প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
আন্তর্জাতিক বাজারে জ্বালানি সংকট এবং এলএনজির অস্বাভাবিক মূল্যবৃদ্ধিকে পুঁজি করে আবারও সক্রিয় হয়ে উঠেছে আমদানি বাণিজ্যের পুরনো চক্র। একটি পক্ষ সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডিপিএম) তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার সুযোগ বাড়ানোর জন্য তৎপরতা চালাচ্ছে, প্রতিযোগিতামূলক দরপত্র এড়িয়ে। জ্বালানি খাতসংশ্লিষ্টদের অভিযোগ, জরুরি আমদানির সুযোগ কাজে লাগিয়ে আন্তর্জাতিক সরবরাহকারী, স্থানীয় মধ্যস্বত্বভোগী ও প্রভাবশালী মহলের একটি চক্র কমিশন বাণিজ্যের ক্ষেত্র তৈরি করতে চাইছে। এর ফলে রাষ্ট্রের আর্থিক ক্ষতির আশঙ্কা বাড়ছে, পাশাপাশি বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও সরকারের ভর্তুকি ব্যবস্থাপনায় বাড়তি চাপ সৃষ্টি হচ্ছে।
পেট্রোবাংলার তথ্য অনুযায়ী, চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসে ৩৪টি এলএনজি কার্গো আমদানিতে ব্যয় হয়েছে ৩০ হাজার ৬৪৯ কোটি টাকা। একই সময়ে সরকারকে ভর্তুকি দিতে হয়েছে ১৭ হাজার ৪০০ কোটি টাকা। অথচ পুরো অর্থবছরের জন্য ভর্তুকি বরাদ্দ মাত্র ছয় হাজার ৫০০ কোটি টাকা। অর্থাৎ চার মাসেই বরাদ্দের প্রায় ২ দশমিক ৭ গুণ ভর্তুকি দিতে হয়েছে।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের ঊর্ধ্বতন এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে কালের কণ্ঠকে জানান, এলএনজি আমদানিতে আবারও ডিপিএম চালুর জন্য একটি পক্ষ তৎপরতা চালাচ্ছে। তারা আন্তর্জাতিক বাজারে সরবরাহ সংকট ও জরুরি আমদানির প্রয়োজনীয়তাকে সামনে রেখে এ পদ্ধতিতে কেনাকাটার সুযোগ বাড়াতে চায়। তবে ডিপিএম নিয়মিত ক্রয়পদ্ধতি হতে পারে না। বিশেষ পরিস্থিতিতে এর প্রয়োজন হলেও কোনো নির্দিষ্ট প্রতিষ্ঠানকে সুবিধা দেওয়া কিংবা প্রতিযোগিতা সীমিত করার সুযোগ থাকা উচিত নয়।
ডিপিএমে কেনাকাটার উদ্যোগ
পেট্রোবাংলার তথ্য অনুযায়ী, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে আন্তর্জাতিক বাজারে এলএনজির দাম বেড়ে প্রতি মিলিয়ন এমএমবিটিইউ প্রায় ৩০ ডলারে পৌঁছেছে। বছরের শুরুতে এ দাম ছিল ১০ থেকে ১২ ডলারের মধ্যে। কাতার থেকে দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় সরবরাহ বন্ধ থাকায় বাংলাদেশের স্পট মার্কেটের ওপর নির্ভরতা বাড়ছে। তবে চড়া দাম দিয়েও প্রয়োজনীয় কার্গো সংগ্রহ করা কঠিন হয়ে পড়ছে।
গত ১৩ অক্টোবর অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে ডিপিএম পদ্ধতিতে তিনটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান—বিপি সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেড, সাহারা এনার্জি রিসোর্স লিমিটেড ও শেল ইন্টারন্যাশনাল ট্রেডিং মিডল ইস্ট লিমিটেডের কাছ থেকে এলএনজি কেনার নীতিগত অনুমোদন দেওয়া হয়। একই বৈঠকে চেনিয়েরে মার্কেটিং ইন্টারন্যাশনাল ও ট্রাফিগুরার কাছ থেকে সরকার-টু-সরকার (জি-টু-জি) পদ্ধতিতে এলএনজি সংগ্রহের প্রস্তাবও অনুমোদন পায়।
এ ছাড়া ট্রাফিগুরার কাছ থেকে চলতি বছরের ডিসেম্বর থেকে ২০২৭ সালের মধ্যে মোট নয়টি কার্গো আমদানির দর প্রস্তাব অনুমোদন করা হয়েছে। প্রতি এমএমবিটিইউর দাম নির্ধারণ করা হয়েছে এশিয়ার বেঞ্চমার্ক জাপান-কোরিয়া মার্কারের (জেকেএম) চেয়ে ১০ সেন্ট কম। সর্বশেষ গত ১২ নভেম্বর ২০২৭ সালের জন্য ওমান ও মালয়েশিয়া থেকে আরো পাঁচ কার্গো এলএনজি আমদানির প্রস্তাব অনুমোদনের সুপারিশ করেছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
পেট্রোবাংলার পরিচালক (অর্থ) এ কে এম মিজানুর রহমান কালের কণ্ঠকে জানান, বৈশ্বিক পরিস্থিতির কারণে জ্বালানি আমদানিতে ব্যাপক ব্যয়ের চাপ তৈরি হয়েছে। একপর্যায়ে চড়া দাম দিয়েও স্পট মার্কেটে এলএনজি পাওয়া যাচ্ছিল না। এ অবস্থায় সরবরাহ স্বাভাবিক রাখতে বিকল্প উৎস থেকে আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে। ডিপিএমের পাশাপাশি স্বল্প ও মধ্যমেয়াদি চুক্তির মাধ্যমেও এলএনজি কেনার ব্যবস্থা করা হচ্ছে।
কমিশন বাণিজ্যের পুরনো অভিযোগ
এলএনজি আমদানিকে কেন্দ্র করে কমিশন বাণিজ্যের অভিযোগ নতুন নয়। জ্বালানি খাতসংশ্লিষ্টদের ভাষ্য, বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে আন্তর্জাতিক সরবরাহকারী প্রতিষ্ঠান, স্থানীয় ব্যবসায়ী, রাজনৈতিক প্রভাবশালী ও মধ্যস্বত্বভোগীদের সমন্বয়ে একটি শক্তিশালী সিন্ডিকেট গড়ে উঠেছিল। কমিশন বা ফির নামে বিদেশে বিপুল অর্থ লেনদেনের অভিযোগও ছিল।
পেট্রোবাংলার সূত্র অনুযায়ী, ২০২০ থেকে ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত স্পট মার্কেট থেকে ১৩০ কার্গো এলএনজি আমদানি করা হয়। এর মধ্যে ৪০টি সরবরাহ করে ভিটল এশিয়া পিটিই সিঙ্গাপুর। ভিটল এশিয়া ও গানভর মিলে ওই সময়ে স্পট মার্কেটের ৬০ শতাংশের বেশি এলএনজি সরবরাহ করেছে। ভিটলের মূল প্রতিষ্ঠান ভিটল ইনকরপোরেটেড বিভিন্ন দেশে ঘুষ ও জ্বালানি বাণিজ্যে অনিয়মের অভিযোগে আলোচিত। ২০০৫ থেকে ২০১৪ সালের মধ্যে ব্রাজিল, ইকুয়েডর ও মেক্সিকোয় কর্মকর্তাদের ঘুষ দিয়ে তেল বাণিজ্যে সুবিধা নেওয়ার কথা প্রতিষ্ঠানটি স্বীকার করেছে।
সংশ্লিষ্টদের অভিযোগ, আমদানি করা প্রতি কার্গোতে ১৮ থেকে ২০ মিলিয়ন ডলার পর্যন্ত কমিশন নেওয়ার সুযোগ তৈরি হয়। বাংলাদেশে একটি কার্গোতে সাধারণত ৩৩ লাখ ৬০ হাজার এমএমবিটিইউ গ্যাস থাকে। বর্তমান বাজারদরে এর মূল্য প্রায় এক হাজার ১০০ থেকে এক হাজার ২৩০ কোটি টাকা।
ভর্তুকি ও রিজার্ভে চাপ
পেট্রোবাংলার হিসাবে, ২০১৮-১৯ থেকে ২০২৫-২৬ অর্থবছর পর্যন্ত আট বছরে এলএনজি আমদানিতে ব্যয় হয়েছে দুই লাখ ৭৭ হাজার ২৩৯ কোটি টাকা। এ সময়ে সরকারকে ভর্তুকি দিতে হয়েছে ৫১ হাজার ৩৬৬ কোটি টাকা। শুধু গত অর্থবছরেই আমদানিতে ব্যয় হয়েছে ৫৮ হাজার ৭৮৭ কোটি টাকা।
এলএনজি আমদানির অর্থ পরিশোধে ডলারের চাহিদা বাড়ায় বৈদেশিক মুদ্রার রিজার্ভ ব্যবস্থাপনাতেও চাপ তৈরি হচ্ছে। পাশাপাশি আমদানি ব্যয়ের প্রভাব পড়ছে বিদ্যুৎ উৎপাদন ও গ্রাহক পর্যায়ের খরচে। গত জুনে গ্রাহক পর্যায়ে বিদ্যুতের বিল বেড়েছে ১৬ দশমিক ৬৮ শতাংশ।
ইনস্টিটিউট ফর এনার্জি ইকোনমিকস অ্যান্ড ফিন্যানশিয়াল অ্যানালিসিসের (আইইইএফএ) বাংলাদেশবিষয়ক প্রধান জ্বালানি বিশেষজ্ঞ শফিকুল আলম বলেন, এলএনজির দামের ওঠানামা বাংলাদেশের মতো আমদানিনির্ভর দেশের জ্বালানি ব্যয় ও নির্ভরযোগ্য সরবরাহ নিশ্চিত করার ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ তৈরি করেছে। অব্যবহৃত গ্যাসসম্পদের ব্যবহার, জ্বালানি দক্ষতা বৃদ্ধি এবং নবায়নযোগ্য জ্বালানির সম্প্রসারণে গুরুত্ব দেওয়া প্রয়োজন।
কনজিউমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি এস এম নাজের হোসাইন বলেন, জ্বালানি খাতে স্বচ্ছতা ও জবাবদিহি প্রতিষ্ঠা, বাজারের অনিয়ম ও সিন্ডিকেট নিয়ন্ত্রণ এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো জরুরি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন