প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে ইরানকে রাশিয়ার গোয়েন্দা স্যাটেলাইটের তথ্য সরবরাহ করা হচ্ছে কিনা, তা নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে। সাম্প্রতিক অনুসন্ধানগুলোতে দেখা গেছে, ইরান-সমর্থিত গোষ্ঠীগুলোর হামলার পূর্বে সউদী আরবের গুরুত্বপূর্ণ সামরিক ও জ্বালানি স্থাপনার ওপর রাশিয়ার গোয়েন্দা স্যাটেলাইটের কার্যক্রমের তথ্য উঠে এসেছে। বিশ্লেষকদের আশঙ্কা, এসব স্যাটেলাইটের সক্ষমতা ইরানকে যুক্তরাষ্ট্রের সামরিক প্রস্তুতি পর্যবেক্ষণ করতে এবং সম্ভাব্য হামলার জবাব দিতে সহায়তা করতে পারে।
সোমবার (১৬ নভেম্বর) যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরি ইউএসএস থিওডোর রুজভেল্ট মধ্যপ্রাচ্যে পৌঁছানোর খবর নিশ্চিত হয়েছে। এর আগে যুক্তরাষ্ট্রের এক সামরিক কর্মকর্তার বরাতে দ্য নিউইয়র্ক টাইমস জানিয়েছিল, রণতরিটি এক দিনের মধ্যে ওই অঞ্চলে পৌঁছাবে। পরে বিভিন্ন সংবাদমাধ্যম ও সংবাদ সংস্থাও এর আগমনের খবর নিশ্চিত করে। রণতরিটি আগে থেকেই মধ্যপ্রাচ্যে অবস্থানরত ইউএসএস জর্জ এইচ ডব্লিউ বুশ ও ইউএসএস জর্জ ওয়াশিংটনের সঙ্গে যুক্ত হয়েছে।
তবে সামরিক উপস্থিতি বাড়ানোর পরও ইরানে নতুন হামলার বিষয়ে ওয়াশিংটন এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। গত ১৪ নভেম্বর রয়টার্স জানায়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান বা তাদের মিত্র হুতিরা নতুন করে কোনো উসকানি না দিলে আরও হামলা থেকে বিরত থাকার কথা উপদেষ্টাদের জানিয়েছেন। তবে পরিস্থিতি অবনতির আশঙ্কায় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী প্রস্তুত রয়েছে।
গত ২৭ অক্টোবর প্রকাশিত অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) এক অনুসন্ধানে ইরান-সমর্থিত গোষ্ঠীগুলোর হামলার সঙ্গে রাশিয়ার গোয়েন্দা স্যাটেলাইটের গতিবিধির সম্ভাব্য সম্পর্ক তুলে ধরা হয়। অরোরাহ (AURORAH) নামের একটি ভূস্থানিক গোয়েন্দা গবেষণা প্রকল্পের গবেষকেরা গত ১ জুলাই থেকে ১৯ অক্টোবর পর্যন্ত সৌদি আরবে চালানো ৪০টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার তথ্য বিশ্লেষণ করেন। এসব হামলা ইয়েমেনের হুতি ও ইরাকের ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলো চালায়।
গবেষকদের পর্যবেক্ষণে দেখা যায়, হামলার আগে ও পরে সউদী আরবের বিভিন্ন তেল ও সামরিক স্থাপনার ওপর দিয়ে রাশিয়ার গোয়েন্দা স্যাটেলাইট চলাচল করেছে। লক্ষ্যবস্তুর মধ্যে ছিল দেশটির গুরুত্বপূর্ণ পূর্ব-পশ্চিম তেল পাইপলাইনের পাম্পিং স্টেশন এবং সামরিক স্থাপনা। সউদী কর্মকর্তারা, হুতিদের একজন জ্যেষ্ঠ নেতা এবং গোয়েন্দা বিশ্লেষকেরা এপিকে জানিয়েছেন, রাশিয়ার গোয়েন্দা তথ্য ইরান-সমর্থিত গোষ্ঠীগুলোকে সহায়তা করেছে।
তবে স্যাটেলাইটের তথ্য সরাসরি ইরান বা তাদের মিত্রদের কাছে হস্তান্তরের বিষয়টি যাচাই করতে পারেনি অরোরাহ। তাদের অনুসন্ধানে মূলত হামলার আগে ও পরে লক্ষ্যবস্তুর ওপর রুশ স্যাটেলাইটের উপস্থিতি ও গতিবিধির মিল পাওয়া গেছে। ফলে এ তৎপরতা গোয়েন্দা সহায়তার সম্ভাবনা তৈরি করলেও তথ্য সরবরাহের সরাসরি প্রমাণ হিসেবে বিবেচিত হতে পারে না।
এর আগে গত ১৬ সেপ্টেম্বর সিএনএনের এক অনুসন্ধানে বলা হয়েছিল, সউদী আরবের প্রিন্স সুলতান বিমানঘাঁটিতে ইরানের হামলার দুই দিন আগে ১৪টি রুশ গোয়েন্দা স্যাটেলাইট ঘাঁটিটির ওপর দিয়ে উড়ে যায়। গত ২৭ মার্চের ওই হামলায় ১২ জন মার্কিন সেনা আহত হন। ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয় গুরুত্বপূর্ণ সামরিক সরঞ্জাম, যার মধ্যে যুক্তরাষ্ট্রের একটি আকাশপথে নজরদারি ও নিয়ন্ত্রণকারী বিমানও ছিল। মার্কিন কর্মকর্তা ও গোয়েন্দা সূত্রের বরাতে সিএনএন জানায়, রুশ স্যাটেলাইট থেকে পাওয়া তথ্য ইরানকে হামলা আরও নিখুঁত করতে সহায়তা করেছিল। তবে রাশিয়া এ অভিযোগ অস্বীকার করে প্রতিবেদনটিকে ভুয়া খবর বলে বর্ণনা করেছে।
গত ১৬ নভেম্বর আলজাজিরায় প্রকাশিত এক বিশ্লেষণধর্মী নিবন্ধে রাশিয়ার স্যাটেলাইট সক্ষমতা নিয়ে উদ্বেগের কথা তুলে ধরেন কিংস কলেজ লন্ডনের যুদ্ধবিষয়ক বিভাগের জ্যেষ্ঠ গবেষক নওয়াফ ওবায়েদ। তিনি অরোরাহর প্রতিষ্ঠাতা। ওবায়েদের দাবি, তাঁর গবেষণা প্রকল্প কসমস-২৬০০ সিরিজের অন্তত ২০টি রুশ মহাকাশযান শনাক্ত করেছে, যার মধ্যে ১৮টির গতিবিধি অনুসরণ করা সম্ভব হয়েছে। এসব স্যাটেলাইটের মাধ্যমে সামরিক স্থাপনা ও ভূখণ্ডের ছবি, রাডারসংক্রান্ত তথ্য এবং বেতার সংকেত সংগ্রহ করা যায়।
ওবায়েদের মতে, এ ধরনের তথ্যের মাধ্যমে ইরান যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি, যুদ্ধজাহাজ ও সেনা মোতায়েনের গতিবিধি পর্যবেক্ষণ করতে পারে। এতে সম্ভাব্য হামলার আগাম ধারণা পাওয়ার পাশাপাশি পাল্টা আঘাতের প্রস্তুতি নেওয়ার সুযোগ তৈরি হতে পারে। তবে এটি তাঁর বিশ্লেষণ। নতুন কোনো মার্কিন হামলার প্রস্তুতির জন্য রাশিয়া বর্তমানে ইরানকে গোয়েন্দা তথ্য দিচ্ছে, এমন স্বাধীনভাবে নিশ্চিত প্রমাণ প্রকাশ্যে আসেনি।
রুশ স্যাটেলাইটের নজরদারি সক্ষমতার প্রভাব শুধুমাত্র সামরিক স্থাপনায় সীমাবদ্ধ থাকার আশঙ্কা নেই। উপসাগরীয় অঞ্চলের তেলক্ষেত্র, রপ্তানি টার্মিনাল, বিদ্যুৎকেন্দ্র ও পানি বিশুদ্ধকরণ স্থাপনাও সম্ভাব্য ঝুঁকির মধ্যে পড়তে পারে। বিশেষ করে সউদী আরবের পূর্ব-পশ্চিম তেল পাইপলাইন কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। হরমুজ প্রণালি এড়িয়ে দেশটির পূর্বাঞ্চল থেকে লোহিত সাগরের উপকূলে তেল পরিবহনের বিকল্প পথ এটি। ফলে এসব স্থাপনায় হামলা হলে আঞ্চলিক জ্বালানি সরবরাহের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও প্রভাব পড়তে পারে।
রাশিয়ার স্যাটেলাইটের গতিবিধি এবং ইরান-সমর্থিত গোষ্ঠীগুলোর হামলার সময়ের মধ্যে পাওয়া মিল মধ্যপ্রাচ্যের সংঘাতে গোয়েন্দা তথ্যের গুরুত্ব নতুন করে সামনে এনেছে। তবে এসব তথ্যের ভিত্তিতে মস্কো ও তেহরান আসন্ন মার্কিন হামলার বিরুদ্ধে যৌথভাবে প্রস্তুতি নিচ্ছে—এমন সিদ্ধান্তে পৌঁছানোর সুযোগ নেই। এখন বড় প্রশ্ন, রাশিয়ার উন্নত নজরদারি সক্ষমতা কি যুক্তরাষ্ট্রের আকস্মিক হামলার সুযোগ সীমিত করে ইরানকে পাল্টা জবাবের প্রস্তুতির জন্য বাড়তি সময় দিতে পারে?
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন