প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পুলিশ ফেনীতে এক সাংবাদিকের ওপর হামলা, পিস্তল দেখিয়ে হত্যার হুমকি এবং গলায় রশি পেঁচিয়ে শ্বাসরোধের চেষ্টা করার অভিযোগে সাবেক পৌর কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা খালেদ খানকে আটক করেছে।
এই ঘটনা ঘটে বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় শহরের পাঠানবাড়ি সড়ক এলাকায়।
জানা গেছে, খালেদ খান মহিপালে ছাত্র-জনতার ওপর গুলির ঘটনায় দায়ের করা হত্যা মামলার আসামি। বর্তমানে তিনি জামিনে আছেন। আহত সাংবাদিক জসিম ফরায়েজি জিটিভির ফেনী জেলা প্রতিনিধি, দৈনিক আলোকিত গণমাধ্যমের যুগ্ম সম্পাদক এবং সাংবাদিক ইউনিয়ন ফেনীর সাধারণ সম্পাদক। বর্তমানে তিনি ফেনী সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
জসিম ফরায়েজির অভিযোগ, বুধবার সন্ধ্যায় সাংবাদিক ইউনিয়ন ফেনী ও প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর উদ্যোগে আয়োজিত তিন দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালার সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান শেষে মোটরসাইকেলে বাসায় ফিরছিলেন। সন্ধ্যা ৬টার দিকে পাঠানবাড়ি সড়কে মোমিন জাহান মসজিদ অতিক্রম করার সময় শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কে প্রবেশের আগে একটি প্রাইভেট কার দিয়ে তাঁর মোটরসাইকেলের গতিরোধ করা হয়। এরপর গাড়ি থেকে সাবেক কাউন্সিলর খালেদ খান, এমরান হোসেন, চালক ও তাঁদের আরেক সহযোগী নেমে তাঁকে মারধর করেন। পরে তাঁকে টেনেহিঁচড়ে পাশের একটি গলির ভেতরে নিয়ে একটি কক্ষে আটকে রাখা হয়। সেখানে তাঁকে ‘ভুয়া সাংবাদিক’ আখ্যা দিয়ে পুনরায় মারধর করা হয়। একপর্যায়ে খালেদ খান পিস্তল উঁচিয়ে গুলি করে হত্যার হুমকি দেন বলে অভিযোগ করেন তিনি।
অভিযোগে আরো বলা হয়েছে, একপর্যায়ে খালেদ খান তার গলা চেপে ধরেন এবং এমরান হোসেন একটি রশি এনে তাঁর গলায় পেঁচিয়ে হত্যার চেষ্টা করেন। এতে শ্বাস নিতে কষ্ট হয় এবং প্রাণনাশের আশঙ্কা তৈরি হয়। পরে সহকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তাঁকে উদ্ধার করেন। জসিম ফরায়েজি জানান, খবর পেয়ে পুলিশও সেখানে আসে।
জসিম ফরায়েজি সাংবাদিকতার দায়িত্ব পালনের অংশ হিসেবে ফেনীর বিভিন্ন অপরাধ, সহিংসতা, অস্ত্র প্রদর্শন ও চাঁদাবাজির অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশ করে আসছেন। তিনি বলেন, খালেদ খানের বিরুদ্ধে মহিপালে ছাত্র হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে। এসব বিষয়ে সংবাদ প্রকাশের জেরে ক্ষুব্ধ হয়ে পরিকল্পিতভাবে তাঁর ওপর হামলা চালানো হয়ে থাকতে পারে বলে তিনি ধারণা করছেন।
এই সাংবাদিক নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন। হামলায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তার, ঘটনার সুষ্ঠু তদন্ত এবং অভিযোগে উল্লেখ করা পিস্তল, প্রাইভেট কার ও রশি উদ্ধারের দাবি জানিয়েছেন তিনি। এ ব্যাপারে জসিম ফরায়েজী ফেনী মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন বলে জানা গেছে।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম খালেদ খানকে আটকের বিষয়টি নিশ্চিত করে কালের কণ্ঠকে জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তি মহিপালের ছাত্রহত্যা মামলাসহ একাধিক মামলার আসামি। অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন