ থাই বাথ এবং ৫০ হাজার টাকা।
এই ঘটনায় একই বছরের ১৩ সেপ্টেম্বর নিউমার্কেট থানার এসআই মো. সজীব মিয়া বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলাটি দায়ের করেন।
গত বছরের ৩০ নভেম্বর ডিএমপির কোতোয়ালি থানার এসআই নুরুজ্জামান আদালতে অভিযোগপত্র দাখিল করেন। অভিযোগপত্রে উল্লেখ করা হয়, সালমান এফ রহমান ও আনিসুল হক জেনেশুনে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া ব্যবসায়িক উদ্দেশ্যে বৈদেশিক মুদ্রা নিজেদের কাছে রেখেছিলেন এবং জব্দ হওয়া মুদ্রার পক্ষে কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন