প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম শেখের একক চিত্র প্রদর্শনী ‘মুক্তির সংগ্রামে অনুভবের বৈভব’ শুরু হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ওসমান জামাল মিলনায়তনে একটি অনুষ্ঠানের মাধ্যমে এই প্রদর্শনীর উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম। প্রাচ্যকলা বিভাগের অনারারি অধ্যাপক ড. আব্দুস সাত্তারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক রেজা আসাদ আল হুদা অনুপম। চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে আগামী ৭ অক্টোবর পর্যন্ত প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য এই প্রদর্শনী উন্মুক্ত থাকবে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. আবদুস সালাম বলেন, "অধ্যাপক আজহারুল ইসলাম শেখ একজন বহুমাত্রিক প্রতিভার অধিকারী শিল্পী ও শিক্ষক।" তিনি উল্লেখ করেন, সিরামিক শিল্পসহ বিভিন্ন মাধ্যমে দীর্ঘদিন ধরে শিল্পচর্চা করে আসছেন। চিত্রকলা ও সিরামিকের পাশাপাশি সংগীত ও অভিনয়েও তার প্রতিভার ছাপ রয়েছে। তার শিল্পকর্ম দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিল্প ও সংস্কৃতির পরিচয় তুলে ধরছে।
গুণী শিল্পীদের সৃজনশীল চর্চাকে আরো বিস্তৃত করার ওপর জোর দিয়ে তিনি বলেন, "এ ধরনের সৃজনশীল কর্মকাণ্ডকে এগিয়ে নিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে।" চারুকলা অনুষদের শিক্ষক-শিক্ষার্থীদের শিল্পকর্মে বাংলাদেশের প্রকৃতি, মানুষ ও জীবনযাত্রার নানা দিক অত্যন্ত নান্দনিকভাবে ফুটে ওঠে, যা দেশীয় সংস্কৃতিকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরছে।
আয়োজকরা জানান, প্রদর্শনীতে অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম শেখের বিভিন্ন সময়ের সৃজনশীল শিল্পকর্ম স্থান পেয়েছে। চিত্রকর্মের মাধ্যমে মুক্তির সংগ্রাম, মানুষের অনুভূতি, জীবন, প্রকৃতি ও সমকালীন বাস্তবতার নানা দিক শিল্পীর নিজস্ব নান্দনিক ভাষায় তুলে ধরা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, প্রক্টর, প্রভোস্ট, চারুকলা অনুষদের শিক্ষক, শিক্ষার্থী, শিল্পী ও গবেষকরা উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন