প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
দিনাজপুর, ২৭ নভেম্বর ২০২৬ : চাকরির জন্য দুই বছর চেষ্টা করেও কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারেননি তরুণ মো. রফিকুল ইসলাম (২২)। অবশেষে বাবার কৃষিকাজের অভিজ্ঞতা কাজে লাগিয়ে তিনি উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশ করেন।
দিনাজপুরের খানসামা উপজেলায় মাত্র ৩৩ শতাংশ জমিতে নিরাপদ পদ্ধতিতে সবজি চাষ শুরু করেন তিনি। গত এক বছরে জৈব পদ্ধতিতে সবজি উৎপাদন করে খরচ বাদে প্রায় এক লাখ ২০ হাজার টাকা আয় করেছেন।
রফিকুলের সাফল্য দেখে এলাকার অন্যান্য তরুণ-যুবকদের মধ্যে কৃষি উদ্যোক্তা হওয়ার আগ্রহ সৃষ্টি হচ্ছে। গত বৃহস্পতিবার সরেজমিনে আলোকঝাড়ী গ্রামে গিয়ে রফিকুলের সঙ্গে কথা হয়। তিনি ওই গ্রামের কৃষক মো. রিয়াজুল ইসলামের ছেলে।
কৃষিকাজের মাধ্যমে বাবার উপার্জনে উচ্চমাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করেছেন রফিকুল। গত দুই বছরে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে চাকরির জন্য আবেদন করেও কোথাও সাড়া পাননি।
পরে কৃষকের সন্তান হিসেবে সফল কৃষি উদ্যোক্তা হওয়ার লক্ষ্য নিয়ে চলতি বছর কৃষিকাজে মনোনিবেশ করেন। রফিকুল পরিবারের মধ্যে তিনিই সবার বড়।
রফিকুল জানান, কৃষিতে ভালো কিছু করার প্রত্যয়ে কাজ শুরু করলে প্রথম ধাপে পার্টনার প্রকল্পের আওতায় প্রশিক্ষণ ও প্রযুক্তিগত সহায়তা পান। এরপর জৈব পদ্ধতিতে ঢেঁড়স, দেশি পটোল, লাউ ও চিচিঙ্গা চাষ শুরু করেন। এসব সবজি উৎপাদনে বায়োপেস্টিসাইড, ফেরোমন ট্র্যাপ ও আঠালো ফাঁদসহ পরিবেশবান্ধব পদ্ধতি ব্যবহার করছেন। তার উৎপাদিত সবজি স্থানীয় বাজারে ক্রেতাদের কাছে ভালো সাড়া ফেলেছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আওতায় বাস্তবায়নাধীন ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ’ (পার্টনার) প্রকল্পের সহায়তায় রফিকুলের মতো আরও কয়েকজন তরুণ ও যুবক নিরাপদ সবজি চাষে যুক্ত হয়েছেন।
তাদের নিয়ে গঠিত ২৫ সদস্যের কৃষক দলের সদস্যদের উত্তম কৃষিচর্চা (জিএপি) বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। চলতি অর্থবছরের রবি ও শীতকালীন মৌসুম থেকে প্রকল্পের আওতায় বায়োপেস্টিসাইড, ফেরোমন ট্র্যাপ ও আঠালো ফাঁদের ব্যবহার প্রদর্শনমূলকভাবে শুরু হয়েছে।
প্রকল্পের সহায়তায় রফিকুল তার ৩৩ শতাংশ জমিতে জৈব পদ্ধতিতে চিচিঙ্গা, ঢেঁড়স, দেশি পটোল ও লাউ চাষ করছেন। গত এক বছরে এসব সবজি বিক্রি করে উৎপাদন খরচ বাদে প্রায় এক লাখ ২০ হাজার টাকা আয় করেছেন তিনি।
রফিকুল বলেন, "পার্টনার প্রকল্পের প্রশিক্ষণ ও কৃষি কর্মকর্তাদের নিয়মিত পরামর্শে আমার সবজি ক্ষেতে ভালো ফলন পেয়েছি। এখন অনেকেই আমার চাষাবাদ দেখে বিষমুক্ত সবজি উৎপাদনে আগ্রহী হচ্ছেন। এলাকার অনেক বেকার তরুণ-যুবকের মধ্যেও এ বিষয়ে আগ্রহ তৈরি হয়েছে।"
রফিকুলের সাফল্যে অনুপ্রাণিত হয়ে পাশের গ্রামের দুই যুবক মো. খাদেমুল ও সামসুল ইসলাম তার সবজি ক্ষেত দেখতে আসেন। তারা জানান, "রফিকুলের উদ্যোগ ও সফলতা দেখে নিজেরাও এভাবে সবজি চাষ করার সিদ্ধান্ত নিয়েছেন। এ বিষয়ে রফিকুল ও স্থানীয় কৃষি বিভাগের সহযোগিতা নেবেন তারা।"
রফিকুলের বাবা রিয়াজুল ইসলাম বলেন, "ছেলের সবজি চাষে আমি শ্রম দিয়ে সহযোগিতা করি। এখন এলাকার অনেকেই জানেন, রফিকুল নিরাপদ পদ্ধতিতে সবজি চাষ করে।"
খানসামা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মিজ ইয়াসমিন আক্তার বাসসকে বলেন, "পরিবেশবান্ধব ও স্বাস্থ্যসম্মত কৃষিপদ্ধতি উপজেলায় ছড়িয়ে দিতে তারা কাজ করছেন।"
পার্টনার প্রকল্পের সহায়তায় তরুণ ও যুবক কৃষকেরা নিরাপদ সবজি উৎপাদনে আগ্রহী হয়ে উঠছেন। তিনি বলেন, "তরুণ কৃষক রফিকুল ইসলাম নিরাপদ সবজি চাষের এ উদ্যোগে অগ্রণী ভূমিকা রাখছেন। তার সাফল্য দেখে এলাকার অনেক বেকার যুবক আধুনিক কৃষি ও নিরাপদ সবজি উৎপাদনসহ বিভিন্ন কৃষিকাজে আগ্রহী হচ্ছেন।"
দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আফজাল হোসেন বাসসকে জানান, সম্প্রতি তিনি খানসামা উপজেলায় রফিকুল ইসলামের সবজি ক্ষেত পরিদর্শন করেছেন। তার উদ্যোগ দেখে এলাকার অনেকেই নিরাপদ সবজি চাষে আগ্রহী হয়ে উঠছেন।
জেলার সর্বত্র কৃষকদের এ ধরনের ফসল উৎপাদনে কৃষি বিভাগের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হচ্ছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন