প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নওগাঁর একটি বেসরকারি ক্লিনিকে সিজারিয়ান অপারেশনের পর যমজ সন্তানের মধ্যে একটি চুরির অভিযোগের ঘটনায় নতুন তথ্য সামনে এসেছে। জেলা সিভিল সার্জনের গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে দেখা গেছে যে, প্রসূতির গর্ভে যমজ সন্তান থাকার দাবির পক্ষে কোনো নির্ভরযোগ্য আল্ট্রাসনোগ্রাফিক প্রমাণ মেলেনি। বরং তদন্তে প্রমাণিত হয়েছে যে গর্ভে একটি সন্তানই ছিল। ফলে একটি নবজাতক চুরির পুরো অভিযোগের ভিত্তি নিয়েই নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে।
ঘটনার পর দেশজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হলে জেলা সিভিল সার্জনের পক্ষ থেকে নওগাঁ মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক (রেডিওলজি অ্যান্ড ইমেজিং) ডা. মো. শরীফ চৌধুরীকে প্রধান করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটি সংশ্লিষ্ট চিকিৎসক, অপারেশন টিমের সদস্য, রোগীর স্বজন ও আল্ট্রাসনোলজিস্টদের বক্তব্য এবং বিভিন্ন আল্ট্রাসনোগ্রাম রিপোর্ট ও সংযুক্ত ছবি গভীরভাবে পর্যালোচনা করে। গত ১৪ নভেম্বর সিভিল সার্জনের কাছে এই তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়।
তদন্ত প্রতিবেদনে বলা হয়, অপারেশনের আগে রোগী ও তার স্বজনদের যথাযথ কাউন্সেলিং করা উচিত ছিল, যা অপারেশনকারী সার্জন ও সংশ্লিষ্ট টিমের পক্ষ থেকে করা হয়নি। বিশেষ করে আল্ট্রাসনোগ্রামের একাধিক রিপোর্টে ভিন্ন ভিন্ন তথ্য থাকায় বিষয়টি আরও সতর্কতার সঙ্গে ব্যাখ্যা করা প্রয়োজন ছিল। যেখানে একটি রিপোর্টে গর্ভে একক সন্তান এবং অন্য দুটি রিপোর্টে যমজ সন্তানের কথা বলা হয়েছিল, তা নিয়ে স্বজনদের কোনো পরিষ্কার ধারণা দেওয়া হয়নি।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, আল্ট্রাসনোগ্রাফি শতভাগ নিশ্চিত কোনো পরীক্ষা নয়। গর্ভকাল বাড়ার সঙ্গে সঙ্গে একক নাকি একাধিক সন্তান রয়েছে, তা নির্ণয়ে ত্রুটি হওয়া স্বাভাবিক। ২১ অক্টোবরের একটি আল্ট্রাসনোগ্রাম রিপোর্টে যমজ সন্তানের কথা উল্লেখ করে একটির ওজন ২ কেজি ৩৩১ গ্রাম এবং অপরটির ওজন ২ কেজি ৪৮৬ গ্রাম দেখানো হয়েছিল। অথচ প্রসবের পর জন্ম নেওয়া নবজাতকের ওজন পাওয়া যায় ৩ কেজি ৭০০ গ্রাম, যা একক শিশুর ক্ষেত্রে স্বাভাবিক। তাছাড়া, আল্ট্রাসনোগ্রাম রিপোর্ট প্রদান রেজিস্টারেও যমজ সন্তানের কোনো তথ্য ছিল না।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, সরবরাহ করা আল্ট্রাসনোগ্রাম রিপোর্টের সঙ্গে সংযুক্ত ছবিগুলোতে একই সঙ্গে দুটি শিশুর মাথা, হৃৎপিণ্ড বা পেটের উপস্থিতির কোনো প্রমাণ পাওয়া যায়নি। স্থানীয় অভিজ্ঞ বিশেষজ্ঞ আল্ট্রাসনোলজিস্ট ও রেডিওলজিস্ট ডা. এ.এস. রেজাউল মাহমুদও তদন্ত কমিটির এই মতের সঙ্গে একমত পোষণ করেছেন।
উল্লেখ্য, গত ৫ নভেম্বর নওগাঁর বদলগাছী উপজেলার শ্রীরামপুর গ্রামের শহিদুলের মেয়ে সান্ত্বনা আক্তারকে সন্তান প্রসবের জন্য শহরের বেসরকারি বলাকা ক্লিনিকে ভর্তি করা হয়। বিকেলে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে একটি মেয়ে নবজাতকের জন্ম হয়। তবে আগের আল্ট্রাসনোগ্রাম রিপোর্টে যমজ সন্তানের কথা থাকায় স্বজনরা দাবি করেন, তাদের একটি ছেলে ও একটি মেয়ে হওয়ার কথা জানানো হয়েছিল। কিন্তু তাদের হাতে কেবল একটি মেয়ে শিশু তুলে দেওয়া হয়।
এ নিয়ে ক্ষোভের মুখে নবজাতকের বাবা শান্ত ইসলাম থানায় মামলা করেন। মামলায় বলাকা ক্লিনিকের মালিক এনামুল হক, অ্যানেসথেসিওলজিস্ট ডা. মো. ইসকেন্দার হোসেন ও সার্জন ডা. মাহফুজা খাতুনসহ আটজনকে আসামি করা হয়।
এদিকে, গত ১২ নভেম্বর বগুড়ার আদমদীঘি থেকে ৭-৮ দিনের এক ছেলে নবজাতকসহ মলিনা (৪০) নামে এক নারীকে আটক করে পুলিশ। ওই নারী শিশুটিকে দত্তক নেওয়ার দাবি করলেও এটি বলাকা ক্লিনিকের নিখোঁজ শিশু কিনা, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে।
বগুড়ার আলবারাকা জেনারেল হাসপাতালের পরিচালক মো. বিপুল জানান, ৫ নভেম্বর তার প্রতিষ্ঠানে একটি ছেলে শিশু জন্ম নেয়, তবে দত্তক দেওয়ার বিষয়ে তিনি কিছু জানেন না।
বলাকা ক্লিনিকের মালিক এনামুল হক দাবি করেন, তাদের ক্লিনিকে অপারেশন থিয়েটার ভাড়া দেওয়া হয়েছিল এবং একটিমাত্র শিশুই জন্ম নেয়। তার সুনাম ক্ষুণ্ন করতেই একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে মিথ্যা গুজব ছড়াচ্ছে।
নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, বগুড়া থেকে উদ্ধার হওয়া নবজাতকটি নিখোঁজ শিশু কি না, তা এখনো নিশ্চিত নয়। পরিচয় নিশ্চিত করতে আদালতে ডিএনএ পরীক্ষার আবেদন করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন