প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
প্রথমবারের মতো সাফ চ্যাম্পিয়নশিপে ভিডিও অ্যাসিসটেন্স রেফারি (ভিএআর) প্রযুক্তি যুক্ত করা হচ্ছে। সাউথ এশিয়ান ফুটবলের (সাফ) সাধারণ সম্পাদক পুরুষোত্তম কাট্টেল জানিয়েছেন, টুর্নামেন্টের শুরুতে সম্ভব না হলেও সেমিফাইনাল এবং ফাইনালে এই প্রযুক্তি ব্যবহার করা হবে। ভারত সাফে অংশগ্রহণ নিয়ে যে অনিশ্চয়তা ছিল, তা কাট্টেল উড়িয়ে দিয়ে বলেন, নির্ধারিত সময়েই আসবে টিম ইন্ডিয়া।
আধুনিক ফুটবলের কোনো টুর্নামেন্টে ভিএআর ছাড়া চিন্তা করাও কঠিন। মাঠে ঘটে যাওয়া ভুল ত্রুটি-সংশোধন এবং অনাকাঙ্খিত ঘটনার যথাযথ সমাধানে ভিএআর অপরিহার্য। যদিও কিছু ক্ষেত্রে এই প্রযুক্তির ব্যবহার নিয়ে বিতর্ক রয়েছে, তবে এবার সাউথ এশিয়ার ফুটবল ভিএআর প্রযুক্তির সাক্ষী হতে যাচ্ছে।
এখন পর্যন্ত ভিএআর সরবরাহকারী প্রতিষ্ঠানের সঙ্গে সব কার্যক্রম সম্পন্ন করেছে সাফ। আনুষ্ঠানিক চুক্তি দু এক দিনের মধ্যে সম্পন্ন হবে। টুর্নামেন্টের প্রথম ম্যাচ থেকেই পরীক্ষামূলকভাবে ভার প্রযুক্তি ব্যবহার করা হবে। তবে আনুষ্ঠানিকভাবে সেমিফাইনাল এবং ফাইনালে ভিডিও অ্যাসিসটেন্স রেফারির মাধ্যমে সিদ্ধান্ত নেবেন ম্যাচ অফিসিয়ালরা।
সাফের সাধারণ সম্পাদক পুরুষোত্তম কাট্টেল বলেন, "আমরা সব কার্যক্রম গুছিয়ে এনেছি। দুই এক দিনের মধ্যেই ভিএআর সরবরাহকারী প্রতিষ্ঠানের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি হবে। এটা ঐতিহাসিক সিদ্ধান্ত হতে চলেছে। প্রথমবারের মতো সাফে দেখা যাবে ভিডিও অ্যাসিসটেন্স রেফারি। তবে আমরা সবগুলো ম্যাচে এই প্রযুক্তি ব্যবহার করতে পারবো না। সেমিফাইনাল এবং ফাইনালে ভার ব্যবহার করা হবে তা নিশ্চিত।"
এদিকে, গত কয়েকদিন ধরে গুঞ্জন উঠেছে যে আসন্ন সাফ থেকে ভারত নাম প্রত্যাহার করে নিতে পারে। টুর্নামেন্ট চলাকালীন ফিফা উইন্ডোতে টিম ইন্ডিয়া নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ খেলতে যাবে। বাংলাদেশে পাঠানো হতে পারে অনূর্ধ্ব-২৩ দল। তবে ফলাফল বিপর্যয়ের আশঙ্কা থেকেই অল ইন্ডিয়া ফুটবল সাফে না খেলার পক্ষে। কিন্তু সেই গুঞ্জন উড়িয়ে দিয়ে সাফ সাধারণ সম্পাদক দাবি করেছেন, ভারত নির্ধারিত সময়েই আসবে।
কাট্টেল বলেন, "আমি আসলে বুঝতে পারছি না এই খবর কারা ছড়ালো। কারণ এর কোন ভিত্তি নেই। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সঙ্গে আমার প্রতিনিয়ত যোগাযোগ হচ্ছে। তারা কখনোই বলেনি ভারত সাফ খেলতে আসবে না। তবে এটা ঠিক ফিফা উইন্ডোতে তাদের মূল দল নিউজিল্যান্ড খেলতে যাবে। সাফের জন্য তারা বিকল্প দলও তৈরি রেখেছে। সুতরাং ভারত আসছে এবং তা নির্ধারিত সময়েই।"
আগামী ২৯ অক্টোবর থেকে সাফের টিকিট বিক্রি কার্যক্রম শুরু হবে। তবে সরাসরি সাউথ এশিয়ান ফুটবল টিকিট বিক্রি না করে একটি অনলাইন প্লাটফর্মের কাছে ছেড়ে দিয়েছে। সাফের ম্যাচ দেখতে গুনতে হবে সর্বনিম্ন ১ হাজার টাকা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন