প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা, ১৪ সেপ্টেম্বর, ২০২৬ : চীনের ইউনান প্রদেশের লিজিয়াং শহরে অনুষ্ঠিত ১৩তম গোল্ডেন ব্রিজ ইন্টারন্যাশনাল ইউরোলজি কনফারেন্সে বাংলাদেশের ইউরোলজি চিকিৎসা ও গবেষণার অগ্রগতি তুলে ধরেছেন বিশিষ্ট ইউরোলজিস্ট ও বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির অধ্যাপক ডা. মো. রফিকূল ইসলাম। তাঁর গবেষণাধর্মী উপস্থাপনা সম্মেলনে আন্তর্জাতিক পর্যায়ে বিশেষ গুরুত্ব লাভ করে।
এই আন্তর্জাতিক সম্মেলনটি ১১ থেকে ১৩ সেপ্টেম্বর চীনের লিজিয়াং শহরের গার্ডেন ভিলা, গুয়ানফাং হোটেলে অনুষ্ঠিত হয়। সম্মেলনের আয়োজন করে চীনের দ্য সেকেন্ড অ্যাফিলিয়েটেড হসপিটাল অব কুনমিং মেডিকেল ইউনিভার্সিটি। এতে বাংলাদেশ, চীন, যুক্তরাজ্য, ফিলিপাইন, নেপাল, ভারত, ইন্দোনেশিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশের খ্যাতনামা ইউরোলজিস্ট ও বিশেষজ্ঞরা অংশগ্রহণ করেন।
অধ্যাপক ডা. মো. রফিকূল ইসলামের ‘টোটাল টিউবলেস মিনি-পিসিএনএল’ শীর্ষক গবেষণাধর্মী প্রেজেন্টেশন সম্মেলনের অন্যতম আকর্ষণ ছিল। কিডনির জটিল ও বড় আকারের পাথর অপসারণে ব্যবহৃত আধুনিক ও মিনিমালি ইনভেসিভ চিকিৎসাপদ্ধতির কার্যকারিতা, নিরাপত্তা, চিকিৎসা-ফলাফল এবং বাংলাদেশের মতো দেশে এর প্রয়োগের সম্ভাবনা নিয়ে তিনি বিস্তারিত আলোচনা করেন। তাঁর উপস্থাপনায় আধুনিক ইউরোলজি চিকিৎসায় প্রযুক্তিনির্ভর ও রোগীবান্ধব পদ্ধতির গুরুত্ব বিশেষভাবে উঠে আসে।
বাংলাদেশের পক্ষ থেকে সম্মেলনে আরও অংশ নেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির ইউরোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সাইফুল ইসলাম, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইউরোলজিকাল সার্জনসের সভাপতি অধ্যাপক ডা. শফিকুর রহমান এবং ডা. খন্দকার মাহবুব হোসেন।
অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, অধ্যাপক ডা. সাইফুল ইসলাম, অধ্যাপক ডা. মো. শফিকুর রহমান ও অধ্যাপক ডা. মো. রফিকূল ইসলাম সম্মেলনের বিভিন্ন সায়েন্টিফিক সেশনে চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করেন, পাশাপাশি তাঁরা নিজ নিজ গবেষণা ও প্রবন্ধ উপস্থাপন করেন।
আন্তর্জাতিক এ সম্মেলনে বাংলাদেশের ইউরোলজি চিকিৎসার সাম্প্রতিক অগ্রগতি, আধুনিক সার্জিক্যাল টেকনোলজির ব্যবহার এবং চিকিৎসা ও গবেষণায় বাংলাদেশের সক্ষমতার প্রশংসা করেন আয়োজকরা। বিশেষ করে বাংলাদেশে ইউরোলজি চিকিৎসায় আধুনিক মিনিমালি ইনভেসিভ ও ল্যাপারোস্কোপিক বা রোবোটিক সার্জারির অগ্রগতি নিয়ে ইতিবাচক আলোচনা হয়।
সম্মেলনে অনকো-ইউরোলজি, ইউরোলিথিয়াসিস, ফিমেল ইউরোলজি এবং ল্যাপারোস্কোপিক বা রোবোটিক সার্জারিসহ ইউরোলজির বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সায়েন্টিফিক আলোচনা, রিসার্চ প্রেজেন্টেশন ও লাইভ সার্জিক্যাল ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। বিভিন্ন দেশের বিশেষজ্ঞদের অংশগ্রহণে সম্মেলনটি ইউরোলজি চিকিৎসার সর্বশেষ টেকনোলজি, রিসার্চ ও চিকিৎসাপদ্ধতি বিনিময়ের একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক প্ল্যাটফর্মে পরিণত হয়।
এদিকে, কুনমিং মেডিকেল ইউনিভার্সিটির সেকেন্ড অ্যাফিলিয়েটেড হসপিটাল এবং বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির মধ্যে বিদ্যমান সমঝোতা স্মারক (এমওইউ) ভবিষ্যতে আরও কার্যকরভাবে এগিয়ে নেওয়ার বিষয়ে উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করেছে। এডুকেশন, রিসার্চ, ট্রেনিং, স্পেশালিস্ট এক্সচেঞ্জ এবং আধুনিক চিকিৎসা টেকনোলজির ক্ষেত্রে দুই প্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা আরও সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন