প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ছোটপর্দার অভিনেত্রী ও মডেল ফারিন খানকে নিয়ে নতুন আলোচনা সৃষ্টি হয়েছে। তিনি অভিযোগ করেছেন যে, দীর্ঘদিন ধরে পরিচিত এক ব্যক্তির কাছ থেকে ব্ল্যাকমেইলিং ও মানসিক নির্যাতনের শিকার হচ্ছেন। অভিযোগ রয়েছে যে, ওই ব্যক্তি তাঁর ব্যক্তিগত ভিডিও, কথোপকথন ও বিভিন্ন নথিপত্র অন্যদের কাছে ছড়িয়ে দিচ্ছেন। তবে, বর্তমানে অভিযুক্তের পরিচয় প্রকাশ করেননি ফারিন। কাজের ব্যস্ততা শেষ করে অভিভাবক ও সাংবাদিকদের উপস্থিতিতে সংবাদ সম্মেলনে তাঁর নাম প্রকাশের ঘোষণা দেওয়ার পরিকল্পনা করেছেন তিনি।
সম্প্রতি ফারিন নিজের ফেসবুক লাইভে এসে এসব অভিযোগ তুলে ধরেন। সেখানে তিনি জানান, অভিনয়শিল্পী হলেও ক্যামেরার বাইরেও তাঁর ব্যক্তিগত জীবন রয়েছে। তিনি সবসময় সেই জীবনকে গণমাধ্যমের আলোচনার বাইরে রাখতে চেয়েছেন। কিন্তু পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, বাধ্য হয়ে তাঁকে প্রকাশ্যে কথা বলতে হচ্ছে। নিজের চেহারার দিকে তাকালেই মানসিক বিপর্যয়ের বিষয়টি বোঝা যাবে বলেও মন্তব্য করেন তিনি।
ফারিনের অভিযোগ অনুযায়ী, অভিযুক্ত ব্যক্তি তাঁর পূর্বপরিচিত। সম্প্রতি, ওই ব্যক্তি অভিনেত্রীর কয়েকজন সহকর্মীর কাছে তাঁর ব্যক্তিগত ভিডিও ও কথোপকথন পাঠাচ্ছেন। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করে ফারিন জানান, যাঁদের কাছে এসব ব্যক্তিগত বিষয় পাঠানো হচ্ছে, তাঁদের সঙ্গেও কথা বলতে চান তিনি। অভিনেত্রী জানতে চান, তাঁরা বিষয়টিকে কীভাবে দেখছেন।
অভিযুক্ত ব্যক্তির আচরণ নিয়েও প্রশ্ন তুলেছেন ফারিন। তিনি বলেন, ওই ব্যক্তির কথাবার্তা ও কাজের মধ্যে বিস্তর অসংগতি রয়েছে। মালয়েশিয়ায় অবস্থান করেও ধর্মীয় পরিচয়ের কথা সামনে এনে তিনি প্রতারণামূলক আচরণ করছেন বলে অভিযোগ করেন অভিনেত্রী। এ প্রসঙ্গে তাঁকে ‘হিপোক্রেট’, ‘চিটার’ ও ‘ভণ্ড’ বলেও আখ্যা দেন তিনি।
শুধু ব্যক্তিগত ভিডিও বা কথোপকথন ছড়িয়ে দেওয়ার অভিযোগ নয়, ফারিন তাঁর সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট ও মুঠোফোন একাধিকবার হ্যাক করার অভিযোগও করেছেন। তাঁর দাবি, অভিযুক্ত ব্যক্তির কাছে ব্যক্তিগত অনেক গুরুত্বপূর্ণ নথিপত্র রয়েছে। এসব বিষয় নিয়ে ইতিমধ্যে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। ভবিষ্যতে যদি তাঁর কোনো ব্যক্তিগত ছবি, ভিডিও কিংবা কথোপকথন প্রকাশ করা হয়, তাহলে সংশ্লিষ্ট ব্যক্তিকে দায়ী করা হবে বলেও সতর্ক করেছেন অভিনেত্রী।
এদিকে, আপাতত অভিযুক্তের নাম প্রকাশ না করার কারণ হিসেবে ফারিন জানিয়েছেন যে, শুটিংয়ের ব্যস্ততা রয়েছে। আগামী দুই থেকে তিন দিন কাজের চাপ রয়েছে তাঁর। শুটিং শেষ হলে পরিবারের অভিভাবকদের সঙ্গে আলোচনা করে সাংবাদিকদের আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানাতে চান। তখনই অভিযুক্ত ব্যক্তির পরিচয় প্রকাশ করবেন বলে জানিয়েছেন তিনি।
ফেসবুক লাইভের শেষ দিকে, নিজের নিরাপত্তা ও মানসিক স্বস্তি ফিরে পাওয়ার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন এই অভিনেত্রী।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন