প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
আগামী ২৮ সেপ্টেম্বর নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন। এ উপলক্ষে বরিশাল মহানগর এলাকায় আত্মগোপনে থাকা আওয়ামী লীগের কিছু নেতাকর্মী মিছিল ও শোডাউনের প্রস্তুতি নিচ্ছেন—এমন তথ্য পেয়েছে তালাশ বিডি।
তালাশ বিডির একটি নির্ভরযোগ্য সূত্রের দাবি, সংশ্লিষ্ট কয়েকজন বর্তমানে আত্মগোপনে থাকলেও বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আওয়ামী লীগের পক্ষে সক্রিয় থাকার তথ্য পাওয়া গেছে। তাদের কয়েকজন অতীতেও দলীয় বিভিন্ন কর্মসূচিতে রাজপথে সক্রিয় ছিলেন বলে জানা গেছে।
তথ্য-উপাত্ত অনুযায়ী, ২৮ সেপ্টেম্বরের আগে কোনো এক ভোরে বরিশাল মহানগরের একটি অজ্ঞাত স্থান থেকে মিছিল বা শোডাউন বের করার প্রস্তুতি নেওয়া হতে পারে। সম্ভাব্য কর্মসূচির নেতৃত্বে কারা থাকবেন, কোথা থেকে এটি শুরু হবে এবং এর অর্থায়নের সঙ্গে কারা যুক্ত—এসব বিষয় নিয়েও তথ্য সংগ্রহ করেছে তালাশ বিডি।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চলমান অভিযান ও অনুসন্ধানের স্বার্থে এই প্রতিবেদনে সংশ্লিষ্ট কারও নাম কিংবা সম্ভাব্য অর্থদাতার পরিচয় প্রকাশ করছে না তালাশ বিডি। বিষয়টি নিয়ে আরও তথ্য যাচাই ও অনুসন্ধান চলছে। প্রয়োজনীয় যাচাই শেষে পরবর্তী প্রতিবেদনে সংশ্লিষ্ট ব্যক্তি, অর্থের উৎস এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরা হবে।
একসময় আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় থাকা সাবেক এক ছাত্রলীগ নেতা বলেন, বিরোধী দলে থাকার সময় রাজপথের আন্দোলন-সংগ্রামে সামনের সারিতে ছিলেন তারা। তবে সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা শওকত হোসেন হিরনের মৃত্যুর পর বরিশালের দলীয় রাজনীতিতে বড় ধরনের পরিবর্তন আসে বলে মনে করেন তিনি।
তার ভাষ্য, হিরনের মৃত্যুর পর অনেকের মধ্যে ধারণা তৈরি হয় যে বরিশালের আওয়ামী লীগ একটি পরিবারের নিয়ন্ত্রণে চলে গেছে। পুরোনো ও ত্যাগী অনেক নেতাকর্মী বিষয়টি মেনে নিতে পারেননি। সেই অভিমান ও হতাশা থেকে অনেকে ধীরে ধীরে দলীয় রাজনীতি থেকে সরে দাঁড়ান।
তার দাবি, এসব সাবেক নেতাকর্মীর অনেকে পরবর্তীতে জীবন-জীবিকার প্রয়োজনে ব্যবসা, চাকরি কিংবা অন্যান্য পেশায় যুক্ত হয়েছেন। ফলে অতীতে আওয়ামী লীগ বা ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত ছিলেন—এমন পরিচয়ের ভিত্তিতে বর্তমানে রাজনীতিতে সক্রিয় নন এমন ব্যক্তিদেরও একইভাবে বিবেচনা করা উচিত নয়।
সাবেক ওই নেতা বলেন, “আমাদের অনেকের এখন কোনো পদ-পদবি নেই, দীর্ঘদিন দলীয় কর্মকাণ্ডেও নেই। শুধু অতীতের রাজনৈতিক পরিচয়ের কারণে হয়রানি হওয়া কাম্য নয়।
তার মতে, বর্তমানে যারা মিছিল, সংঘাত, নাশকতা বা অন্য কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে জড়িত থাকার চেষ্টা করছেন, তাদের বর্তমান কর্মকাণ্ডের ভিত্তিতেই চিহ্নিত করা প্রয়োজন। একই সঙ্গে দীর্ঘদিন ধরে রাজনীতি থেকে দূরে থাকা ব্যক্তিদের ক্ষেত্রেও বর্তমান অবস্থান ও কর্মকাণ্ড বিবেচনায় নেওয়া উচিত।
নাশকতামূলক কোনো কর্মসূচির প্রভাব সাধারণ মানুষের ওপরও পড়তে পারে বলে মনে করেন তিনি। তার বক্তব্য, “একটি মিছিল বা বিস্ফোরণের ঘটনায় পুরো শহরের স্বাভাবিক পরিবেশ বদলে যেতে পারে। এতে প্রকৃত অপরাধীর পাশাপাশি নিরীহ মানুষও সন্দেহের মধ্যে পড়তে পারেন।
বিদেশে অবস্থানরত কারও কাছ থেকে অর্থ বা নির্দেশনা নিয়ে দেশে অস্থিরতা তৈরির চেষ্টা করা হলে এর পরিণতি নিয়েও সংশ্লিষ্টদের ভাবা উচিত বলে মন্তব্য করেন তিনি। তার ভাষায়, “এ ধরনের কর্মকাণ্ডে জড়ানোর আগে সাধারণ মানুষ ও নিজেদের পরিবারের সম্ভাব্য ক্ষতির কথা বিবেচনা করা দরকার।
দীর্ঘদিন ধরে দলীয় কর্মকাণ্ডের বাইরে থাকা সাবেক নেতাকর্মীদের বিষয়ে বর্তমান অবস্থান বিবেচনার আহ্বান জানিয়ে তার বক্তব্য, “যারা প্রকৃতভাবে নাশকতায় জড়িত, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হোক। তবে দীর্ঘদিন রাজনীতি থেকে দূরে থাকা নিরীহ মানুষ যেন অতীতের পরিচয়ের কারণে হয়রানির শিকার না হন।
সম্ভাব্য কর্মসূচি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বরিশাল মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) সুশান্ত সরকার, পিপিএম (বার) বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ডিবি পুলিশ ও থানা পুলিশের সদস্যরা দিন-রাত মাঠে কাজ করছেন। পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা পুলিশের সদস্যরাও বিভিন্ন এলাকায় নজরদারি ও তথ্য সংগ্রহে দায়িত্ব পালন করছেন।
তিনি বলেন, কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে ছাড় দেওয়া হবে না। অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে যেকোনো কর্মকাণ্ডের সম্ভাব্য পরিণতি বিবেচনা করে সবাইকে দায়িত্বশীল থাকার আহ্বান জানান তিনি।
সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলেও জানান উপ-পুলিশ কমিশনার।
তালাশ বিডির অনুসন্ধানে পাওয়া তথ্যের বিষয়ে যাচাই প্রক্রিয়া অব্যাহত রয়েছে। কোনো ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে চূড়ান্ত অভিযোগ প্রতিষ্ঠার আগে সংশ্লিষ্টদের বক্তব্য, তথ্য-উপাত্ত ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নথিভুক্ত তথ্য যাচাই করে পরবর্তী প্রতিবেদন প্রকাশ করা হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন