প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা, ২৮ জুন, ২০২৬ : পাকিস্তানের করাচিতে সন্ত্রাসী হামলার ফলে নিহত হয়েছেন তিনজন রেঞ্জার্স সদস্য।
শনিবার সন্ধ্যায় ঘটে যাওয়া বিস্ফোরণ ও তীব্র গোলাগুলির এ ঘটনা সম্পর্কে দেশটির সেনাবাহিনী জানিয়েছে।
রোববার পাকিস্তান সশস্ত্র বাহিনীর একটি বিবৃতিতে জানানো হয়েছে, বন্দরনগরী করাচির একটি রেঞ্জার্স ক্যাম্পে চালানো এ ‘কাপুরুষোচিত’ হামলার জন্য জঙ্গিগোষ্ঠী জামাত-উল-আহরার দায়ী।
বিবৃতিতে বলা হয়, হামলাকারীরা ক্যাম্পের প্রধান ফটকে বিস্ফোরণ ঘটিয়ে নিরাপত্তাবেষ্টনী ভেঙে ভেতরে ঢুকার চেষ্টা করে। যাহোক, রেঞ্জার্স সদস্যদের সতর্কতা এবং দৃঢ় প্রতিরোধের কারণে তাদের পরিকল্পনা ব্যর্থ হয়। এতে তিন হামলাকারী নিহত এবং একজন আহত হন।
সেনাবাহিনী জানায়, হামলায় তিনজন রেঞ্জার্স সদস্য নিহত হয়েছেন এবং আরও চারজন আহত হয়েছেন।
জামাত-উল-আহরারকে প্রায়ই তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)-এর সাথে সম্পর্কিত একটি জঙ্গিগোষ্ঠী হিসেবে উল্লেখ করা হয়ে থাকে। সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানে হামলার ঘটনা বৃদ্ধি পেয়েছে, যার অনেকগুলোর দায় টিটিপি ও তাদের সহযোগী গোষ্ঠীগুলো স্বীকার করেছে।
২০২১ সালে আফগান তালেবান পুনরায় ক্ষমতায় ফেরার পর থেকে ইসলামাবাদ অভিযোগ করে আসছে যে আফগানিস্তান জঙ্গিদের নিরাপদ আশ্রয় দিচ্ছে। তবে কাবুল এই অভিযোগ বারবার অস্বীকার করেছে।
পাকিস্তান সশস্ত্র বাহিনীর বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, বিদেশি পৃষ্ঠপোষকতা ও সমর্থনপুষ্ট সন্ত্রাসবাদের হুমকি নির্মূলের জন্য অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে এ হামলার জবাব দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
শনিবার রাতে করাচিতে অনুষ্ঠানের প্রতিবেদনের সময় এএফপির সাংবাদিকরা ভারী গোলাগুলির শব্দ শুনতে পান। এই সময় নিরাপত্তা বাহিনী সিন্ধু প্রদেশের রাজধানী করাচির মোসামিয়াত চৌরঙ্গি এলাকার আশপাশের সড়কগুলো ঘিরে ফেলে।
গোলাবারুদে সজ্জিত আধাসামরিক বাহিনী সদস্যদের বিভিন্ন সড়কে টহল দিতে দেখা যায়। তাদের মধ্যে কেউ কেউ পিকআপ ট্রাকে করে টহল দিচ্ছেন।
সিন্ধুর মুখ্যমন্ত্রী সৈয়দ মুরাদ আলী শাহ এ ঘটনার বিস্তারিত প্রতিবেদন তলব করেছেন।
পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং আহত সদস্যদের দ্রুত সুস্থতা কামনা করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন