প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ১৩ বছর বয়সী এক কিশোরীকে গৃহকর্মী হিসেবে নিয়ে গিয়ে আটকে রেখে নির্যাতন ও যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে দূরসম্পর্কের আত্মীয়দের বিরুদ্ধে। অভিযোগের পর স্থানীয়ভাবে সালিশ বসিয়ে ৫০ হাজার টাকায় বিষয়টি মীমাংসার চেষ্টা করা হলেও কিশোরীর পরিবারের হাতে মাত্র ৬ হাজার টাকা দেওয়ার অভিযোগ উঠেছে। বাকি ৪৪ হাজার টাকা কোথায় গেল—এ নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
কিশোরীর অভিযোগ, গৃহকর্মী হিসেবে নিয়ে যাওয়ার পর তাকে ভয়ভীতি দেখানো ও শারীরিকভাবে নির্যাতন করা হতো। একপর্যায়ে সেখান থেকে পালিয়ে নিজ বাড়িতে চলে আসে সে। পরে তাকে আবারও জোর করে নিয়ে গিয়ে আটকে রেখে নির্যাতন করা হয় বলেও অভিযোগ করেছে কিশোরী।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিষয়টি নিয়ে গত শুক্রবার (২ অক্টোবর) স্থানীয়ভাবে সালিশ বসে। সালিশে ৫০ হাজার টাকায় বিষয়টি মীমাংসার চেষ্টা করা হলেও কিশোরীর পরিবারের হাতে ৬ হাজার টাকা দেওয়া হয়েছে বলে অভিযোগ। ফলে বাকি ৪৪ হাজার টাকা নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
এ বিষয়ে ধরমণ্ডল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাফিকুল ইসলাম বলেন, “এ ধরনের ঘটনা সালিশে মীমাংসার সুযোগ নেই। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া প্রয়োজন।”
নাসিরনগর থানার ওসি মো. শাহীনুল ইসলাম বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কিশোরীর সঙ্গে কথা বলেছে। তবে কিশোরীর পরিবার মামলা করতে রাজি হয়নি।
এদিকে স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত, কিশোরীর নিরাপত্তা নিশ্চিত করা এবং অভিযোগের সত্যতা পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন