প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কুমিল্লার দাউদকান্দিতে হাতকড়া পরানো অবস্থায় আটক এক শ্রমিক লীগ নেতাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে ছাত্রদল কর্মী হেলাল শিকারীর বিরুদ্ধে। জানা গেছে, অভিযুক্ত হেলাল শিকারী দৌলতপুর ইউনিয়ন ছাত্রদলের একজন সক্রিয় কর্মী।
বুধবার সকাল সাড়ে ৯টায় দৌলতপুরে এই ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দাউদকান্দি থানার উপপরিদর্শক (এসআই) কমলের নেতৃত্বে পুলিশের একটি দল শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মামুন শিকারীকে আটক করে। আটক হওয়ার পর ছাত্রদল কর্মী হেলাল শিকারী মামুনকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। এক পর্যায়ে তিনি মামুন শিকারীকে নিয়ে পুলিশের কাছ থেকে প্রায় ১০ গজ দূরে চলে যান। পরে পুলিশ ধাওয়া করে মামুন শিকারীকে পুনরায় আটক করে থানায় নিয়ে যায়।
দৌলতপুর ইউনিয়ন ছাত্রদলের কর্মী হেলাল শিকারী বলেন, “আটকের পর নিয়ে যাওয়ার সময় ধস্তাধস্তি হয়েছিল। ভুল বোঝাবুঝি থেকে এমন হয়েছে। আমি ছাত্রদলের কর্মী, এখনো কোনো পদ পাইনি।”
এ বিষয়ে দাউদকান্দি থানার এসআই কমল মন্তব্য করতে চাননি। তিনি বিস্তারিত জানার জন্য থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে কথা বলার পরামর্শ দিয়েছেন।
দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম পলাশ বলেন, “আটকের পর ছাত্রদল কর্মী হেলাল শিকারী মামুন শিকারীকে প্রায় ১০ কদম দূরে নিয়ে গিয়েছিলেন। পরে পুলিশ তাকে আবার আটক করে থানায় নিয়ে আসে। শ্রমিক লীগ নেতা মামুন শিকারী বর্তমানে থানা হেফাজতে রয়েছেন।”
এ বিষয়ে কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের আহ্বায়ক আসিফ কবির বলেন, তিনি এমন একটি অভিযোগ শুনেছেন। বিষয়টি জেনে বিস্তারিত পরে জানাবেন।
এমই
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন