প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কাজি শুরাইহ ইবনুল হারিস ইবনে কায়েস আল-কিন্দি (রহ.) ছিলেন বংশগতভাবে ইয়েমেনি। তিনি ইসলাম-পূর্ব যুগে জন্মগ্রহণ করেন এবং রাসুলুল্লাহ (সা.)-এর জীবদ্দশায় ইসলাম গ্রহণ করেন। তবে নবীজি (সা.)-এর সাক্ষাৎ লাভের সুযোগ না পাওয়ায় তাঁকে সাহাবি হিসেবে গণ্য করা হয় না, বরং তাবেয়ি হিসেবে পরিচিত। তাঁর ন্যায়পরায়ণতা ও বিচারিক যোগ্যতা এতটাই প্রসিদ্ধ ছিল যে, খলিফা আলি (রা.) তাঁকে প্রশংসা করে বলেছিলেন, ‘শুরাইহ হলেন আরবদের মধ্যে শ্রেষ্ঠ বিচারক।’ (ইবনুল আসির, উসদুল গাবাহ, ২/৪)
বিচারকের দায়িত্ব লাভ
কাজি শুরাইহের অসাধারণ মেধা ও বিচারিক প্রজ্ঞার কথা জানার পর দ্বিতীয় খলিফা হজরত ওমর ইবনুল খাত্তাব (রা.) তাঁকে কুফার বিচারক হিসেবে নিয়োগ দেন। এই নিয়োগের মাধ্যমে শুরু হয় তাঁর দীর্ঘ ও গৌরবময় বিচারিক জীবন। বিচারকের দায়িত্ব গ্রহণের সময় খলিফা ওমর (রা.) তাঁকে বিচারকার্যের একটি গুরুত্বপূর্ণ মূলনীতি শিখিয়ে দেন। তিনি বলেন, ‘আল্লাহর কিতাবে যা পাবে, সে অনুযায়ী ফয়সালা করবে। যদি সেখানে না পাও, তবে রাসুলুল্লাহ (সা.)-এর সুন্নাহ অনুসরণ করবে। আর যদি সেখানেও না পাও, তবে নিজের প্রজ্ঞা দিয়ে ইজতিহাদ করবে এবং নেককার আলেমদের পরামর্শ নেবে।’ (ইবনে আসাকির, তারিখে দামিশক, ২৩/১৮)
এই নির্দেশনা ইসলামি বিচারব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে কাজ করে। অর্থাৎ বিচারককে প্রথমে কোরআন, এরপর সুন্নাহ এবং প্রয়োজনে শরিয়তের মূলনীতির আলোকে ইজতিহাদ ও যোগ্য ব্যক্তিদের পরামর্শের মাধ্যমে সিদ্ধান্ত নিতে হবে।
কাজি শুরাইহ (রহ.) তাঁর বিচারিক জীবনে এই নীতির অনুসরণ করেছেন। তিনি হজরত ওমর (রা.), হজরত ওসমান (রা.) ও হজরত আলি (রা.)-এর খেলাফতকাল অতিক্রম করে পরবর্তী উমাইয়া শাসনামলেও বিচারকের দায়িত্ব পালন করেন। দীর্ঘ সময় ধরে তিনি অত্যন্ত নিষ্ঠা ও সুনামের সঙ্গে বিচারকার্য পরিচালনা করেন। বিচারকের আসনে বসে তিনি সুরা সাদের ২৬ নম্বর আয়াতটি স্মরণ করতেন। মহান আল্লাহ বলেন, ‘হে দাউদ! আমি তোমাকে পৃথিবীতে প্রতিনিধি করেছি। অতএব তুমি মানুষের মধ্যে ন্যায়বিচার প্রতিষ্ঠা করো এবং প্রবৃত্তির অনুসরণ কোরো না। কেননা তা তোমাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করবে।’ (সুরা : সাদ, আয়াত : ২৬)
অসাধারণ মেধা ও উপস্থিত বুদ্ধি
কাজি শুরাইহ (রহ.) শুধু আইন ও বিচারিক বিধিবিধানেই দক্ষ ছিলেন না; বরং মানুষের মনস্তত্ত্ব বুঝতেও ছিলেন অসাধারণ পারদর্শী। তিনি কারও আবেগ, কান্না কিংবা বাহ্যিক আচরণ দেখে তড়িঘড়ি সিদ্ধান্ত নিতেন না। বরং ঘটনার প্রকৃত সত্য উদ্ঘাটনে গুরুত্ব দিতেন। বিখ্যাত তাবেয়ি আমেরুশ শাবি (রহ.) তাঁর একটি ঘটনার বর্ণনা দিয়েছেন।
একবার এক নারী একটি বিরোধের ঘটনায় কাজি শুরাইহের আদালতে উপস্থিত হয়ে অঝোরে কাঁদতে শুরু করলেন। তাঁর কান্না দেখে শাবি (রহ.) বললেন, ‘আহা! এই অসহায় নারী নিশ্চয়ই নির্যাতিত।’ কাজি শুরাইহ তখন মুচকি হেসে বললেন, ‘হে শাবি! নবী ইউসুফের ভাইয়েরাও তো এশার সময় কাঁদতে কাঁদতেই তাঁদের পিতার কাছে এসেছিল।’ অর্থাৎ কান্না করলেই কেউ নির্দোষ বা নির্যাতিত প্রমাণিত হয় না। (ইবনে আসাকির, তারিখে দামিশক, ২৩/৩২)
খলিফার বিরুদ্ধেও রায় দিতে দ্বিধা করেননি। কাজি শুরাইহের ন্যায়পরায়ণতার সবচেয়ে আলোচিত দৃষ্টান্তগুলোর একটি হলো খলিফা আলি (রা.) ও এক খ্রিষ্টান ব্যক্তির বর্মসংক্রান্ত ঘটনা। একবার খলিফা আলি (রা.) নিজের একটি বর্ম এক খ্রিষ্টান ব্যক্তির কাছে দেখতে পান। তিনি বর্মটিকে নিজের বলে দাবি করেন। কিন্তু দাবির পক্ষে আদালতে প্রয়োজনীয় সাক্ষ্যপ্রমাণ উপস্থাপন করতে পারেননি। মামলাটি কাজি শুরাইহের আদালতে উঠলে তিনি খলিফা আলি (রা.)-এর পদমর্যাদা কিংবা ব্যক্তিগত সম্মানকে বিবেচনায় না নিয়ে প্রচলিত বিচারিক নীতির আলোকে সিদ্ধান্ত দেন।
প্রমাণের অভাবে তিনি খ্রিষ্টান ব্যক্তির অনুকূলে রায় দেন। একজন সাধারণ নাগরিকের সঙ্গে রাষ্ট্রের সর্বোচ্চ শাসকের এমন সমান আচরণ দেখে খ্রিষ্টান ব্যক্তিটি বিস্মিত ও অভিভূত হন। তিনি বুঝতে পারেন যে ইসলাম এমন এক ন্যায়বিচারের শিক্ষা দেয়, যেখানে শাসকও আইনের ঊর্ধ্বে নন। এতে প্রভাবিত হয়ে তিনি ইসলাম গ্রহণ করেন এবং স্বীকার করেন যে বর্মটি আসলে খলিফা আলি (রা.)-এরই ছিল। (ইবনে আসাকির, তারিখে দামিশক, ২৩/২৪)
নিজের সন্তানের বিরুদ্ধেও ছিলেন আপসহীন। কাজি শুরাইহ (রহ.)-এর ন্যায়পরায়ণতা শুধু অপরিচিত কিংবা সাধারণ মানুষের ক্ষেত্রেই সীমাবদ্ধ ছিল না; নিজের সন্তানের ক্ষেত্রেও তিনি একই নীতি অনুসরণ করতেন। একবার তাঁর এক ছেলে একটি বিরোধের বিষয়ে তাঁর কাছে এসে জানতে চাইল, ‘বাবা! আমি যদি এই মামলা করি, তাহলে কি জিতব?’ তিনি বললেন, ‘হ্যাঁ, তুমি মামলা করতে পারো।’ এরপর আদালতে মামলাটির শুনানি হলো। সবকিছু বিবেচনা করে কাজি শুরাইহ নিজের ছেলের বিপক্ষেই রায় দিলেন। এতে ছেলে বিস্মিত ও ক্ষুব্ধ হয়ে বাবার কাছে এর কারণ জানতে চাইল।
তখন তিনি ছেলেকে বললেন, ‘বাবা! আল্লাহর কসম, তুমি আমার কাছে পৃথিবীর সব মানুষের চেয়ে প্রিয়। কিন্তু আল্লাহ আমার কাছে তোমার চেয়েও অধিক সম্মানিত। আমি যদি তোমাকে আগে থেকেই রায়ের কথা জানিয়ে দিতাম, তাহলে অপর পক্ষ তাদের অধিকার হারানোর আশঙ্কায় মামলা করার আগেই আপস করে নিতে পারত।’ অর্থাৎ তিনি চেয়েছিলেন, আদালতে উভয় পক্ষ যেন সমান সুযোগ পায় এবং কোনো পক্ষই বিচারকের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের কারণে সুবিধা না পায়। (ইবনুল জাওজি, আল-মুনতাজাম, ২/২৭২)
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন