প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলতি ডিসেম্বরে দেশে ফিরতে পারবেন কি না—এমন প্রশ্নের জবাবে মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় সহ-গণশিক্ষাবিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন বলেছেন, “শেখ হাসিনা শুধু এই ডিসেম্বরে নয়, আরও অনেক ডিসেম্বর পেরিয়ে গেলেও বাংলাদেশে ফিরতে পারবেন না।”
শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে মাদারীপুর সদর উপজেলার উত্তর কালাগাছিয়া এলাকার এ.সি. নর্থ কালাগাছিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের বিদায় সংবর্ধনা ও প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
খোকন তালুকদার বলেন, শেখ হাসিনা যে অপকর্ম করেছেন এবং যেসব মানুষের প্রাণহানি ঘটেছে, সেসব পরিবারের সদস্য ও দেশের মানুষ তাঁকে আর দেশে ফিরতে দেবে না।
তিনি আরও বলেন, এক শ্রেণির মানুষ শান্তিপূর্ণ বাংলাদেশকে অশান্ত করার চেষ্টা করছে। তাঁর দাবি, দেশের মানুষ তারেক রহমানকে ভালোবেসে বিজয়ী করেছে। তারেক রহমানের হাতেই বাংলাদেশের স্বাধীনতা ও গণতন্ত্র নিরাপদ এবং নির্যাতিত মানুষের অভিভাবক হিসেবে তিনি দেশের মানুষের পাশে রয়েছেন।
শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার আশায় যারা আবারও অরাজকতা সৃষ্টি, বিভিন্ন স্থানে হামলা ও অগ্নিসংযোগ করছে, তাদের পরিণতি ভালো হবে না বলেও মন্তব্য করেন তিনি।
জামায়াতে ইসলামীর নেতাদের প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, জামায়াত বিভিন্নভাবে ক্ষমতায় আসার পরিকল্পনা করেছিল। তবে ২০২৬ সালের নির্বাচনে তাদের সেই পরিকল্পনা ও ক্ষমতায় যাওয়ার স্বপ্ন ব্যর্থ হয়েছে। তাঁর অভিযোগ, নির্বাচনের আগে ক্ষমতায় যাওয়ার লক্ষ্যে জান্নাতের টিকিট বিক্রিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়েছিল দলটি। এ কারণে দেশের মানুষ তাদের ক্ষমতায় যাওয়ার সুযোগ দেয়নি।
বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুরের জেলা প্রশাসক মর্জিনা আক্তার। বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা কামাল হোসেন, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহীদ হোসেন, জয়কলি পাবলিকেশনসের পরিচালক অজয় কৃষ্ণ সরকার, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাসুদ পারভেজ এবং সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক গাউস-উর রহমানসহ অন্যরা।
বিদ্যালয় কর্তৃপক্ষের আয়োজনে দিনব্যাপী এ অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষক-কর্মচারী ও অতিথিরা অংশ নেন। এ সময় বিদ্যালয়ের সাবেক শিক্ষক-কর্মচারীদের অবদান স্মরণ করা হয়। পাশাপাশি প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যে স্মৃতিচারণা ও পারস্পরিক মতবিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন