প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজধানীর কোতোয়ালি থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলার তদন্তের অংশ হিসেবে মো. মনির (২৫) নামক আসামির দুই দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাঈদ এই আদেশ প্রদান করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ এ তথ্য নিশ্চিত করেন এবং জানান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে ছাত্রদলের নেতাকর্মীরা মনিরকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন।
এদিন আদালতে রাষ্ট্রপক্ষ মনিরকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের পক্ষে যুক্তি উপস্থাপন করে। অপরদিকে, আসামিপক্ষ রিমান্ড বাতিলের আবেদন করে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করে।
আদালত সূত্রে জানা যায়, গত ২০ সেপ্টেম্বর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে মনিরকে আটক করা হয়। এরপর তাকে কোতোয়ালি থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এরপর সোমবার মামলার তদন্তকারী কর্মকর্তা ও কোতোয়ালি থানার উপপরিদর্শক ইবনে খালিদ হোসেন মনিরকে আদালতে হাজির করে সাত দিনের পুলিশ রিমান্ডের আবেদন করেন। রিমান্ড আবেদনে তাকে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সক্রিয় কর্মী হিসেবে উল্লেখ করা হয়।
রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়, মামলার এজাহারভুক্ত ও তদন্তে প্রাপ্ত অন্যান্য আসামিরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ এবং তাদের সহযোগী সংগঠনের সমর্থনে একত্রিত হয়ে সরকারবিরোধী মিছিল, জননিরাপত্তা বিঘ্নিত করা এবং দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির চক্রান্তে লিপ্ত ছিল। একই সঙ্গে নিষিদ্ধ সংগঠনের সমর্থনে প্রচার-প্রচারণা চালানো এবং দেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ন করার ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগও করা হয়।
মামলার মূল রহস্য উদ্ঘাটন, পলাতক ও অজ্ঞাতনামা আসামিদের নাম-ঠিকানা শনাক্ত করা এবং অর্থদাতা ও নির্দেশদাতাদের খুঁজে বের করতে মনিরকে নিবিড় জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে বলে রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়।
মামলার অভিযোগ থেকে জানা যায়, গত ২৭ জুলাই ডিএমপির কোতোয়ালি থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি দায়ের করা হয়। ওই মামলায় তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে মনিরকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং রিমান্ডে নেওয়া হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন