প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা, ২৯ নভেম্বর, ২০২৬ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম উল্লেখ করেছেন, সাম্প্রতিক সময়ে সহিংসতা ও বিশৃঙ্খলার কিছু ঘটনা ঘটলেও বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রয়েছে।
তিনি আশ্বস্ত করেন যে, এসব ঘটনা বিদেশি বিনিয়োগ কিংবা অর্থনৈতিক প্রবৃদ্ধির ওপর কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না।
জার্মানি সফর শেষে আজ দেশে ফিরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বর্তমানে বাংলাদেশে কোনো রাজনৈতিক অস্থিতিশীলতা নেই।’
শামা জানান, সফরের সময় জার্মানির সরকারি কর্মকর্তা, বিনিয়োগকারী এবং উন্নয়ন সহযোগীদের মধ্যে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কোনো উদ্বেগ তিনি লক্ষ্য করেননি।
তিনি শ্রমিক অসন্তোষকে বৃহত্তর রাজনৈতিক অস্থিতিশীলতার প্রতিফলন হিসেবে দেখার ধারণা নাকচ করে বলেন, সরকার শ্রমিকদের যৌক্তিক দাবিগুলো দ্রুততার সঙ্গে সমাধান করেছে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী অভিযোগ করেন, সাবেক আওয়ামী লীগ সরকারের সমর্থকেরা শিল্প খাতে অস্থিরতা সৃষ্টির উদ্দেশ্যে শ্রমিকদের অসন্তোষকে কাজে লাগানোর চেষ্টা করেছে।
তিনি বলেন, ‘এটিকে রাজনৈতিক অস্থিতিশীলতা বলা যায় না।’ বাংলাদেশের আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীরাও পরিস্থিতি সম্পর্কে অবগত রয়েছেন বলে তিনি উল্লেখ করেন।
বাংলাদেশের তৈরি পোশাকশিল্পের দীর্ঘমেয়াদি সম্ভাবনা নিয়ে আশাবাদ ব্যক্ত করে শামা বলেন, শ্রমিক ও কারখানার মালিকদের মধ্যে সহযোগিতা এ খাতের অগ্রগতি অব্যাহত রাখা ও আরও শক্তিশালী করতে সহায়তা করবে।
অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ ও অন্যান্য বিশৃঙ্খল কর্মকাণ্ডের সাম্প্রতিক ঘটনাগুলো বিদেশি বিনিয়োগকারীদের নিরুৎসাহিত করবে—এমন আশঙ্কাও নাকচ করেন তিনি।
তিনি বলেন, বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা রয়েছে। সরকার আইনবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে বলেও জানান তিনি।
জার্মানি সফরে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন :
জার্মানি সফরের ফলাফল তুলে ধরে শামা বলেন, দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি সহযোগিতা, শিক্ষা ও দক্ষ জনশক্তির অভিবাসন সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়েছে।
তিনি জানান, বাংলাদেশের তৈরি পোশাক ও বস্ত্রপণ্যের অন্যতম বৃহৎ রপ্তানি গন্তব্য জার্মানি। একই সঙ্গে দুই দেশ দ্বিপক্ষীয় বাণিজ্য বহুমুখীকরণের সম্ভাবনা খতিয়ে দেখছে।
সফরকালে তিনি জার্মানির পররাষ্ট্র ও উন্নয়নবিষয়ক ঊর্ধ্বতন কর্মকর্তা, আইনপ্রণেতা এবং নীতিগত গবেষণা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন।
শামা ওবায়েদ বলেন, অদূর ভবিষ্যতে জার্মানির একটি ব্যবসায়ী প্রতিনিধিদলকে বাংলাদেশ সফরে আনার বিষয়েও আলোচনা হয়েছে।
তিনি বলেন, ‘আমরা আশা করছি, খুব শিগগিরই জার্মানির একটি ব্যবসায়ী প্রতিনিধিদল বাংলাদেশ সফর করবে।’
ভবিষ্যৎ সহযোগিতার সবচেয়ে সম্ভাবনাময় ক্ষেত্রগুলোর একটি হিসেবে কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণের কথা উল্লেখ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
তিনি জানান, দক্ষ জনশক্তি গড়ে তোলা এবং বৈধ অভিবাসনের সুযোগ সম্প্রসারণে বাংলাদেশে কারিগরি প্রশিক্ষণকেন্দ্র স্থাপনে সহায়তা করার বিষয়ে জার্মানি গভীর আগ্রহ প্রকাশ করেছে।
তিনি আরও বলেন, ‘বাংলাদেশে কীভাবে দক্ষ জনশক্তি গড়ে তোলা যায় এবং বৈধ প্রক্রিয়ায় জার্মানিতে অভিবাসনের সুযোগ কীভাবে বাড়ানো যায়, সে বিষয়ে আমাদের অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে।’
শামা শিক্ষাক্ষেত্রে অংশীদারত্ব, বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তি এবং দুই দেশের পররাষ্ট্র দপ্তরের মধ্যে নিয়মিত পরামর্শ আয়োজনের বিষয়েও আলোচনার কথা তুলে ধরেন।
সফরটিকে অত্যন্ত ফলপ্রসূ উল্লেখ করে তিনি বলেন, এসব বৈঠক ও আলোচনার মধ্য দিয়ে বাংলাদেশ-জার্মানি বহুমাত্রিক সম্পর্ক আরও জোরদার হয়েছে।
সবার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখবে বাংলাদেশ :
বৃহত্তর পররাষ্ট্রনীতি প্রসঙ্গে শামা ওবায়েদ বলেন, বাংলাদেশ তার স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ সুরক্ষার পাশাপাশি সব দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখবে।
তিনি বলেন, ‘পাকিস্তান, ভারত, চীন, রাশিয়া, যুক্তরাষ্ট্র, ইউরোপের দেশগুলো এবং সব মুসলিম দেশের সঙ্গে আমরা সম্পর্ক বজায় রাখব।’
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের কৌশলগত ভৌগোলিক অবস্থান ও মানবসম্পদ আন্তর্জাতিক অংশীদারত্ব জোরদারের সুযোগ তৈরি করেছে।
তিনি বলেন, আমাদের সবচেয়ে বড় শক্তি আমাদের জনগণ। আমাদের শক্তি নিহিত রয়েছে আমাদের শিক্ষার্থী, তরুণ জনগোষ্ঠী ও নারীদের মধ্যে।
সরকারের ‘বাংলাদেশ ফার্স্ট’ পররাষ্ট্রনীতির প্রসঙ্গ উল্লেখ করে শামা বলেন, জাতীয় মর্যাদার সঙ্গে আপস না করে বাংলাদেশ সব দেশের সঙ্গে গঠনমূলক সম্পর্ক বজায় রাখবে।
তিনি আরও বলেন, আমরা সবার সঙ্গে কাজ করতে চাই। তবে নিজেদের আত্মমর্যাদা, মর্যাদা বা জাতীয় সম্মান বিসর্জন দিয়ে নয়।
১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় সংঘটিত নৃশংসতার জন্য পাকিস্তানের দায় স্বীকারের বিষয়ে জানতে চাইলে শামা ওবায়েদ বলেন, বাংলাদেশ পাকিস্তানের কাছ থেকে তাদের কর্মকাণ্ডের জন্য অনুশোচনা প্রকাশের প্রত্যাশা করে।
তিনি আরও বলেন, ১৯৭১ সালে যা ঘটেছিল, তার জন্য পাকিস্তান অনুতপ্ত হবে-আমরা অবশ্যই আশা করি।
মুক্তিযুদ্ধের মর্যাদা ও চেতনা সমুন্নত রেখে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে যেতে হবে বলেও তিনি উল্লেখ করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন