প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নেত্রকোনার সীমান্তবর্তী দুর্গাপুর উপজেলায় চোরাচালান ও অপরাধ দমনে বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ। গত ২৪ ঘণ্টায় উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে প্রায় ৬ লাখ ৬৫ হাজার টাকা মূল্যের ভারতীয় চোরাই পণ্য জব্দ করা হয়েছে। এ সময় চোরাচালানসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ এ তথ্য নিশ্চিত করেন। এর আগে দুপুরে গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়।
পুলিশ জানায়, নেত্রকোনা জেলা পুলিশ সুপারের দিকনির্দেশনায় এবং ওসি খন্দকার শাকের আহমেদের তত্ত্বাবধানে সীমান্ত এলাকায় অপরাধ দমনে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে শীত মৌসুমকে সামনে রেখে ভারত থেকে অবৈধভাবে আনা ১০০টি কম্বল উদ্ধার করা হয়। এসব কম্বলের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৮৫ হাজার টাকা। এ ঘটনায় একজনকে আটক করে পুলিশ।
এ ছাড়া পৃথক অভিযানে ভারত থেকে অবৈধভাবে আনা ১২টি ষাঁড় বাছুর জব্দ করা হয়। এসব গবাদিপশুর আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ৮০ হাজার টাকা। এ ঘটনায় আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি জনশৃঙ্খলা রক্ষায় পুলিশ আইনের ৩৪(৬) ধারায় আরও দুজনকে আটক করা হয়।
দুর্গাপুর থানার ওসি খন্দকার শাকের আহমেদ বলেন, সীমান্ত এলাকায় চোরাচালানসহ যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে পুলিশ সর্বদা তৎপর রয়েছে। জনস্বার্থে ও এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
পুলিশের এ অভিযানে মোট ৬ লাখ ৬৫ হাজার টাকা মূল্যের চোরাই পণ্য জব্দ করা হয়েছে। সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে এমন অভিযান অব্যাহত থাকলে অপরাধ নিয়ন্ত্রণে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন