প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কুমিল্লার দাউদকান্দিতে মৌসুমী ফসল খিরা চাষে কৃষকেরা ব্যস্ত সময় কাটাচ্ছেন। মাঠজুড়ে সবুজের সমারোহ দেখা যাচ্ছে। কিছু জমিতে কৃষকরা খিরাগাছের পরিচর্যায় ব্যস্ত, আবার কোথাও গাছে ঝুলছে কচি খিরা। অন্যদিকে, কিছু জমিতে ফলন আসতে শুরু করেছে। কৃষকেরা সেই খিরা তুলে বাঁশের তৈরি ঝুড়িতে সাজিয়ে স্থানীয় বাজারে নিয়ে যাচ্ছেন। কেউ সরাসরি ক্রেতার কাছে বিক্রি করছেন, আবার কেউ পাইকারদের কাছে বিক্রি করছেন। নতুন ফসলের আগমনে কৃষকদের মনে ভালো ফলন ও লাভের প্রত্যাশা রয়েছে, তবে তারা বিভিন্ন প্রতিকূলতা মোকাবিলার চিন্তাও করছেন।
উপজেলার দাউদকান্দি উত্তর, গৌরীপুর, সুন্দলপুর, বারপাড়া ও ইলিয়টগঞ্জ উত্তর ও বিটেশ্বর ইউনিয়নের বিভিন্ন এলাকায় এবারও খিরার আবাদ করেছেন কৃষকেরা। দাউদকান্দি বাজারসহ বিভিন্ন বাজারে ইতিমধ্যে নতুন খিরা উঠতে শুরু করেছে। বাজারে বাঁশের ঝুড়িতে সাজানো সবুজ ও লালচে আভাযুক্ত টাটকা খিরা ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করছে। সতেজ রং ও কচকচে স্বাদের এই সবজির ভালো মানের প্রতি কেজি বিক্রি হচ্ছে ৩৫ থেকে ৪০ টাকায়।
সম্প্রতি বিটেশ্বর ইউনিয়নের তিনপাড়া গ্রামে সরেজমিনে গিয়ে দেখা যায়, কৃষক সাইফুল ইসলাম নিজের খেতে গাছের পরিচর্যা ও খিরা সংগ্রহে ব্যস্ত রয়েছেন। গত বছরের সাফল্য তাঁকে এবার বড় পরিসরে খিরা চাষে উৎসাহিত করেছে।
সাইফুল ইসলাম জানান, গত বছর ১০ শতাংশ জমিতে খিরা চাষ করে তিনি ভালো ফলন পেয়েছিলেন এবং লাভবানও হয়েছেন। সেই অভিজ্ঞতা থেকে এবার তিনি অন্যের ৩৩ শতাংশ জমি চুক্তিতে নিয়ে উন্নত জাতের খিরা চাষ করছেন। এ পর্যন্ত তাঁর প্রায় ৩৫ হাজার টাকা খরচ হয়েছে। আল্লাহর ওপর ভরসা রেখে নিয়মিত পরিচর্যা চালিয়ে যাচ্ছেন। ইতিমধ্যে বিভিন্ন বাজারে খিরা বিক্রিও শুরু করেছেন। খিরার আকার, রং ও মান ভালো হওয়ায় তিনি অন্য অনেক চাষির তুলনায় কিছুটা বেশি দাম পাচ্ছেন বলে জানান।
এছাড়াও তিনপাড়া গ্রামের জাকির ও বরকোটা গ্রামের সোলমান মিয়া সহ এই এলাকার অনেক কৃষক লাভের আশায় খিরা চাষ করেছেন।
উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, গত বছর দাউদকান্দিতে খিরা চাষের লক্ষ্যমাত্রা ছিল ৩৯০ হেক্টর জমিতে। তবে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে আবাদ হয়েছিল ৪০০ হেক্টরে। চলতি বছর খিরা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৪০০ হেক্টর জমিতে। এরই মধ্যে আবাদ হয়েছে ৩৬০ হেক্টরে। এখনো কিছু এলাকায় খিরা চাষ শুরু হওয়ায় চলতি মৌসুমে লক্ষ্যমাত্রা অর্জনের ব্যাপারে আশাবাদী কৃষি বিভাগ।
দাউদকান্দি উপজেলা কৃষি কর্মকর্তা নিগার সুলতানা বলেন, এ উপজেলায় আগেও খিরা চাষ করে কৃষকেরা ভালো ফলন পেয়েছেন। এবারও চাষের পরিমাণ লক্ষ্যমাত্রার কাছাকাছি পৌঁছেছে। যেসব কৃষক জমিতে অতিরিক্ত ইউরিয়া সার ব্যবহার করেন, তাঁদের খিরাগাছে পোকামাকড়ের আক্রমণ বাড়তে পারে। তাই কৃষি কর্মকর্তাদের পরামর্শ অনুযায়ী পরিমিত সার ও প্রয়োজনীয় বালাইনাশক ব্যবহার করলে পোকামাকড়ের আক্রমণ কমানো এবং ভালো ফলন পাওয়া সম্ভব। চাষিদের প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা দিতে কৃষি বিভাগ প্রস্তুত রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন